বিএনপি-জামায়াতের তাণ্ডবে গত ২৮ অক্টোবরের পর থেকে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে এ ধরনের সহিংস কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৬০০টির বেশি যানবাহনে ভাঙচুর করেছে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা। যার মধ্যে ১৮৪টি যাত্রীবাহী বাস, ৪৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজিচালিত অটোরিকশা, চারটি প্রাইভেটকার ও ১১টি পিকআপভ্যান রয়েছে। এই একই সময়ে পাঁচটি ট্রেন- যমুনা এক্সপ্রেস ট্রেন, ঢাকা কমিউটার ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগ এবং ১৫টি মোটরসাইকেল, তিনটি লেগুনা, একটি ওয়ার্ড কাউন্সিলর অফিস ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।
সরকার প্রধান বলেন, এ সময়ে একটি উচ্চ বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, চারটি বসতঘর, একটি বৌদ্ধমন্দির, একটি নৌকাসহ সর্বমোট ৩২৮টি যানবাহন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।
তিনি আরও বলেন, হরতাল-অবরোধের নামে নাশকতার ঘটনায় সারা দেশে ১৩ জন নিহত হয়েছেন। যার মধ্যে ট্রেনে নাশকতার ঘটনায় নিহত হন নয়জন, বিজিবির দুই সদস্য আহত এবং একটি রিকুইজিশনকৃত যানবাহনের ক্ষতিসাধন হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জেলায় ৪৫ জন সদস্য আহত হয়েছেন।
