post
বাংলাদেশ

জনগনের মাঝে ভীতি ছড়াতে রেল লাইন কাটে যুবদল ছাত্রদল নেতারা, ছিল হাই কমান্ডের নির্দেশনা: দাবী সিটিটিসির

রেললাইনে নাশকতার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট -সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে  আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিটিটিসি। সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে দাবী করেন,যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে রেললাইন কাটে ছাত্রদলের নেতারা। রেলের লাইন কেটে নাশকতার ঘটনার হোতা কবিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।  এঘটনায় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির ও লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।  সিটিটিসি জানায়,  দলীয় উচ্চ পর্যায়ের নির্দেশনা একাজ গুলো করা হয়েছে জনগনের মাঝে ভয় সৃষ্টির জন্য।  নাশকতাকারীরা রেললাইন কাটার পর তাদেরকে মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় দলীয় পর্যায় থেকে। এমনটাও জানানো হয় সংবাদ ব্রিফিং এ। সিটিটিসি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাজধানীতে গাড়িতে ভাংঙচুর, আগুন দেওয়া ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সাধারণ মানুষ রেলকে নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু ট্রেনে চলাচল করা মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে ও রেল চলাচল বিঘ্ন করতে নাশকতার পরিকল্পনা করে ছাত্রদল-যুবদল। পাশাপাশি নাশকতার মাধ্যমে রেলে ব্যাপক প্রাণহানি ঘটানোর উদ্দেশ্য ছিল।

post
বাংলাদেশ

ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয় : মন্ত্রণালয়

৩৩৬ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প’ শিরোনামে সম্প্রতি একটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া এমন একটি তথ্য আরও বিভিন্ন উপায়ে অনলাইনে ছড়িয়ে পড়ে।ভূমি মন্ত্রণালয় বলছে, জরিপ প্রকল্প বাতিলের এ তথ্য সঠিক নয়, এটি একটি গুজব। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত তথ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে দক্ষভাবে জরিপ পরিচালনা করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ প্রোগ্রাম মূলত দুইটি প্রকল্পের মাধ্যমে সম্পাদন করা হচ্ছিল। এর একটি হচ্ছে 'ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (সিডিপি প্রকল্প) এবং অপরটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প (ইডিএলএমএস প্রকল্প)।

post
বাংলাদেশ

এমপি বাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ অনুসন্ধান কমিটির

কুমিল্লায় একাত্তর টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি। এর আগে, এমপি বাহার ক্রমাগত আচরণ বিধি ভঙ্গ করায় তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি।সোমবার ইসিতে এ তদন্ত প্রতিবেদন পাঠান অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল। প্রতিবেদনে তদন্ত কমিটি জানায়, গত ১৮ ডিসেম্বর কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বলেন, যদি কোনো বিএনপি ও জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত ও ঠ্যাং ভেঙ্গে দেবেন। পরে ‘আমি আ.ক.ম বাহাউদ্দিন আপনাদের সাথে আছি’— মর্মে উসকানিমূলক নির্দেশনা সম্বলিত বক্তব্য নিয়ে একাত্তর টেলিভিশনে ভিডিও ফুটেজসহ সংবাদ প্রচারিত হলে তা অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়।

post
বাংলাদেশ

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভোট বন্ধ : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, লোক দেখানো পাতানো নির্বাচন হবে এমন আশঙ্কা করা অমূলক। নির্বাচন কমিশন এরকম কাজ করেনি। আপনারা গাইবান্ধার নির্বাচন ভুলে যাননি, প্রয়োজনে অনেক জায়গা গাইবান্ধা হবে । সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতেই হবে। এর কোনো বিকল্প নাই।রোববার দুপুরে সুনামগঞ্জের হাছনরাজা মিলনায়তন বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।  তিনি বলেন, আমরা এবার সতর্ক করে দিয়েছি, যদি কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড না হয় ভোট বন্ধ হয়ে যাবে।  সেখানে ভোটের কার্যক্রম চলবে না। যখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারবো তখন আবার ভোট নিব। কোনো হেভিওয়েট, লাইটওয়েট প্রার্থী নেই। আমাদের কাছে সব প্রার্থী সমান। সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা করার সময় হাতেনাতে ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান। আটককৃতরা হলেন জয়নাল, হাবিবুর ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। এসআই মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল থেকে রেললাইনে পাহারা দিচ্ছিলাম। এর মধ্যে দেখতে পাই ৩ তরুণ হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা গিয়ে তাদের হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

