post
অভিবাসন

পরিশ্রমের কারণেই সৌদিতে বাংলাদেশিদের চাহিদা

কঠোর পরিশ্রমের কারণেই সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় একথা বলেন তিনি। এসময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্বচ্ছতা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, মালিক ও শ্রমিক উভয়পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সৌদি মন্ত্রী। তিনি জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রম বাজারে তাদের চাহিদা বাড়ছে। ওয়ার্কশপে বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা সুবিধা রয়েছে এবং তা থেকে প্রবাসী কর্মীরা কীভাবে সেই সব সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর -শ্রম মুহাম্মদ রেজায়ে রাব্বী, কাউন্সিলর মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রথম সচিব মুহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।

post
দূতাবাস খবর

পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের

মালয়েশিয়ার জহুর প্রদেশে পাসপোর্ট সংগ্রহের পোস্ট অফিসের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুন থেকে দেশটির জহুর বাহরু জেলার ২২ জালান রিয়াংয়ের ২৩ তামান জেম্বিরার পোস্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় দেশটির কোয়ান্তান ও কেলান্তান প্রদেশে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ও ২ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোয়ান্তান প্রদেশের জালান বুকিত উবির তিংকাত বাওয়াহ এর এএসডি সানমুন এসডিএন বিএইচডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এছাড়া ৮ ও ৯ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেলানতান প্রদেশের কোতা বাহরুর জালান পাসির পুতেহ থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

post
সংবাদ

ফ্রান্সে প্রবাসীদের বাণিজ্য মেলা অনুষ্ঠিত

সোলিড্যারিটিজ এসিই ফ্রান্স-সাফ এর উদ্যোগে ফ্রান্সে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা। ঈদ বাজার প্লেস ‘দে লা রিপাবলিক’ এ আয়োজিত মেলায় ছিলো, বিভিন্ন পণ্যের ৭০ টিরও বেশি বাংলাদেশি স্টল। মেলার উদ্বোধন করেন সাফের প্রেসিডেন্ট নয়ন এনকেসহ সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ১৮তম প্যারিসের ডেপুটি মেয়র, ফরাসি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা রাখা হয় মেলায়। এছাড়াও বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সাজো, মহিলাদের জন্য সাত চারা এবং পুরুষদের জন্য ছিল, ঝুড়িতে বল ফেলানোর মতো খেলা। আয়োজকেরা জানান, স্থানীয় নাগরিককে বাংলাদেশ এবং বাংলাদেশের সাংস্কৃতির সাথে পরিচয় করে দেয়ার লক্ষ্যেই এ মেলা আয়োজন।

post
অনুষ্ঠান

জাপানে বাংলাদেশের অর্থায়নে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। ৩ মিটার উচু এ স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত হয়েছে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবীরুল ইসলাম,অতিরিক্ত সচিব হামিদুর রহমান খান,জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন শাহ আসিফ রহমান, দূতালয় প্রধান শেখ ফরিদ, প্রেস সচিব মোঃ ইমরানুল হাসান এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি উপস্থিত ছিলেন। জানা যায়, শান্তিপূর্ণ বিশ্ব অন্বেষণে জাপানের জনগণকে এবং বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেয়ার অংশ হিসেবে ‘শান্তি স্মৃতিস্তম্ভ’ নির্মাণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে এটি প্রতিষ্ঠার অনুমতি দেয় বন্ধুপ্রতিম জাপান সরকার। অনুষ্ঠানে ২য় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সময়ের সাথে মিল রেখে বেলা ১১ টা ২ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে বাংলাদেশ প্রতিনিধি দল পারমাণবিক বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। 

post
এনআরবি বিশ্ব

পাপুয়া নিউগিনিতে নিহতের সংখ্যা ৩০০

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ব্যাপক এই ভূমিধসে ১১'শ এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। শনিবার পাপুয়া নিউগিনির স্থানীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসটি আঘাত হানে। এঙ্গা প্রদেশ দেশটির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬'শ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত।

post
সংবাদ

মালয়েশিয়ায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্নিভাল এবং এ দিবস উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়ালালামপুরের দেওয়ান বাহাসা দান পুসতাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। ইউনেস্কো জাতীয় কমিশন, মালয়েশিয়ার পক্ষে তামিল ফাউন্ডেশন মালয়েশিয়া, এলএলজি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে কৌশলগত অংশীদার ছিল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এছাড়া অন্যান্য এনজিও যৌথ সংগঠক কৌশলগত অংশীদার হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্নিভালে অংশগ্রহণ করে। কার্নিভালে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া একটি সুসজ্জিত স্টল প্রতিষ্ঠা করে। যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর লিখিত বই প্রদর্শিত হয়। এছাড়া ভাষা আন্দোলনের ওপর ছবি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশন কার্নিভালে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিজয়ী ছাত্র-ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

