post
বাংলাদেশ

দেশে আরও বাড়ল সোনার দাম

দেশে সোনার দাম আরও বেড়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এতদিন যার দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি করা হবে। তবে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

post
বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে:প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স বৃদ্ধির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধরী।বুধবার রাজধানীর বিএমইটি ভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, জনগণের সেবক হয়ে কাজ করলে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

তামাক ব্যবহারে প্রতিদিন ৪৪২ জনের মৃত্যু

তামাক স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর। বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে থাকেন। জর্দা, গুল, সাদাপাতার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে নারীরা মুখের ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। গর্ভবতীদের গর্ভপাত হওয়া এবং সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু সহ নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের। স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত “বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠকরন” শিরোনামে “নারী মৈত্রী’র” আয়োজনে ১৭ জানুয়ারি বুধবার সকাল ১১টায় নারী মৈত্রীর প্রধান কার্যালয় আগারগাঁওয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা যাল অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সকল তামাক বিরোধী নারী দলের নেত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে ঐক্যবদ্ধ হন। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশ প্রোগ্রামস ম্যানেজার মোঃ আব্দুস সালাম মিয়া। আব্দুস সালাম মিয়া বলেন, "টোব্যাকো এটলাস ২০১৮-এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই। শাহীন আকতার ডলি এর সভাপতিত্বে প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন, নারী মৈত্রীর টোব্যাকো কন্ট্রোল প্রোজেক্ট এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর নাছরীন আকতার, মেহেদি হাসান, এডভকেসি অফিসার্‌, আলফি শাহরীন মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার সহ নারী মৈত্রীর তামাক বিরোধী নারী দলের নেত্রী এবং সদস্যবৃন্দ।

post
বাংলাদেশ

চলতি মাসে গেটওয়ের টাকা ফেরত দিতে শুরু করবে ইভ্যালি

দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চলতি জানুয়ারি মাস থেকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করবে। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করা শুরু করবে।শনিবার বিকালে ইভ্যালির প্রধান কার্যালয় ধানমন্ডি থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসেল বলেন, সম্প্রতি নতুন উদ্যমে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই গ্রাহক ও মার্চেন্ট থেকে ব্যাপক সাড়া পেয়েছে ইভ্যালি। প্রথম ক্যাম্পেইনে আমরা ৮০ হাজার অর্ডারের বিপরীতে দুই লক্ষাধিক পণ্যের অর্ডার পেয়েছি এবং প্রথম ক্যাম্পেইন থেকেই আমরা মুনাফা করতে শুরু করেছি। আমরা চলতি মাসে গেটওয়েতে থাকা গ্রাহকের টাকা ফেরত দেবো এবং মুনাফার টাকা দিয়ে আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করতে শুরু করবো।অর্ডারের ক্রমানুযায়ী সকল গ্রাহকের মূল টাকা ধাপে ধাপে পরিশোধ করা হবে। খুব তাড়াতাড়ি গ্রাহকরা তাদের পুরাতন ডাটা দেখতে পারবেন। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।রাসেল বলেন, ইভ্যালির নতুন ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে সকল পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) দিচ্ছি। আগে গ্রাহকরা পণ্য পাওয়ার আগেই সরাসরি ইভ্যালিকে টাকা পরিশোধ করত। কিন্তু এবার ক্যাশ অন ডেলিভারি হওয়ায় গ্রাহকের কোনো ঝুঁকি নেই।এছাড়া গ্রাহকের পরিশোধ করা পণ্যের মূল্য এখন থেকে সরাসরি বিক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বিক্রেতারও কোনো বাকি পড়ার ঝুঁকি নেই। মার্চেন্ট থেকে ইকুরিয়ার সরাসরি পণ্য নিয়ে গ্রাহকের কাছে পৌছে দিচ্ছে। আগে গ্রাহক পণ্য হাতে বুঝে পাবে এরপর মূল্য পরিশোধ করবে। এখানে অর্ডার নেয়া ছাড়া কোনো কার্যক্রমে ইভ্যালি অংশ নিচ্ছে না। ফলে আমরা আরো স্বচ্ছতার সাথে গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে পারছি।অন্য একটি প্রশ্নের জবাবে রাসেল বলেন, আগে বেশিরভাগ পণ্যই লোকসানে বিক্রি করা হতো। তবে এবার প্রায় সব পণ্যে সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে। এই লাভের অর্থ দিয়ে কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে। এজন্য ইভ্যালিকে নতুন করে কোনো দেনায় পড়তে হবে না। বরং লাভের পরিমাণ বাড়ছে বলে আমরা দ্রুত পুরাতন বকেয়ার টাকা ফেরত দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

