post
বাংলাদেশ

চীনে বাংলাদেশিদের সাংস্কৃতিক উৎসব

চীনের ঝেচিয়াং নরমাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০২৪। প্রতিবারের ন্যায় এবারও সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্কয়ারে অনুষ্ঠিত হয়। উৎসবে প্রদ‍র্শন করা হয় বিভিন্ন দেশের হরেক রকম খাবারও। মোট ২৬টি স্টলে মুখরোচক বাহারি খাবারের পসরা নিয়ে হাজির হয় ২৬টি দেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়েল বেঙ্গল টাইগার ও দেশীয় দ‍র্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায়, রসগোল্লা, পাটিশাপটা, পুলি পিঠা, সেমাই ও পোলাওসহ বিশেষ স্বাদের চটপটিও। সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক তত্তাবধায়নে ছিলেন মো: মাহমুদুর রহমান রোকন, মোবারক হোসাইন ও সাদিয়া সারমিন। অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করেন, মিজানুর রহমান, মো: মারুফ, মো:আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, মিনহাজুল তাহমিদ, এস এম আদনান, হাবিব হাসান, শাকিল ভুইয়া ও জিনিয়াসহ অনেকে।

post
প্রবাস রাজনীতি

মালয়েশিয়ায় নতুন কাউন্সিলর মোরশেদ আলম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর নিযুক্ত হয়েছেন মো. মোরশেদ আলম । বৃহস্পতিবার তিনি হাইকমিশনে যোগদান করেন। মোরশেদ আলম দূতাবাসের বিদায়ী কাউন্সিলর জিএম রাসেল রানার স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মোরশেদ আলম ২০০৯ সালে বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর গ্রামের সন্তান। চাকরি জীবনে আমেরিকা, ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মোরশেদ।

post
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে, থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে, ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি। তাঁকে অভ্যর্থনা জানান, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেয়া হয়। এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
সংবাদ

বেশি দুর্যোগ আঘাত এনেছে এশিয়ায়

জলবায়ু জনিত কারণে গত বছর সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে এশিয়া মহাদেশে। এমনটাই জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও । এসময় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বন্যা ও ঝড়ে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে ডব্লিউএমও থেকে আরও বলা হয়, ২০২৩ সালে এশিয়ায় হাইড্রো-মেটিওরোলজিক্যাল ইভেন্টের সঙ্গে যুক্ত ৭৯টি বিপর্যয়ের খবর পাওয়া গেছে। তার মধ্যে ৮০ শতাংশের বেশি ক্ষেত্রে হয়েছে বন্যা ও ঝড়। যাতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। ডব্লিউএমও মহাসচিব বলেন, এশিয়ার অনেক দেশ ২০২৩ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর দেখেছে। সেই সঙ্গে তাদের সারা বছর জুড়েই খরা, তাপদাহ, বন্যা ও ঝড়ের মত চরম পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে।

post
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ানের রাজধানী তাইপে। ২২ এপ্রিল (সোমবার) দেশটির স্থানীয় সময় বিকেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। খবর এএফপির। কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বলেছেন, এই মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বা আফটারশক। হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন। চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।

post
এনআরবি লাইফ

২৩তম টোকিও বৈশাখী মেলা উদযাপিত

জাপানের টোকিওতে বৈশাখী মেলা কারি ফেস্টিভ্যাল ২০২৪ উদযাপিত হয়েছে ২১ এপ্রিল। এবার ছিল এর ২৩তম আয়োজন। তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে এই মেলার আয়োজন করা হয়। এই পার্কেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে টোকিও শহীদ মিনার, যা বিদেশের মাটিতে বাংলাদেশের অর্থায়নে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার।করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে টোকিওতে বৈশাখী মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর ২০২৩ সালে পবিত্র রমজানে বাংলা নববর্ষ হওয়ায় এর ২৪ দিন পর ৮ মে মেলার আয়োজন করে আয়োজকরা।এ বছর রমজানের পরে বাংলা নববর্ষ হলেও ঈদ পরবর্তী বিভিন্ন আয়োজন এবং মেলার মাঠ প্রাপ্তিসহ বিভিন্ন কারণে এক সপ্তাহ পরে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলাটি ঘিরে জাপান প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক উচ্ছ্বসিত ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'এসো হে বৈশাখ' গান পরিবেশনার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। এরপর উন্মুক্ত অনুষ্ঠান, জাপানি অনুষ্ঠান, ভিআইপি অতিথিদের অভ্যর্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়। এ বছর মেলার পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং টোকিও মেট্রোপলিটন সরকার।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন তোশিমা সিটি মেয়র মিয়ুকি তাকাগিওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসুহিরো শিনতো, জাপান-বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক হিরোয়ুকি সাকুরাই এবং আয়োজক সংগঠন জেবিএসের চেয়ারম্যান ওসামু ওৎসুবো। এ বছর অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণের অভিযোগ জাতিসংঘের

