post
বাংলাদেশ

ভেদাভেদ ভূলে যাওয়ার আহবান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই জনগণের সংগঠন- মন্তব্য করে তৃণমূলের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভূলে দেশের মানুষের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে দলের বর্ধিত সভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নানা ষড়যন্ত্র হলেও নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। সরকারের ওপর জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে, কোথাও যাতে দুর্নীতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।  সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সারাদেশ থেকে আগত আওয়ামী লীগের তৃণমূল নেতারা অংশ নেন। সভার বক্তৃতায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। নির্বাচন নিয়ে বিরোধীরা নানা চক্তান্ত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকল  ষড়যন্ত্র অতিক্রম করে দেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য নির্বাচনকে এবার উন্মুক্ত করে দেয়া হয়েছিলো। আওয়ামী লীগ সভাপতি বলেন, তৃণমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে এখন একযোগে কাজ করতে হবে,  দেশের উন্নয়নে জনগণের কল্যাণে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে। কোথাও যাতে দুর্নীতি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

post
বাংলাদেশ

কারাগারে মৃত্যুর আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

গত তিন মাসে কারাগারে নির্যাতনের শিকার হয়ে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপি নেতাকর্মীদের কারাগারে মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন দলটি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি অভিযোগ করেন, দেশের প্রতিটি কারাগারে কারাবিধির সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে। গত তিন মাসে কারা নির্যাতনে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। এসময়ে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন,জামিনের সাংবিধানিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার উগ্র বাসনা চরিতার্থ করতেই, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচন করা হয়েছে। এরপর বিরোধী নেতা-কর্মীদের গুম-খুন-গায়েবি মামলা,গ্রেপ্তার-হয়রানি ও নির্যাতন অব্যাহত রয়েছে।

post
বাংলাদেশ

হজ্ব কোটা পূরণ হয়নি বাংলাদেশের

চতুর্থ দফা সময় বাড়িয়েও হজ্বের নির্ধারিত কোটা পূরণ করতে পারে নি বাংলাদেশ। তাই ৪৪ হাজারেরও বেশি কোটা খালি রেখেই শেষ হলো এবারের হজ নিবন্ধন প্রক্রিয়া। এদিকে যারা নিবন্ধন করেছেন, তাদেরও মক্কার দেশটিতে ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেরিতে হজ প্রক্রিয়া শেষ করার কারণে সৌদিতে অবহেলিত থাকেন বাংলাদেশি হাজিরা। এবারের হজ্বে অংশ নিবেন বাংলাদেশসহ বিশ্বের অন্তত ২০ লাখ মুসল্লী। এদিকে হজ এজেন্সিসহ সরকারি কিছু সংস্থার কারণে এ কার্যক্রম বিলম্ব হওয়ারও অভিযোগ বরাবরই। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আহবান সৌদি প্রবাসী সংবাদকর্মীরা। এদিকে মরুর দেশটিতে হাজিদের সচেতন থাকার আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে জনসচেনতা বৃদ্ধির জন্যে বাংলাদেশ সরকারের প্রতিও আহবান সংশ্লিষ্টদের।

post
বাংলাদেশ

বিএনপির তাণ্ডবে ১৩ জন নিহত: সংসদে প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের তাণ্ডবে গত ২৮ অক্টোবরের পর থেকে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে এ ধরনের সহিংস কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৬০০টির বেশি যানবাহনে ভাঙচুর করেছে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা। যার মধ্যে ১৮৪টি যাত্রীবাহী বাস, ৪৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজিচালিত অটোরিকশা, চারটি প্রাইভেটকার ও ১১টি পিকআপভ্যান রয়েছে। এই একই সময়ে পাঁচটি ট্রেন- যমুনা এক্সপ্রেস ট্রেন, ঢাকা কমিউটার ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগ এবং ১৫টি মোটরসাইকেল, তিনটি লেগুনা, একটি ওয়ার্ড কাউন্সিলর অফিস ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। সরকার প্রধান বলেন, এ সময়ে একটি উচ্চ বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, চারটি বসতঘর, একটি বৌদ্ধমন্দির, একটি নৌকাসহ সর্বমোট ৩২৮টি যানবাহন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। তিনি আরও বলেন, হরতাল-অবরোধের নামে নাশকতার ঘটনায় সারা দেশে ১৩ জন নিহত হয়েছেন। যার মধ্যে ট্রেনে নাশকতার ঘটনায় নিহত হন নয়জন, বিজিবির দুই সদস্য আহত এবং একটি রিকুইজিশনকৃত যানবাহনের ক্ষতিসাধন হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জেলায় ৪৫ জন সদস্য আহত হয়েছেন।

post
বাংলাদেশ

‘নতুন কোনো ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা দরকার’

মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেওয়া, নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ‘প্রহসনমূলক নির্বাচন, নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরাতে সরকার নানারকম অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে গয়েশ্বর বলেন,একদিকে ভারত সীমান্তে হত্যা, অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারের কবলে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই অন্যতম নীতিনির্ধারক।

post
বাংলাদেশ

‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি তৎপর’

সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।বুধবার বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। বিজিবি মহাপরিচালক বলেন, দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায়, সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য,সকল বিজিবি সদস্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পরবর্তীতে বিজিবি মহাপরিচালক মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সকল সদস্যদের খোঁজ খবর নেন এবং আহত অবস্থায় আগত ও হাসপাতালে চিকিৎসারত বিজিপি সদস্যদের সরেজমিনে দেখতে যান। উল্লেখ্য, মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার ২৬৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়-প্রশ্রয় এবং আহতদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

post
বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর পিলখানায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর ২০২৪ সনের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ রবিবার বিকেল ৩:০০ ঘটিকায় আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, পিবিজিএম, বিশেষ অতিথির আসন অংলকৃত করেন শ্রদ্ধেয়া ম্যাডাম ডা. হোমায়রা শবনম। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্য সচিব লে. কর্নেল মোহাম্মদ আবদুল জাওয়াদ।আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চারটি হাউসের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল প্রতিষ্ঠানের মনোজ্ঞ কুচকাওয়াজ। হলদে পাখি, কাব স্কাউট বয়েজ, কাব স্কাউট গার্লস, বয়েস স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি পুরুষ, বিএনসিসি মহিলা, নৌ ও এয়ার স্কাউট পুরুষ-মহিলা, হাউস প্যারেড সমন্বয়ে বিভিন্ন ইউনিট প্রতিষ্ঠানের নিজস্ব বাদকদলের ব্যান্ডের তালে তালে সুশৃঙ্খল কুজকাওয়াজ প্রদর্শন করে। এরপর তায়কোয়ান্দো দলের শারীরিক কসরত প্রদর্শনী, হাউসভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রীর পরিবেশনায় প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ফিল্ড ডিসপ্লে। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাজী নজরুল ইসলাম হাউস এবং রানার আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস।

post
বাংলাদেশ

সাকিবের সাথে স্থানীয় প্রশাসনের মতবিনিময়

নির্বাচিত হওয়ার পর প্রথম নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের সাথে মত বিনিময় সভা করছেন মাগুরা সদর উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেল সহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারী ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।সাকিব আল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম মত বিনিময় সভা বলে তিনি বলেন, মাগুরাকে এগিয়ে নিতে হলে ওয়ান টু ওয়ান আমি আপনাদের সাথে কথা বলবো। আগামী ৫/৬ দিন পর মাগুরায় এসে দুই তিনদিন থাকবো ঐ সময় সকলের সাথে কথা বলে মাগুরা উন্নয়নে কিভাবে কাজ করা যায় সেই আলোচনা শুনবো।

post
বাংলাদেশ

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা চুরি

বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে । শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল বাজার এলাকায় অবস্থিত ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি জানান, শাখারিয়া পল্লীমঙ্গলে বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। এই শাখার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা। ওসি আরও বলেন, ‘প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এ উপশাখায় নিরাপত্তাকর্মী নেই। এ ছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।’ ব্যাংকের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।’      

post
বাংলাদেশ

চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্ব রেকর্ড করলেন বরিশালের নিপা

চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ড গড়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার।তবে এটাই তার প্রথম বিশ্ব রেকর্ড নয়। দুই বছর আগে কয়েনের টাওয়ার বানিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি।নিপা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাঠি দিয়ে ভাত খাওয়ার রেকর্ড গড়লেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ২০২৩ সালের ডিসেম্বরে তাকে সার্টিফিকেট দেয়। এর আগে ২০২১ সালে এক মিনিটে ৭১টি কয়েনের টাওয়ার তৈরি করে প্রথম গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি।নিপা বরিশাল নগরীর একটি ফ্রিল্যান্সিং কোম্পানির উদ্যোক্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার মেন্টর হিসেবে কাজ করছেন।তিনি বলেন, “আমি প্রতিবছর এক একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই। বিশেষ করে অক্ষর নিয়ে যেসব খেলা আছে সেগুলোর রেকর্ড ভাঙতে চাই।”নিপা জানান, “চপস্টিক দিয়ে একটি করে ভাত খাওয়ার সর্বশেষ রেকর্ডটি ছিল এক ইতালিয়ানের। তিনি এক মিনিটে ২৫টি ভাত খেতে পেরেছিলেন।”নিপা জানান, “তিনি প্রায় ছয় মাস চপস্টিক দিয়ে দ্রুত ভাত খাওয়ার অভ্যাস করেছেন। এর পরই গিনেস রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দেশনা অনুসারে রেকর্ডের খুঁটিনাটি পাঠান।”বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা এ আর এস স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.