post
বাংলাদেশ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপনের দাবি

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে চাকরিপ্রত্যাশীরা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন বলে জানিয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচির শুরু হয়।যাদুঘরের সামনে অবস্থান নিয়ে চাকরিপ্রত্যাশীরা ‘এক দুই তিন চার-৩৫ আমার অধিকার’, ‘আর নয় কালক্ষেপণ-দিতে হবে প্রজ্ঞাপন’, ‘দিয়েছি তো রক্ত-আরও দেবো রক্ত’স্লোগান দেন।চাকরি প্রত্যাশীরা বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিনব্যাপী চলবে। সরকার যদি আমাদের দাবি মেনে না নিয়ে প্রজ্ঞাপন দ্রুত জারি না করে তাহলে আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।যে কারণে পুরুষের ৩৫, নারীর ৩৭ করার সুপারিশ তারা বলেন, আমাদের সঙ্গে সরকারের যে বৈঠক হয়েছে সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আমরা ছেলেদের ক্ষেত্রে চাকরিতে বয়সসীমা ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে বয়স সীমা ৩৭ করার জন্য দাবি জানিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে উন্মুক্ত করার কথা বলেছি। সেটা সরকার বিবেচনা করবে। যদি আমাদের দাবি সরকার মেনে নেয় তাহলে সে ক্ষেত্রে অবসরের সময় যেই দুই বছর বাড়ানো হয়েছে, সেটা যেন না করা হয় সেজন্য আমরা সুপারিশ জানিয়েছি।

post
বাংলাদেশ

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ শুরু করেছেন সেনা সদস্যরা

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আজ (বুধবার) সকাল থেকে কাজ শুরু করেছেন সেনা সদস্যরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হলেন। ফলে অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন জারির পর আজ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনা সদস্যরা কাজ করতে শুরু করেছেন। সর্বশেষ ২০০২ সালে অপারেশন ক্লিনহার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেয়া হয়েছিল। বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে। বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তাও করেছে সেনাবাহিনী। সর্বশেষ ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় দায়িত্ব পালন করেছিলেন সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল। ফলে আলাদা ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হয়নি। তবে সেনা সদস্যরা আটক বা গ্রেফতার, অভিযান বা তল্লাশির মতো কাজগুলো করেছেন। বাংলাদেশের বেশিরভাগ জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে মাঠ পর্যায়ে।

post
বাংলাদেশ

আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ

আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র।জানা গেছে, ত্রুটি সারানোর আগ পর্যন্ত এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘ওই পথে ভালো রকমের একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।’এদিকে এক বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

post
বাংলাদেশ

শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, আওয়ামী লীগ বলছে ভুয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। এরপরই প্রশ্ন ওঠে— তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করেই দেশ ত্যাগ করেছেন। যদিও এখন পর্যন্ত পদত্যাগপত্রের কোনো ছবি অফিসিয়ালি প্রকাশ্যে আসেনি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি আন্তর্জাতিক মিডিয়ায় জানান, শেখ হাসিনা পদত্যাগ করেননি। এ পরিস্থিতির মধ্যেই সোমবার (১৫ আগস্ট) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ঘুরে বেড়াচ্ছে। তবে এটি ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানানো হয়। পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয়।আওয়ামী লীগের সেই পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো— দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ, একটি দৈন্যতা মাত্র। কেন এই পদত্যাগপত্র ভুয়া? ১. তারা ভুলে এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিববর্ষ ২০২১ সালে শেষ! ২. লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। ৩. পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিলো। ৪. শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। ৫. ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া ২০ শ্রাবণ! দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। যদি শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েই থাকেন গুজব বা ফেক কিছু না পাবলিশ করে, সত্য কিছু পাবলিশ করুন। ইন্টারনেটের এই যুগে মানুষ সব বুঝে, ভুয়া কিছু মুহূর্তে যেমন ছড়ায়, সত্যও খুব দ্রুত বের হয়ে আসে।

