post
বাংলাদেশ

আরও ৭৯ ওসিকে বদলির সুপারিশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৪ দিন আগে ৭৯ পুলিশ পরিদর্শকের (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, পুলিশ অধিদফতরের ৩০ পরিদর্শক (সশস্ত্র), ৪৬ পরিদর্শক (নিরস্ত্র) ও আর তিনজন পরিদর্শক (শহর ও যানবাহন) বদলি কিংবা পদায়নের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

post
বাংলাদেশ

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে এসকেন্দার খাঁ নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসকেন্দার খাঁ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য। তিনি মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের সমর্থক ও কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন এসকেন্দার খাঁ। এ সময় নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর লোকজন হঠাৎ হামলা চালায়। ঘটনাস্থলে এসকেন্দার খাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে এসকেন্দার খাঁ মারা যান। কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, গ্রাম্য দলাদলি ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র এসকেন্দার খাঁ নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

post
বাংলাদেশ

১৫ বছরে ব্যাংক খাতে লোপাট ৯২ হাজার কোটি টাকা: সিপিডি

২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ব্যাংক খাত থেকে লোপাট হয়েছে ৯২ হাজার ২৬১ কোটি টাকা।শনিবার সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম দিয়ে ঋণ, অর্থ লোপাটসহ নানান ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সময়ে ব্যাংকে যে স্ক্যাম বা অনিয়মগুলো হয়, সেগুলো অফিসিয়াল সূত্রে পাওয়া যায় না। সেগুলো সংবাদমাধ্যমে আসে। গণমাধ্যমকর্মীরা সেগুলো হয়তো অফিসিয়াল সূত্রেই আনেন। এগুলোকে কম্পাইল করেছি দেখার জন্য। ২০০৮-২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২২ দশমিক ৬১ বিলিয়ন টাকা বা ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ বা অপচয় হয়েছে। বিশাল এ অর্থ দিয়ে কী হতে পারে সেটা আপনারা হিসাব করতে পারেন। আপনারা হিসাব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত। সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি। এই পরিমাণ টাকা দিয়ে আমরা কী করতে পারতাম।

post
বাংলাদেশ

এ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই।শনিবার দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। যেহেতু এ নির্বাচনে তাদের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই তাই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি। জিএম কাদের বলেন, দলের অস্তিত্ব রক্ষার্থে এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা এবারের নির্বাচনে অংশ নিয়েছি। তবে আমরা সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণ করবো। যদি কোনো ব্যত্যয় হয় তাহলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জিএম কাদের বলেন, দলের ভেতর সবসময় একটা অস্থিতিশীলতা ঢুকিয়ে রাখা হয়েছে। যদি তেমন কিছু করতে যাই দল ভেঙে যাবে। দলের অস্তিত্ব বিলীন হতে পারে। এরকম একটা ঝুঁকি সবসময় ছিল। এজন্য আমরা স্বতন্ত্র অবস্থায় থেকে রাজনীতিকে এগিয়ে নিয়েছি। জিএম কাদের আরও বলেন, আমরা সংসদে থেকে সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা বলেছি এবং কীভাবে তা উত্তরণ করা যায় তাও বলেছি। জনগণ আমাদের রাজনীতি গ্রহণ করেছে। আমাদের নানা কারণে রাজনৈতিক সংকট ছিল। আমাদের মাঝে নানাভাবে বিভাজন তৈরি হয়েছে। কোথায় গেলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে, কোথায় গেলে আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারবো সেটি ভেবেছি। এর আগে সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মা-বাবা ও মাওলানা কেরামত আলীর (রহ.) মাজার জিয়ারত করেন রংপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের।

post
বাংলাদেশ

এ দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি। এ বিষফোড়াকে রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে।শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান। তিনি বলেন, শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি। এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

post
বাংলাদেশ

ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা: ইসি আনিছুর

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার করে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। একই সঙ্গে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আনিছুর রহমান বলেন, ‘কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।’শনিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারছেন না। ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না?- এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর রহমান বলেন, ‘আমরা পারছি না, এই বক্তব্যে একমত হতে পারছি না। এরই মধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজকেও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকাল পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাবো। একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা গিয়েছেন। আমরা কঠোর সিদ্ধান্তে চলে যাবো।

post
বাংলাদেশ

বিএনপির সন্ত্রাসী কার্যকলাপ বিশ্বের কাছে তুলে ধরেছি: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন বানচালে বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের প্রকৃত তথ্য বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন আর কোনো ভুল তথ্য দিয়ে কারও সহানুভূতি আদায় করা যাবে না। শুক্রবার নগরীর বদিকোনাস্থ ইজতেমা মাঠে পবিত্র জুমার নামাজ শেষে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গ্রেপ্তার নিয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য দিচ্ছে বিএনপি। সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাওভাবে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না সরকার। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এসময় তার সঙ্গে সিলেট-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

২৯ ডিসেম্বর থেকে মাঠে নামছে সেনা, থাকবে র‍্যাব-পুলিশ-বিজিবিও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ১৩ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীগুলোও এসময়ে মাঠে থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ পরিপত্র জারি করেছে। সেখানে বলা হয়েছে, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা রক্ষাকারী সদস্য নিয়োজিত থাকবে। সেখানে আরও বলা হয়, নির্বাচনকালীন পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনী ভোটের আগে-পরে ১৩ দিনের জন্য মোতায়েন থাকবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনী রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশ, আনসার-ভিডিপিসহ ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষাকারী সদস্যরা পাঁচদিনের জন্য মোতায়েন থাকবে। ভোটের আগের দুদিন থেকে তাদের মোতায়েন করা হবে।

post
বাংলাদেশ

যে কোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ-শান্তিপূর্ণ করা হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় প্রশাসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠক করেন সিইসি। যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিইসি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তরাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম কারচুপি দখলদারিত্ব যেন না হয় তা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন সেটা নিশ্চিত করতে প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

post
বাংলাদেশ

১ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

আগামী ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে আওয়ামী লীগ। ওই দিন বিকেল ৩টায় মোহাম্মদপুরে শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.