post
বাংলাদেশ

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সিদ্ধান্ত হলে তখন দেখা যাবে।রোববার দুপুরে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মো. আলমগীর বলেন, প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করেন রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা কিংবা মামলাও করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কার প্রার্থিতা বাতিল করব, কার প্রার্থিতা বাতিল করব না, সেটি অগ্রিম বলা যাবে না। রিপোর্ট আসার পর দেখতে হবে, সেখানে কী আছে। রিপোর্ট হাতে এলে তখন আমরা বসব, আলোচনা করে দেখব এবং নিয়ম অনুযায়ী তাকেও আমাদের শুনতে হবে। তাকে বলতে হবে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই বিষয়ে আপনার বক্তব্য কী। তারপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

post
বাংলাদেশ

রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল বিএনপির

রাতের আঁধারে তৃণমূল বিএনপি প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা এবং বিভিন্ন আসনে পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ।রোববার পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সালাম মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৩৭টি আসনে লড়ছে তৃণমূল বিএনপি। একজন প্রার্থী এখনো আপিলে আছেন, রায়ে জিতলে প্রার্থীর সংখ্যা ১৩৮ জনে দাঁড়াবে। আমরা সরকারের সঙ্গে কোনো প্রকার সমঝোতায় না গিয়ে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করছি। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল বিএনপি মূল বিরোধী হিসেবে কাজ করছে। ফলে সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী ভেবে নানারকম বাধা সৃষ্টি করছে। বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। এমনকি রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায় আছি। আমরা ইসির কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

post
বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থী দলের হলেও ‘প্রতিদ্বন্দ্বী’ ভাবতে হবে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা আমাদের দলের হলেও তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবতে হবে।রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে সর্বত্রই এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। এখন অন্য কোনো আলোচনা নেই। আমরা নির্বাচন শান্তিপূর্ণ চাই। নির্বাচনকে নিয়ে কোনো সহিংসতা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভায়োলেন্স ফ্রি, শান্তিপূর্ণ নির্বাচন চান। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী বা কোনো প্রার্থী যদি সহিংসতায় জড়ায় তাহলে নির্বাচন কমিশন যে আইনগত ব্যবস্থা নেবে, আমরা সেটিকেই সমর্থন করব। নির্বাচনকালীন কোনো সহিংস কর্মকাণ্ড সমর্থন দেব না, প্রশ্রয়ও দেব না। কাদের বলেন, যারা আমাদের দলের প্রার্থী আছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারাও কিন্তু আমাদের দলেরই নেতাকর্মী। সুতরাং এর মধ্যে কোনপ্রকার পক্ষপাত বা কোনো বৈরি পরিবেশ তৈরি করা যাবে না। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক প্রতিক্রিয়া আমরা চাই না, যা সমর্থনযোগ্য নয়।

post
বাংলাদেশ

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। দেশের কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নাশকতা করছে। আন্দোলনের নামে মানুষ মেরে বিএনপি নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, সেটা মেনে নেওয়া হবে না। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘সবার সমান অধিকার নিশ্চিত হয়- এমন একটা সমাজব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।’প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য এটা প্রযোজ্য।’ এ সময় প্যালেস্টাইনে ইসরাইলের চালানো হামলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

post
বাংলাদেশ

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা, সতর্কবার্তা ডব্লিউএইচওর

চলতি শীত মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশে ফের শুরু হয়েছে শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার নতুন ঢেউ। গত এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের শতকরা হার বেড়েছে ৫২ শতাংশ। করোনায় মৃত্যুর হারেও পরিলক্ষিত হচ্ছে ঊর্ধ্বগতি। গত ২৮ দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে আট শতাংশ।শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্থাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, ‘করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়েছেন ৭৭ কোটি ২০ লাখ মানুষ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৭০ লাখ জনের। বেশ কয়েক মাস বিরতির পর নভেম্বর থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।’ ‘আমাদের হাতে থাকা তথ্য বলছে, নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ১ হাজার ৬০০ জন। গুরুতর অসুস্থদের হাসাপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।  শতকরা হিসেবে এক মাসে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ৫২ শতাংশ।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.