post
অভিবাসন

মালয়েশিয়ায় অভিযানে ৮৬ জন অভিবাসীকে আটক করেছে অভিবাসন পুলিশ

মালয়েশিয়ার জোহর রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে তিনদিনের অভিযানে ৮৬ জন অভিবাসীকে আটক করেছে অভিবাসন পুলিশ। ২০ মে থেকে ২২ মে পর্যন্ত জোহরজুড়ে অভিযানে তাদের আটক করা হয়। জোহর রাজ্য অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদীন এক বিবৃতিতে জানিয়েছেন, জোহর রাজ্য ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল, বাতু পাহাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট এবং সেগামাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট ৪২টি স্থানে অভিযান পরিচালনা করে। বৈধপাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের বিষয়ে অভিযোগ এবং জনসাধারণের তথ্যের ভিত্তিতে রাজ্যের হটস্পট এলাকায় অপস সাপু, অপস সেলেরা, অপস পিন্টু, অপস মাহির এবং অপস পিক আপের মতো বিভিন্ন নামে এ অভিযান চালানো হয়।

post
এনআরবি বিশ্ব

চীনে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুর’ অনুষ্ঠিত

চীনে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুর’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চীনে বসবাসরত বিদেশি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ট্যুরটি শাংতং প্রদেশের ছিংতাও শহরে আয়োজন করা হয়। শহরটিতে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য, বাহারি খাবার এবং সুন্দর সংস্কৃতি। বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এ ভ্রমণের আয়োজন করে সিপিসি ছিংতাও ওয়েস্ট কোস্ট নিউ এরিয়া ওয়ার্কিং কমিটির প্রচার বিভাগ। আয়োজনে সহযোগিতা করে চীনের প্রভাবশালী গণমাধ্যম চায়না ডেইলি। সফরের উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ছিংতাও শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, এবং আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে নেয়া।

post
এনআরবি বিশ্ব

পাপুয়া নিউগিনিতে ভূমিধস, মাটির স্তূপে ‘জীবন্ত কবর’ শতাধিকের

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে বড় আকারে ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দেশটির কাওকালাম গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। ভূমিধসে অন্তত ৫০টি বাড়ি ধ্বংস হয়েছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশই বাড়ি থেকে বের হতে পারেননি। ফলে, এই ৫০টি বাড়িতে বসবাসকারী লোকজনদের মধ্যে অল্প কয়েকজন বাদে বাকি সবার মৃত্যু হয়েছে জীবন্ত অবস্থায় মাটিচাপা পড়ে। কাওকালাম গ্রামটির পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে, রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে।

post
এনআরবি বিশ্ব

রাখাইনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে অভিযোগ করেছেন সেখানকার মানবাধিকার কর্মীরা। এর মাঝেই বৃহস্পতিবার জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক তদন্তকারীরা সংঘাতে বিপর্যস্ত রাখাইনের ক্রমবর্ধমান লড়াইয়ের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন। নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছেন তারা। মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি আইআইএমএম এক বিবৃতিতে বলেছে, ‘‘রাখাইনে ঘটে যাওয়া সব ঘটনা ঘনিষ্ঠভাবে অনুসরণ এবং সেখানে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কি না তা মূল্যায়ন করছে তারা।’’ ২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সাথে জান্তা বাহিনীর সংঘাত বৃদ্ধি পায়। আরাকান আর্মি বলেছে, তারা রাখাইনের জাতিগত রাখাইন জনগোষ্ঠীর অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। রাখাইনে বর্তমানে নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের প্রায় ৬ লাখ সদস্য রয়েছেন। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এই ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যা আদালতে মামলা চলছে। আইআইএমএম বলেছে, ‘‘আমরা বুথিডং শহরে সহিংসতা বৃদ্ধি ও সম্পত্তি ধ্বংসসহ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান সেনাবাহিনীর তীব্র লড়াইয়ের অসংখ্য ঘটনা যাচাই-বাছাই করছি।’’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.