post
বাংলাদেশ

নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি: টিআইবি

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।বুধবার (১৭ জানুয়ারি) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং” শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।সংস্থাটির মতে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়নি।টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, সারাদেশে অধিকাংশ ভোটেকেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের প্রার্থীদের এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়।সেখানে আরও বলা হয়, ভোটের দিন স্বল্প ভোটার আগমন এবং ডামি লাইন তৈরি করে বিভিন্ন আসনে অন্যদলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হয়। ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্যে সিল মারাসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ করেছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীদের দেওয়া এমন তথ্য ওঠে এসেছে টিআইবির প্রতিবেদনে।

post
বাংলাদেশ

উত্তরাঞ্চলে শীতে জবুথবু অবস্থা, কষ্টে নিম্ন আয়ের মানুষ

মাঘের শুরুতেই উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত। ফলে জবুথবু অবস্থা বিরাজ করছে। তবে সবচেয়ে কষ্ট নিম্ন আয়ের মানুষের। তীব্র শীতে শ্রমজীবী অনেকের ভাগ্যে মিলছে না কাজ।আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দু-একদিনের মধ্যে রাজশাহীসহ উত্তরাঞ্চলে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কৃষি অধিদপ্তর বলছে, এমন আবহাওয়া আলুসহ বোরো চাষের জন্য অভিশাপ। গত কয়েকদিন থেকেই ভোরের ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম হওয়া। গেল কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের আবহাওয়া এমনই। মাঘের শুরুতেই জেকে বসেছে শীত। শীতের দাপটে জবুথবু অবস্থা সাধারণ মানুষের। সবচেয়ে বেশি কষ্ট শ্রমজীবী মানুষের। তীব্র শীত উপেক্ষা করে কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন তবুও মিলছে না কাজ। এদিকে প্রচণ্ড শীত থেকে বাঁচতে সাধারণ মানুষের চেষ্টার কমতি নেই। ছিন্নমূল মানুষ অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

post
বাংলাদেশ

নির্বাচনী কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে ইসির অনুষ্ঠান বৃহস্পতিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।এরই মধ্যে মাঠ কর্মকর্তাদের যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠিয়েছেন সংস্থাটির সেবা শাখার সহকারী সচিব জাকির মাহমুদ। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানাতে ১৮ জানুয়ারি বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব। চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সব কর্মকর্তা ও কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

post
বাংলাদেশ

সবকিছু ফেল করে বিএনপি এখন উল্টো বলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সবকিছুতে ফেল করে বিএনপি এখন উল্টো কথা বলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ধারণা ছিল নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে। আপনার কি মনে হচ্ছে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাপে পড়বো কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’ আমরা ফলো করছি। আমরা মনে করি সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই। বিএনপি বলেছে আওয়ামী লীগ বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় এসেছে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখেছেন তারা বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছেন, স্যাংশন দিয়ে ফেললো, কত কিছু করে ফেললো। সবকিছুতে ফেল করে তারা এখন উল্টো কথা বলছেন। সামনে কি চ্যালেঞ্জ রয়েছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই। আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে চলছে। এটি কন্টিনিউ হবে। বিদেশ থেকে চাপ আসতে পারে বলে কি সরকার মনে করছে- এ বিষয়ে তিনি বলেন, আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।

post
বাংলাদেশ

প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, এতে দেশের রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে।প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে গিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। শফিকুর রহমান চৌধুরী বলেছেন,তার প্রথম কাজ হচ্ছে, প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করা। এরপর অগ্রাধিকার ভিত্তিতে তিনি সমস্যাগুলোর সমাধান করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে ইতোমধ্যে প্রবাসীদের কল্যাণে উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন। পরে তিনি হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন।

post
বাংলাদেশ

যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল ফোন, সব জায়গায় সিসি ক্যামেরা আছে। যারা এই কাজগুলো করছে তাদের খুঁজে বের করা হবে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে, খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষই আমার বড় শক্তি, বাংলাদেশের জনগণ আমার শক্তি। আগামীতেও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রাস্তাঘাট, পুল, ব্রিজ, এখন যেগুলো বাকি আছে সেগুলো করা হবে। গ্রামের মানুষও শহরের সব নাগরিক সুবিধা পাবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা কখনো এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে দিতে চায়নি, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর ছিল, তারা বাংলাদেশের কখনো উন্নতি চায় না। সব ষড়যন্ত্র ব্যর্থ করে সবাইকে এগিয়ে যেতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.