post
বাংলাদেশ

আন্দোলনের নামে অরাজকতা কাম্য নয়: প্রধানমন্ত্রী

অবরোধ-অগ্নিসন্ত্রাসের কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, আন্দোলনের নামে এমন অরাজকতা কাম্য নয়- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে,প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেয়া অনুদান গ্রহণকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন যেমন একটা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে,সেটি মোকাবেলায় সবাইকে নজর দিতে হবে। সকলে সহযোগিতা করলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না। এসময় বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি,মাঠ প্রশাসনকে সিইসির নির্দেশনা;গণতন্ত্র না থাকলে ভোটের বিষয় অপ্রাসঙ্গিক,বিশ্লেষকের মন্তব্য

মাঠে নির্বাচনী আমেজনির্বাচনে, ভোটারদের ভোট প্রয়োগের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত মাঠ প্রশাসন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় সিইসি বলেন,নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন। তাই এর গুরুত্ব অনুধাবন করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন,গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি। মূল চাওয়াটা হচ্ছে ভোটাধিকার যেন ব্যাহত না হয়। ভোটাররা যেন ভোট দিতে পারেন। এই জিনিসটা আমরা দেখতে চাই। নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন,নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে। প্রতিদিন পক্ষে-বিপক্ষে বক্তব্য হচ্ছে। একটা ডাইমেনশনও পেয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দেখতে আগ্রহী বলেও জানান সিইসি। এর আগে মাঠ প্রশাসনের কর্মকর্তারাও তাদের প্রতিক্রিয়া জানান আলোচনা অংশে। তবে গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি। ভোটাররা যেন ভোট দিতে পারেন। সিইসির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ব্রতির’র প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, ভোটই তো করা হয় গণতান্ত্রিক মতামত তুলে ধরার জন্য। তবে এখানে সিইসি গণতন্ত্রের চেয়ে ভোটের বা নির্বাচনে গুরুত্ব বেশি বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট না। কারন যেখানে গণতন্ত্র থাকে না সেখানে ভোটের বিষয়টিইতো অপ্রাসঙ্গিক। ##

post
বাংলাদেশ

উদ্বোধনের আপেক্ষায় এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলস্টেশন কক্সবাজার !

এবার ট্রেনে করে সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার! যেতে সময় লাগবে মাত্র ৭ ঘন্টা । আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা ! ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি। আর এই স্বপ্নপূরণের ক্ষণগণনা করছেন সমুদ্র শহর কক্সবাজারবাসী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাদের। আগামীকাল ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে যাচ্ছেন নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেল লাইন ও নান্দনিক আইকনিক রেলস্টেশন। এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলস্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। হয়েছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ। স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে পর্যটকরা থাকতে পারবে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বিভিন্ন জেলায়

দেশের বিভিন্নস্থানে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের মাধ্যমে উপকার ভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুলনার তেরোখাদার ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারসহ সুবিধাভোগীরা। এদিকে,প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,যশোরের শার্শা উপজেলার হাজারো সুবিধাভোগী মানুষ।শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করে,উপজেলা প্রশাসন।এসময় সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার সুবিধাভোগী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

post
বাংলাদেশ

বৃহস্পতিবারেও উত্তাল ছিল গাজিপুরের পোষাক শিল্প এলাকা

বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবারেও গাজিপুরের চান্দনা চৌরাস্তা,রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বহৃস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার,হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে। এসময় ওই এলাকার কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, মজুরি বৃদ্ধির দাবীতে আজও আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকরা সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

post
বাংলাদেশ

যোগাযোগ শিক্ষা-স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে লাভবান লক্ষ্মীপুরের মানুষ

সরকারের উন্নয়ন ধারায় পাল্টে গেছে লক্ষ্মীপুর জেলার চিত্র। সারাদেশের মতো এ জনপদেও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এখন অল্প সময়ে বিভিন্ন স্থানে যাতায়াতের সুবাধে কৃষিপণ্য ও মেঘনার ইলিশসহ বিভিন্ন পন্য দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করা সম্ভব হচ্ছে। একইসঙ্গে উন্নয়নের ছোঁয়া লেগেছে জেলার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগেও।সড়কপথে আমূল পরিবর্তনে অর্থনৈতিকভাবে চাঙ্গা হচ্ছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। প্রশস্তকৃত লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়ক বছরখানেক আগে উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর-রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কটি প্রশস্তকরণসহ সংস্কার কাজ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলেই। এছাড়া নোয়াখালী-লক্ষ্মীপুর-রামগতি সড়ক ও উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত বাজার সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। চলতি বছরই সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ৪০ কিলোমিটার সংষ্কার কাজ। আওয়ামী লীগ সরকারের এসব উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হোসেন মাসুম ভূঁইয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান। এদিকে, লক্ষ্মীপুরে ১০০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিতকরণ করা হয়েছে। সদর উপজেলার বটতলীতে নির্মিত হয়েছে মডেল মসজিদ। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল পাস হয়েছে।

