post
সংবাদ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, রাজধানীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় নেতারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অবরোধ কর্মসূচির নামে কোনো সহিংসতা করলে তাদের রাজপথে সমুচিত জবাব দেয়া হবে। নির্বাচনের আগপর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।

post
বাংলাদেশ

গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে বিএনপি, মন্তব্য কাদেরের

গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে, দলটির নেতারা ভার্চুয়ালী তাদের কর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি।

post
এনআরবি সাফল্য

মার্কিন নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান রাজনীতিবিদদের জয়-জয়কার

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশিদের জয়-জয়কার। দেশটির ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর হিসেবে বাংলাদেশি আমেরিকান সাদ্দাম সেলিম বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ (মেয়রের সমপর্যায়ের ক্ষমতাবান) পদে বিজয়ী হয়েছেন আরেক বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ। এদিকে নিউইয়র্ক সিটি কাউন্সিলে পুনরায় জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভ’ত শাহানা হানিফ। মিলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর হিসেবে পুনরায় জয়ী হয়েছেন নুরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া। হাডসন সিটি কাউন্সিলেও ৪ বাংলাদেশি আমেরিকান পুনরায় বিপুল বিজয় পেয়েছেন। এরা হলেন, কাউন্সিলম্যান শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার এবং রনী ইসলাম ও ওয়ার্ড সুপারভাইজার আব্দুস মিয়া। অপরদিকে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে দায়িত্ব পালনরত কামরুল হাসান টানা চতুর্থবারের মতো আবারো বিজয়ী হয়েছেন। এই সিটির নির্বাচনে প্রথমবারের মত কাউন্সিলর পদে বিজয়ী হলেন মোহতাসিন সাদমান। বিজয়ীরা ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন। নোয়াখালী জেলা সদরের সন্তান সাদ্দাম সেলিম ৭০% ভোট পেয়ে স্টেট সিনেটর হওয়ায় মার্কিন মুল্লুকে বাংলাদেশি আমেরিকান সিনেটরের সংখ্যা ৪ হলো। অপর সিনেটররা হলেন শেখ রহমান, মাসুদুর রহমান এবং নাবিলা ইসলাম। বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য কাউন্সিলওম্যান হিসেবে নির্বাচিত হলেন শাহানা হানিফ। তিনি ৭৫% ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী ড. নীনা আহমেদ এবার তৃণমূলের ভোটে ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ হিসেবে জয়ী হওয়ায় প্রবাসীরা উৎসবে মেতেছেন। উল্লেখ্য, ড. নীনা এর আগে পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল এবং লেফট্যানেন্ট গভর্ণর পদে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে লড়েছেন। কিন্তু জয়ী হতে পারেননি। সামগ্রিক অবস্থা বিবেচনায় রেখেই সিটি মেয়রের সমমর্যাদার একটি আসনে বিজয়ী হলেন। ড. নীনা হচ্ছেন এই সিটির প্রথম দক্ষিণ এশিয়ান কাউন্সিলম্যান ও প্রথম মুসলিম নারী। বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, কানেকটিকাট স্টেটের সিনেটর মাসুদুর রহমান এবং মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে ড. নীনাকে। গভীর রাত অবধি এই সংগঠনের নেতা-কর্মীরা বিজয় উৎসব করেন ফিলাডেলফিয়া সিটিতে। 

post
এনআরবি সাফল্য

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ড. নিনা আহমেদ

ড. নীনা আহমেদ পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমোক্র্যাটিক পার্টি হতে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী হয়েছেন। ৭ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৯ জন প্রার্থী লড়াই করেছিলেন, যেখানে বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ অন্যান্যদের হারিয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন। এই পদের গুরুত্ব এত বেশি যে এটি শহরের মেয়রের মতোই সার্বিক ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং মেয়রের সমান্তরাল ক্ষমতা বহন করে। কাউন্সিলম্যান অ্যাট লার্জ হিসেবে ড. আহমেদ সিদ্ধান্ত গ্রহণে মেয়রের পরামর্শ এবং সহযোগিতা প্রদান করবেন। এই নির্বাচনে ড. আহমেদের পাশাপাশি আরও ৪ জন বিজয়ী হয়েছেন। ড. আহমেদ এর আগে ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিজয়ে, আমেরিকার বাংলাদেশি কম্যুনিটি আনন্দের সাথে উদ্বেলিত হয়ে উঠেছে এবং সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। এদিকে, মিলর্বন বরোর কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশি, মোঃ নূরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নূরুল হাসানের এটি তৃতীয়বারের মতো জয়, এবং সালাহউদ্দিন মিয়া প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় এটি তাঁর জন্য নতুন মাইলফলক। মিলর্বন বরো এখন বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত হচ্ছে, যেখানে মেয়র, কাউন্সিলম্যানদের এবং ট্যাক্স কালেক্টর পদে বাংলাদেশি আমেরিকানরা বিজয়ী হয়েছেন। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া এই তিনজনের বিজয়ের জন্য তাঁদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এই বিজয় নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

post
সংবাদ

মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের লোভ দেখিয়ে ষড়যন্ত্র চলছিল : ডিবি প্রধান হারুন

বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে সংবাদ সম্মেলন করিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী।আজ সোমবার দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আরেফিকে জিজ্ঞাসা শেষে কারা ফটকে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। এসময় তিনি বলেন,হাসান সারওয়ার্দী কথিত বাইডেনের উপদেষ্টাকে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করিয়েছেন। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকায় বিএনপির ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা, একজন পুলিশ সদস্যকে হত্যা ও সন্ধ্যায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে সঙ্গে নিয়ে হাসান সোহরাওয়ার্দীর পার্টি অফিসে গিয়ে সংবাদ সম্মেলন একসূত্রে গাঁথা। এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা জড়িত। আমরা তাদের অনেককে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। ##

post
বাংলাদেশ

আলু-পেঁয়াজের দাম কমবে মাসখানেকের মধ্যে: বাণিজ্য সচিব

ডিসেম্বরের আগে আলু-পেঁয়াজের অস্বাভাবিক দামের বিষয়ে সুফল মিলছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, এক মাস হয়তো চাপের মধ্যে থাকতে হবে।মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিনিয়র সচিব বলেন,‘এটা ঠিক যে মূল্যস্ফীতির যে হিসাব করা হয় সেখানে নিত্যপ্রয়োজনীয় যে পণ্যগুলো, সেগুলোর কিন্তু ওয়েটেজটা বেশি। যেহেতু এখানে ওয়েটেজ বেশি যেহেতু অক্টোবর মাসে কয়েকটা পণ্যের দাম বেশি হয়ে গেছে, বিশেষ করে পেঁয়াজ, আলু ও ডিম। এটা শুধু আমাদের কারণে নয়। যেমন পেঁয়াজ কিন্তু রপ্তানি বন্ধের কারণে, ইন্ডিয়া থেকে আসছে না। আলুটা যেমন আমদানি বন্ধ ছিল, এখন আমরা ওপেন (আমদানি) করে দিয়েছি। অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত।’ ‘আশা করি এটা আগামী মাস থেকে কমে আসবে। তবে ডিসেম্বরের শেষে ভালো ফল পাওয়া যাবে আমি আশা করি। আগামী একমাস হয়তো আমাদের একটু চাপের মধ্যে থাকতে হবে, যেহেতু কৃষিপণ্য এটাকে জোর করে ইয়ে (উৎপাদন) করার সুযোগ নেই। হয় উৎপাদন না হয় বিদেশ থেকে আমদানি।’

post
বাংলাদেশ

আন্দোলন সংগ্রামে গার্মেন্টস কর্মীদের নূত্যতম মজুরি হল সাড়ে ১২ হাজার; একাংশের প্রত্যাখান , শুক্রবার সমাবেশ

৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।এরআগে দুপুরে সেগুনবাগিচায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণী ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে মজুরি বোর্ডের সভাকক্ষে রুদ্ধদার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন মজুরি বোর্ডের সামনে অধিকার আদায়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেলেন আন্দোলনরত শ্রমিকরা। এদিকে, বিকেলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণার বিষয়ে মুখ খুলেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি ও মজুরি বোর্ডে থাকা শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা খুশি নয়, তবে রাজনৈতিকসহ বিভিন্ন পরিস্থিতি মিলিয়ে তারা এটা মেনে নিয়েছেন। অনেকগুলো দাবি আছে, গেজেট হওয়ার সময় সেগুলো পরিষ্কার হওয়া যাবে। তবে এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। যৌক্তিক পরিমাণে মজুরি বৃদ্ধি না করার প্রতিবাদে আগামী শুক্রবার সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মজুরি বোর্ডে থাকা মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, মালিকপক্ষ সবসময় সহনশীল। মালিকপক্ষের সামনে দিয়ে যখন শ্রমিকরা ভাঙচুর করে, আমরা কিন্তু কখনো আমাদের শ্রমিকদের বিরুদ্ধে অ্যাকশনে যাই না। গত ক’দিন ধরেই ঢাকার মিরপুর ও সাভারের আশুলিয়াতেও মজুরী বৃদ্ধির দাবী বিক্ষোভ ভাংচুর করেছে গার্মেন্টস শ্রমিকরা। আজও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও এর আশপাশের বিভিন্ন কারখানার বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় বিক্ষোভকারী শ্রমিকরা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করর্যব। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও র্যা ব সদস্যরা। ##

post
সংবাদ

স্বাস্থ্যখাতে জনবলের সংকট : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে উন্নয়নে জনবলের সংকট সব থেকে বড় চ্যালেঞ্জ, তবে এরপরও স্বাস্থ্যসেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে- বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার সকালে সচিবালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদের বিজয়লাভ ও বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর ও ফাইলেরিয়া মুক্ত হওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সবধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বাস্থ্যখাত এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

বিএনপি-জামায়াতের অবরোধে সোমবারেও ভাংচুর-অগ্নিসংযোগ

বিএনপি-জামায়াতের অবরোধে আজও দেশের বিভিন্নস্থানে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বরিশাল নগরীর ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। এদিকে, গাজীপুরে অবরোধ চলাকালে পৃথকস্থানে ৩টি পরিবহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে একটি বাসে,পরে বিলাশপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে ঈশ্বরদী রেলগেটে পাঁচটি ককটেল বিস্ফোরণ,রেললাইনে অগ্নিসংযোগ ও একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও, কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও মদনপুর এলাকায় পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

post
বাংলাদেশ

নেতাকর্মীর স্বজনদের পুলিশি হয়রানীর অভিযোগ রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মীদের কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।সোমবার সকালে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। তিনি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.