post
বাংলাদেশ

নারী মৈত্রীর চাকরি মেলায় তরুণ নারীদের ক্ষমতায়নের নতুন দিগন্ত

নারী মৈত্রী, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং SUF-এর সহযোগিতায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে এক যুগান্তকারী চাকরি মেলার আয়োজন করেছে। এই মেলায় ৪০০ এর অধিক তরুণী অংশগ্রহণ করে এবং ৩০ টিরও বেশি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান তাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। এই উদ্যোগ শহর ও আশেপাশের অঞ্চলের তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।এই চাকরি মেলা ছিল নারী মৈত্রীর "তরুণ নারীর ক্ষমতায়ন কর্মসংস্থানের মাধ্যমে (ওয়াইডব্লিউইই)" প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুই বছরব্যাপী এই প্রকল্পের আওতায় ৭২০ জন তরুণীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে এই প্রকল্প তরুণীদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করেছে।অনুষ্ঠানের উদ্বোধন করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি সহ আরও অনেক সম্মানিত অতিথি।তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (কোর্স অ্যাক্রিডিটেশন) এস এম শাজাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রোগ্রাম, ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি ডিরেক্টর রিফাত বিন সাত্তার, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও জীবিকা/শিশু দারিদ্র্য পরিচালক তানিয়া শারমিন এবং SUF বাংলাদেশের প্রতিনিধিরা। তাদের উপস্থিতি তরুণ নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে লিঙ্গ সমতার প্রতি সরকার ও বিভিন্ন সংস্থার অঙ্গীকারকে সুদৃঢ় করেছে।ওয়ালটন, প্রান আর-এফ-এল, ওপেডিয়া টেকনোলজিস,সিমেক,প্রিয় শপ, নিটল - নিলয় গ্রুপ, বাংলাদেশ আইটি, মতো নামকরা প্রতিষ্ঠানগুলি চাকরি মেলায় সরাসরি অংশগ্রহণ করে। তারা সাক্ষাৎকার গ্রহণ করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির প্রস্তাব প্রদান করে।ওপেডিয়া টেকনোলজিসের সিইও নাজমুল হাসান রিফাত এবং বাংলাদেশ আইটি-এর সিইও এ.কে. মহিবুর রহমান, তরুণীদের দক্ষতা এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুতির প্রশংসা করেন।নারী মৈত্রী তরুণ নারীদের ক্ষমতায়ন করার জন্য অংশগ্রহণকারী নিয়োগকর্তাদেরকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) পুরস্কার প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।এই মেলার মাধ্যমে তরুণ নারীরা উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে এবং কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার সাহস পেয়েছে। নারী মৈত্রী বাংলাদেশের তরুণ নারীদের স্বপ্ন পূরণে সহায়তা করে একটি সমতাভিত্তিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে।

post
বাংলাদেশ

ইউজিসির একাধিক পদে রদবদল

শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও বিভিন্ন বিভাগে রদবদল এনেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চলতি সপ্তাহে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এস এম এ ফায়েজ যোগদান করার পর আজ এসব পদে রদবদল আনা হলো। জেনারেল সার্ভিসের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনকে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা উপ পরিচালক ছিলেন। তার সময় নর্থ সাউথের আর্থিক দুর্নীতি, ট্রাস্টি বোর্ডে গাড়ি বিলাস, জঙ্গি তৈরি কারখানা উদ্ধারের মতো তদন্ত করেছিলেন তিনি। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যেতে তার ভূমিকা ছিল মুখ্য। অননুমোদিত ক্যাম্পাস বন্ধ, ভিসি নিয়োগের স্বচ্ছতা আনা হয় তার সময়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বাণিজ্য ব্যবসা বন্ধ করতে গিয়ে তাকে হেনস্থার শিকার হতে হয়। এরপর ইউজিসির একজন পরিচালক শীর্ষ পদে আসীন হওয়ার পর তাকে ওই দপ্তর থেকে সরিয়ে খুবই কম গুরুত্বপূর্ণ শাখা জেনারেল সার্ভিস শাখায় পাঠানো হয়। সর্বশেষ তিনি পরিচালক পদে পদোন্নতি বোর্ডে সব যোগ্যতা পূরণ করার পরও ওই কর্মকর্তার ইন্ধনে তাকে পদোন্নতি দেওয়া হয়নি।পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত পরিচালক ফজুলুর রহমানকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ (এসপিকিউএ) বিভাগে পাঠানো হয়েছে। এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক কবিরুল ইসলামকে রিসার্স সাপোর্ট বিভাগ, প্রশাসন শাখা যুগ্ম সচিব শিবানন্দ শীলকে জেনারেল সার্ভিস, জেনারেল সার্ভিসের উপ-পরিচালক সুলতান মাহমুদ, রিসার্স ও সাপোর্ট বিভাগের উপ-পরিচালক গোলাম মোস্তফাকে পাবলিক বিশ্ববিদ্যালয় শাখায় বদলি করা হয়েছে। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ইউসুফ আলী খানকে এসপিকিউএ, রিসার্স সাপোর্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জামাল উদ্দীনকে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলামকে জেনারেল সার্ভিস, জেনারেল সার্ভিস বিভাগের হারুন মিয়াকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, রিসার্স বিভাগের সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকারকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বদলি করা হয়েছে।বিগত সরকারে আমলে নিয়োগ পাওয়া চেয়ারম্যানসহ পাঁচজন সদস্য পদত্যাগ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম এ ফায়েজকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। আজ আরও দুইজনকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