post
বাংলাদেশ

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ঝটিকা মিছিল

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার সকালে উত্তরা আশুলিয়া সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব মিছিল বের করা হয়। অবরোধের সমর্থনে রাজধানীতে শাহবাগ থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদল পৃথক মিছিল করেছে। এছাড়া অবরোধ সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

post
সংবাদ

তৃতীয়দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে ভাংচুর-অগ্নিসংযোগ

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি। বৃহস্পতিবার সিলেট নগরীর শাহী ঈদগাহ, উচা সড়ক এলাকায় মিছিল করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। এছাড়া সকালে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, ফেনী শহরের ট্রাংক রোডে জেলা বিএনপি'র সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ,মিছিল ও পিকেটিং করেছেন।অন্যদিকে, বরিশালের গৌরনদীতে বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের বিস্কুট বোঝাই একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগীর খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

post
আন্তর্জাতিক

সাধারণের জন্য সামাজিক ব্যবসা, কোন ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নেই: ড. মুহাম্মদ ইউনূস

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার উদ্যোগই ব্যক্তিগতভাবে লাভের জন্য তিনি করেন নি। গ্রামীণ ব্যাংক কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠানই সব জনগনের জন্য। আজ বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার আত্মপক্ষ সমর্থন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।ড. ইউনূস বলেন, অভিযোগের বিষয়ে যা বলার সেটি লিখিতভাবেই জমা দেয়া হয়েছে, চাইলে, যাতে সবাই দেখতে পারে। তিনি বলেন, মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে মুনাফা করার জন্য। আমরাও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা করে বড় করেছি। কিন্তু এসব কার্যক্রমই সামাজিক ব্যবসা। যেখানে ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের উপকার হয়। এর মূল বিষয়টি হলো, এসব ব্যবসায় যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন না। কাজেই আমি হচ্ছি এই সামাজিক ব্যবসার প্রবক্তা। বিশ্বব্যাপী এটি আমি প্রচার করার চেষ্টা করেছি। এসব কার্যক্রমের ভেতরে আমার ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। বাকিরাও কোনো ধরনের অপরাধ করেননি উল্লেখ করে তিনি বলেন, আমার সঙ্গে যারা আছেন তারাও মুনাফা অর্জনের জন্য দায়িত্ব পালন করেননি। মানুষের উপকার করাটাই মূল লক্ষ্য। ব্যবসা প্রতিষ্ঠানে মালিক মুক্ত থেকেছেন দাবি করে ড. ইউনূস বলেন, আমার উদ্দেশ্য ছিল আমি মালিকানা মুক্ত থাকব। সে জন্য কোনো কিছুতেই আমি মালিক হইনি। আমি সেটাই ফলো করে যাচ্ছি। যেখানে আমি নিজেই মালিকানামুক্ত থাকতে চাই সেখানে আমি আরেকজনের কাছ থেকে কেড়ে আনব কেন? প্রসঙ্গত, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনুসসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানকে আসামি করা হয়। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইন ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

post
সংবাদ

নিয়ম রক্ষার আয়োজন চললেও তৈরী হচ্ছে না নির্বাচনী পরিবেশ,অভিমত বিশ্লেষকদের

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন। এসময় সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এতথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।সিইসি বলেন, দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার ইস্যুতে একদফা দাবী নিয়ে আন্দোলন করছে অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো। চলছে তাদের অবরোধ হরতালের কর্মসূচি। কিন্তু এর মধ্যে নির্বাচনী পরিবেশ ও তফসিল ঘোষনার পরিবেশ সুষ্ঠু বলে দাবী আসছে নির্বাচন কমিশন। এপ্রসঙ্গে জানতে কথা হয় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক ড.নাজমুল আহসান কলিমুল্লাহর সঙ্গে।তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান ইস্যুতে বিদেশী বিভিন্ন মহলের প্রেসক্রিপশনের টিক মার্ক পূরন করছে সরকার।তড়িঘরি করে ৪৪ দলকে নিয়ে নির্বাচনী সংলাপ আয়োজন করা হলেও, মূলত যাদের সঙ্গে আলোচনা দরকার ছিল, তারাই ছিল অনুপস্থিত। কার্যত নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায় চলছে নির্বাচন আয়োজন। সংকট সমাধানের কিছুই দেখা যাচ্ছে না। তবে সব শেষ রাষ্ট্রপতি চাইলে এখন রাজনৈতিক সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ইস্যুর সমাধান আসতে পারে বলে মনে করেন এই নির্বাচন পর্যবেক্ষ ও বিশ্লেষক ড. কলিমুল্লাহ।##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.