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। জেনেভা থেকে শুক্রবার সংস্থাটির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কর্মসংস্থানের আশায় সরকারি নিয়ম মেনে দেশটিতে গিয়ে তারা এখন চরম দুরবস্থায় রয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাস ধরেই দেশটিতে বাংলাদেশি অভিবাসীরা অসম্মানজনক অবস্থায় বসবাস করছেন। এ জন্য দেশটির সরকারের প্রতি ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবিলা এবং তাদের শোষণসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বেশির ভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখেন, তাদের যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে, সেই কর্মসংস্থান নেই। এমন অবস্থায় প্রায়ই তাদের সেখানে থাকতে বাধ্য করা হয়। এতে তারা গ্রেপ্তার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে জাতিসংঘের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। তারা উদ্বেগ প্রকাশ করেছে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে পরিচালিত অপরাধমূলক নেটওয়ার্কগুলো অভিবাসী শ্রমিকদের প্রতারণামূলক নিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। অভিবাসীরা প্রতারিত হচ্ছেন, প্রায়ই ভুয়া প্রতিষ্ঠানে নিয়োগ এবং অতিরিক্ত ফি দিতে বাধ্য করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, আমরা তথ্য পেয়েছি, উভয় সরকারের কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এ ধরনের কার্যক্রম অগ্রহণযোগ্য এবং শেষ হওয়া দরকার। এই শোষণমূলক নিয়োগের অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা উভয় দেশকে বিষয়টি তদন্ত করে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে। তারা বলেন, মালয়েশিয়াকে অবশ্যই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে শ্রম অভিবাসনকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। বিষয়টি নিয়ে এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞরা মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

post
আন্তর্জাতিক

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক স্থাপনায় লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ১৪ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের একটি বিমান হামলায় হিজবুল্লাহর কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনার বদলায় ইসরায়েলি সামরিক স্থাপনায় এ হামলা হয়। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আহত ছয় সেনার অবস্থা গুরুতর। সেনাবাহিনী আরও জানায়, লেবানন থেকে বেদুঈন গ্রাম আরব-আল আরামশে অভিমুখে ছোড়া কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই জায়গায় আঘাত হানা হয়েছে। আল-আরামশে গ্রামে ইসরায়েলি সেনারা একটি কমিউনিটি সেন্টারে ছিল বলে জানিয়েছে ইসরায়েলের ইনেট নিউজ সাইট।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে

সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বেশ বড়। এদের মধ্যে কিছু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ আমিরাতের গন্ডি পেরিয়ে ব্যবসার ক্ষেত্র প্রসারিত করছেন বহিঃবিশ্বে। তাদেরই একজন সিলেটের মুরাদুল ইসলাম। বিগত ত্রিশ বছর ধরে মরুর দেশটিতে এই প্রবাসী করছেন সুগন্ধি ব্যবসা।সিলেটের ওসমানী নগর বালাগঞ্জ থানার মৃত আবুল হোসেনের ছেলে মুরাদুল ইসলাম। প্রায় চার দশক আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চার বছর চাকরির পর ১৯৯১ সালে স্বল্প পরিসরে শুরু করেন, সুগন্ধি তৈরীর প্রধান কাঁচামাল আগার উদের ব্যবসা। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে ১৯৯৬ সালে আবুধাবিতে শুরু করেন নিজস্ব প্রতিষ্ঠান "রিহ্ আল মাদিনা উদ এন্ড পারফিউমস কোম্পানি এলএলসি"। পরে দুবাইতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, বেশ কয়েকটি আউটলেট এবং আজমানে তৈরি করেন কারখানা।ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে কাঁচামাল হিসেবে আগার উদ আমদানি করে প্রসেসিং-এর পর তা সরবরাহ করা হয়। আমিরাতের বিভিন্ন রাজ পরিবার ও সরকারী দপ্তরের পাশাপাশি সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে সুগন্ধি সরবরাহ করছে মুরাদুল ইসলাম।বর্তমানে ইউরোপ, আমেরিকা ও কানাডায় সুগন্ধি রপ্তানির মাধ্যমে সেখানেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে যার কার্যক্রম শুরু হয়েছে যুক্তরাজ্যে সুগন্ধি সরবরাহের মাধ্যমে।সিলেট ইবনে সিনা হাসপাতালের অংশীদার মুরাদুল ইসলাম বাংলাদেশেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দেশের মানুষের জন্যেও কিছু করতে চান সফল এই রেমিটেন্স যোদ্ধা।

post
বিশেষ প্রতিবেদন

মন ভালো রাখতে মেনে চলুন কিছু নিয়ম

মন ভালো রাখতে আমরা কত কিছুই না করি। তবে সহজ কিছু উপায় আছে যেগুলো মেনে চললে মন ভালো রাখা যায়। আসুন টিপসগুলো জেনে নেই: ঘুম: মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার। খাবারের সময় বদল করবেন না। আর প্রতিদন অন্তত ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম আর খাওয়া ঠিক থাকলে আপনার মন এমনিই ভালো থাকবে। হাসি: মন ভালো রাখতে চাইলে হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায়। তাই প্রাণ খুলে হাসুন। হাসি মস্তিষ্কে এন্ডরফিনের মাত্রা বাড়ায়, যা মানসিক শান্তি প্রদান করে। ঘুরতে বের হন: সপ্তাহে একদিন এমন জায়গায় ঘুরে আসুন যেখানে শান্তি আছে, বা মানুষের ভিড় অনেক কম। এতে মনে প্রশান্তির সৃষ্টি হয়। পারলে খেলাধুলা করুন, সেটা অবশ্যই খোলা মাঠে। পরিষ্কার থাকুন: নিজের বাড়ি বা অফিসের ডেস্ক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জামা কাপড়, বই, ম্যাগাজিন সবই নিজের জায়গায় রাখুন। পরিচ্ছন্নতা মন ভালো রাখে। বন্ধুদের ফোন করুন: ম্যাসেজ করবেন না, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন। তাঁকে বলুন আপনার কষ্টের কথা। পরামর্শ চাইতে পারেন তাঁর কাছ থেকে। নতুন কিছু করুন: নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করুন। জিমে ভর্তি হোন বা রান্নার ক্লাসে ভর্তি হোন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তাঁর পরিকল্পনা করুন। এছাড়াও চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। সুযোগ থাকলে গোসল করে পরিষ্কার কাপড় পরুন। এই সামান্য কাজটাও আপনার মন ভালো করে দিতে পারে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.