post
বাংলাদেশ

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যে সতর্কবার্তা দিলেন ড. ইউনূস

দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়। গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।আর যেন আমাদের কোন স্বৈরাচারের হাতে পড়তে না হয়, আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। ৩৩ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সব অন্যায়ের প্রতিকারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব।

post
বাংলাদেশ

উত্তরায় ‘হারুন আছে’ সন্দেহে বাড়ি ঘেরাও

আলোচিত পুলিশ কর্মকর্তা ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হারুন অর রশীদ অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাসা ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ১০টায় উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।ডিএমপির এই কর্মকর্তা ৩টি হত্যা মামলার আসামি।প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ডিবি হারুন’ (সাবেক ডিবি প্রধান) এই ভবনে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয়।রাত ১০ টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। এ বিষয়ে জানতে চাইলে রাত ১২টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে।এর আগে গত ৬ আগস্টও হারুণ অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।সবশেষ ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ এলাকায় একটি অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। অভিযানে লেকসিটির 'বর্ণালী' ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়

post
বাংলাদেশ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ করে টানাহেঁচড়ায় জ্ঞান হারালেন অধ্যক্ষ

নওগাঁ হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম অবরুদ্ধ অবস্থায় বুধবার (২৮ আগষ্ট) বিকেলে নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর ওই অধ্যক্ষকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) নেওয়া হয়।শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের পদত্যাগের দাবিতে গত রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন।আজ সকাল ১০টার অধ্যক্ষ নুরুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানে আসলে শিক্ষার্থীরা তাঁকে তাঁর কক্ষে অবরুদ্ধে করে রাখেন। অবরুদ্ধ অবস্থায় বিকেল ৩টার দিকে অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান।পরে তাঁকে ২৫০ বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

post
বাংলাদেশ

৩ মাসে বেকার বেড়েছে আরও দেড় লাখ

দেশে বেকার জনগোষ্ঠী বেড়েছে। ৩ মাসের হিসাব ধরে ১ বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ১ লাখ ৪০ হাজার। এর বিপরীতে কাজে নিয়োজিত লোকের সংখ্যা কমেছে ১০ লাখ ৭০ হাজার। পাশাপাশি কাজে সক্ষম, এমন লোক কমেছে ৯ লাখ ৩০ হাজার। সবচেয়ে বেশি যুব কর্মসংস্থান কমেছে ১৭ লাখ ৮০ হাজার। এই সময়ে পুরুষের বেকারত্ব বেড়েছে ১ লাখ ৮০ হাজার। কিন্তু নারীর বেকারত্ব কমেছে ৬০ হাজার। সব মিলে সার্বিক বেকারত্বের হার আগের ৩ দশমিক ৪১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। আগের বছরের একই সময়ের তুলনা করে সারা দেশে দৈব চয়নের ভিত্তিতে ১ হাজার ২৮৪ নমুনা এলাকার ১ লাখ ২৩ হাজার ২৬৪টি খানা থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে মোট শ্রমশক্তির পরিমাণ ছিল ৭ কোটি ৭ লাখ ১০ হাজার। ২০২৩-২৪ অর্থবছরের এই সময় তা কমে ৬ কোটি ৯৬ লাখ ৪০ হাজারে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে কর্মসংস্থান কমেছে ১০ লাখ ৭০ হাজার।আবার কর্মসংস্থানে নিয়োজিত লোকের সংখ্যা কমায় বেড়েছে বেকারত্ব। গত বছর জুনে বেকার মানুষ ছিল ২৫ লাখ। চলতি বছর একই সময়ে ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ২৬ লাখ ৪০ হাজারে উন্নীত হয়েছে। ফলে বছরের জুন শেষে দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৫ শতাংশ হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.