নির্বাচনে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় বাধা দেখছি না: মোমেন
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে বড় দেশের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলেও মনে করেন তিনি।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। নির্বাচন নিয়ে বড় দেশগুলোর টানাপোড়েন কিংবা তলে তলে আপস হয়ে গেল কি না, এমন প্রশ্ন রাখা হয় ড. মোমেনের কাছে। জবাবে মোমেন বলেন, কোনো টানাপোড়েন নাই। কারণ, আমরা অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তলে তলে কিছুই হয় নাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তারা আমাদের বন্ধু। তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। একাত্তরে আমেরিকা আমাদের বিপক্ষে থাকলেও যেদিন আমরা স্বাধীনতা পেলাম তারপর থেকে আমেরিকা আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করছে। সব সময় সমর্থন দিয়েছে। জাতিসংঘের সদস্য পদের জন্য ১৬টা প্রস্তাব এসেছে, ১৫টায় আমেরিকা আমাদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে।
