post
অভিবাসন

মালদ্বীপে যৌথ অভিযানে ৫০ অবৈধ অভিবাসী আটক

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে ৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় বাজারসহ রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি। অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন বিভাগ পরিচালনা করে। পরে পুলিশ সহযোগিতা করে। তারা বলেন, আইন অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭

ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থায় ২৭ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই সংখ্যা বেড়ে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২ জুলাই) জানিয়েছে, পদদলনের ঘটনা ঘটে হথরসের একটি প্রার্থনা সভায়। স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাস এবং ট্যাম্পুতে করে অনেকের নিথর দেহ নিয়ে আসা হয়েছে। ওই সময় তাদের আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং কীভাবে ভয়াবহ এই পদদলনের ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী জানিয়েছেন, প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন তখন পদদললেন ঘটনা ঘটে। হথরস বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশিষ কুমার জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০ থেকে ৬০ জনের মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছেন তারা।

post
প্রবাস রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মালয়েশিয়া শাখা বিএনপির উদ্যোগে কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বোখারিতে এ আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মোঃ কাজী সালাউদ্দিন, এম এ কালাম, হাবিবুর রহমান শিশির, ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, ইমন হাসান, যুবদল নেতা জসীম উদ্দিন ও জাসাস নেতা আসাদুজ্জামান মাসুমসহ অনেকে। এতে, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহি উদ্দিন।

post
এনআরবি বিশ্ব

শর্তসাপেক্ষে আবারও শ্রমিক নেবে মালদ্বীপ

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। তবে,তাতে কিছু শর্তও দিয়েছে দীপ রাষ্ট্রটি।এই মুহূর্তে তীব্র শ্রমিক সংকট চলছে সেখানে। এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা তুলে দিতে চায় দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মত দিয়েছেন,এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা। তাতে বলা হয়, মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন, বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘মালদ্বীপে বর্তমানে শ্রমিক সংকট আছে। তাই বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ কোটার সীমা বাদ দিতে হবে। তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের কথাও বলেছেন তিনি। এ ক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

post
সংবাদ

হংকংয় প্রবাসী নারীদের জন্য রেমিট্যান্স সম্পর্কিত সভা

হংকংয়ের বাংলাদেশি নারী কর্মীদের জন্য বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও ‘প্রবাস পেনশন’ স্কিমে রেজিস্ট্রেশন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে স্থানীয় প্রবাসী নারীদের নিয়ে এ আয়োজন করা হয়। সভায় প্রায় ১২০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং ‘প্রবাস পেনশন’ স্কিমে অংশগ্রহণের আহ্বান জানান, কনসাল জেনারেল ইসরাত আরা। পাশাপাশি নারী কর্মীদের জন্য কনস্যুলেট থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এসময় বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নারীরা।

post
এনআরবি বিশ্ব

ইমরান খানের সাজা স্থগিতের আবেদন খারিজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলায়, ৭ বছরের সাজা স্থগিতের আবেদন খারিজ করেছেন ইসলামাবাদের একটি আদালত।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল মাজোকা এ রায় ঘোষণা করেছেন। সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে ৩ ফেব্রুয়ারীতে বুশরা বিবির সাবেক স্বামী ফারিদ মানেকার অভিযোগের ভিত্তিতে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তিনি অভিযোগ করেছিলেন, বুশরা বিবি ইদ্দতকালীন ইমরান খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ: বাংলাদেশিসহ আটক-৫

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে চার বাংলাদেশি ও মিয়ানমারের এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে তাদের কারও নাম পরিচয় প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার চার বাংলাদেশিদের বয়স ২৩ থেকে ৩৭ বছর বলে জানা গেছে। মালয়েশিয়া পুলিশের সহকারী কমিশনার রজলাম আব হামিদ জানিয়েছেন,শুক্রবার অপহরণের শিকার ওই বাংলাদেশির বাবা অপহরণের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপহরণকারীরা ২ লাখ রিঙ্গিত মক্তিপণ দাবি করেন। অপহরণের পরে বাংলাদেশে তার স্ত্রীর কাছে অপহরণকারীরা একটি ভিডিও রেকর্ডিং পাঠায় এবং টাকা দিতে না পারলে সন্তানকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে কমিশনার আরও জানান, অপহরণকারীরা ভূক্তভোগীদের পরিচিত বলেও ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নির্যাতন কোডের ৩৬৫ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১ হাজার ৭০০ অভিবাসী আটক

অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ১ হাজার ৭০০ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।দেশটির সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাং এর বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া,বাংলাদেশ,নেপাল এবং মায়ানমারের নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, যেসব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরও আটক করা হয়েছে।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে ‘মুজিব’ প্রদর্শন

মালয়েশিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।দেশটির মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সিনেমাটি প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের চলমান জনকূটনীতি কার্যক্রমের ধারাবাহিকতায়, বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার অংশ হিসেবে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমা দেখতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক দাতো ড. মাজলিহাম মো. সৌদ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক কোরের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতা, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতা, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা।

post
এনআরবি বিশ্ব

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ আটক-১৬

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশিসহ ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।দেশটির রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিংমলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুজন স্থানীয় নাগরিককেও আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ১০ জন বাংলাদেশি ছাড়াও, ইন্দোনেশিয়ার চারজন এবং ভারত ও পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে স্থানীয় দুজন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। অভিযান শেষে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি এবং সাতজন স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়। তাতে দেখা যায়, ওই শপিংমলের ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.