post
খেলা

লিটনবিহীন বাংলাদেশের একাদশে কারা, জিম্বাবুয়ের বিপক্ষে?

গত জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ দল। এরপর থেকে ৫০ ওভার ক্রিকেট থেকে দূরে টাইগাররা। দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন পেসার নাহিদ রানা। আসন্ন ত্রিদেশীয় সিরিজেও এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া স্কোয়াডে প্রায় সবাই-ই আছেন। একাদশে চমক হতে পারেন আলিস আল ইসলাম। আবুধাবির মাঠে আলিসের সঙ্গে থাকতে পারেন আরেক স্পিনার রিশাদ হোসেন। পেসার ত্রয়ী হিসেবে থাকতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। তবে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। এশিয়ান গেমসে বল হাতে কার্যকর হতে পারেননি। পেস ইউনিটে ঢুকতে পারেন হাসান মাহমুদও। বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তা ব্যাটিং ইউনিট নিয়ে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ভালো ফর্মে থাকলেও তার সঙ্গে কে নামতে পারেন তা নিয়ে কিছুটা দোটানা আছে। তার সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা সাইফ হাসানকে। অসুস্থতা কাটিয়ে সর্বশেষ টেস্ট দিয়েই দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আজও খেলবেন। এ ছাড়া ব্যাটিংয়ে পরের পজিশনগুলোতে দেখা যাবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনদের। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

post
বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৬ দিনে মারা গেছেন ৯৭ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা গেছেন।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৭৩ জন, ময়মনসিংহে ৬৭ জন এবং রংপুরে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে।

post
বাংলাদেশ

নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রিয়াদগামী বিমানের ফ্লাইট

সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ওই রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।অন্যদিকে, প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের। তবে ফ্লাইট চালুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।বিমান জানায়, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটলেও সৌদি আরবে যাতায়াতের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন যাত্রীরা। বর্তমানে এ দু’টি রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে মদিনা রুটে বেশি আসনসংবলিত উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে।এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌদি আরবগামী ও দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের যাতায়াতের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি।ফ্লাইটের সময়সূচি, টিকিট কেনা ও বুকিং-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

post
বাংলাদেশ

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে।শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রী গেলেন নিজের সাবেক কলেজে, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার আহ্বান

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। নিজের একসময়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তাদের এগিয়ে আসতে হবে।ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এর ফলে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দু’টি আবেদন-দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’

post
বাংলাদেশ

ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের অস্থিতিশীলতা ঠেকাতে কড়া নজরদারি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর- ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চয়ের মুখপাত্র মাহদী আমিন।বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

post
বাংলাদেশ

কোটাআন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. রিয়াজ হোসেন। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৭ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মো. রিয়াজ হোসেন বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হক রাড়ীর ছেলে এবং মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বড় ভাই রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড়ভাই রেজাউল করিম জানান, আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের অবস্থা সংকটাপন্ন ছিল। কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়। শনিবার সন্ধ্যার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

post
খেলা

ক্রিকেট বোর্ডের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ক্রীড়া উপদেষ্টা

সরকার পরিবর্তনের ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে দেশের সেরা দুই খেলা ক্রিকেট ও ফুটবলের পরিবর্তন চাইছেন অনেকে। সেই পরিবর্তনের পক্ষে মত দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজন ভূঁইয়া বলেন, দেশে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না। একই সঙ্গে ক্রীড়াঙ্গন থেকে দুর্নীতি ও রাজনীতি দূর করার ঘোষণা দেন তিনি।রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সংবাদ সম্মলেনে নিয়মিতভাবে দুর্নীতির খবর প্রকাশ করায় ধন্যবাদ দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা এরই মধ্যে ক্রীড়াক্ষেত্রে যে দুর্নীতি ও অন্যায়ের অভিযোগগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। আপনারা সেগুলো খুঁজে বের করে মিডিয়ায় প্রকাশ করছেন। আপনাদেরও ধন্যবাদ জানাই। এ বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, এজন্য আমি এরই মধ্যে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমাদের প্রত্যেক ফেডারেশনের যে গঠনতন্ত্র আছে, সেগুলো (গঠনতন্ত্র) যেন গণতান্ত্রিক হয়, একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেগুলোও প্রভাবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।’ক্রিকেট ছাড়াও দেশের পুরো ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কথা জানান তিনি, ‘খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে। সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দেব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা দেখবে। যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা আছেন কিনা (দায়িত্বে) এবং তাদের ব্যাকগ্রাউন্ড কী, কিসের ওপর ভিত্তি করে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা (সার্চ কমিটি) প্রতিবেদন প্রকাশ করবেন। যে খেলার সঙ্গে যিনি সংযুক্ত এবং কাজ করে আসছেন, তাদের দিয়েই ফেডারেশনগুলো ঢেলে সাজাব। রাজনৈতিক সংশ্লিষ্টতা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব।’

post
বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে।রোববার ( ১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।এর আগে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা সই করা অপর এক আদেশে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

post
বাংলাদেশ

খাগড়াছড়িতে পাহাড়ধস, ছিল যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় সড়কের দুপাশে আটকা পড়ে ছিলো বহু যানবাহন।শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারার পুলিশ বক্সের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।আটকে পড়া যাত্রীরা জানান, সকালের দিকে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়ে যাওয়ার ফলে ২ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিলো। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।তাছাড়া ক্রমাগত বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা বিদ্যুৎ অফিস।মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন ও জিবক কান্তি বড়ুয়া জানান, রাত থেকে ক্রমাগত বৃষ্টির কারণে কয়েকটি বড় গাছ ভেঙে ও পাহাড় ধসে বিস্তৃত মাটি সড়কে পড়ে যায়। ফলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.