post
ক্যাম্পাস লাইফ

আইজিইউ'র সঙ্গে সিটিও ফোরামের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বাংলাদেশি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের মালিকানাধীন ‘ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি’র সঙ্গে সিটিও ফোরাম বাংলাদেশের এক সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ নভেম্বর) স্থায়ী ক্যাম্পাসে ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির পক্ষে চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ ও সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তথ্য নিরাপত্তা জোটের মডারেটর তপন কান্তি সরকারের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় আইজিইউ’র চ্যান্সেলর বলেন, যে কোন প্রতিষ্ঠানের গতিশীলতা আনতে এক একটি নতুন উদ্যোগ ও সুন্দর সুন্দর কর্মপরিকল্পনা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকের এ সমঝোতা চুক্তিটি আমাদের সামনে অগ্রসর হতে আরও সাহায্য করবে। এ সময় উপস্থিত ছিলেন, আইজিইউর সিএফও ফারহানা হানিপ, বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান কে বার্ক , আইগ্লোবাল ইউনিভার্সিটির অপারেশন্স ও রেজিস্ট্রার ভাইস প্রেসিডেন্ট ডাঃ শেন চো সহ আরও অনেকে।

post
যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। ১৬তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। নিউ ইয়র্ক শহরে জমকালো এই আয়োজন মুখরিত ছিল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে। এতে উপস্থিত ছিলেন আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপসহ অনেকে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখতেই নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এ ব্যাপক আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও অংশ নিয়েছেন, আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এস আই টুটুল, কোনাল, সাংবাদিক মনজুর কাদের জিয়াসহ প্রমুখ। এই আসরে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেয়া হয়।

post
যুক্তরাষ্ট্র

আইজিইউ’র ক্যাম্পাসে দীপাবলি উৎসব উদযাপন

আলোর উৎসব দীপাবলি। শুক্রবার দীপাবলি উপলক্ষ্যে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা মেতে ছিল তাদের দ্বিতীয় বৃহত্তম এ উৎসবে। এ সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আইগ্লোবাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে উৎযাপন করা হয় দীপাবলি উৎসব। শুক্রবার প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। ক্যাম্পাসে দীপাবলি পালন করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানটির হিন্দু শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, সিএফও ফারহানা হানিপ ও সভাপতি ড. হাসান কে বার্ক। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিপ বলেন, আমাদের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের দীপাবলি উৎসবের শুভেচ্ছা। দীপাবলির আলোতে সবার জীবন উজ্জীবিত হোক এটাই আমাদের কাম্য।

post
যুক্তরাষ্ট্র

প্রবাসীদের দেশে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতিবন্ধকতাগুলো (আরো যদি থাকে) খুঁজে বের করব এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরো সুবিধাজনক করব।’ কিভাবে বিনিয়োগ করতে হবে সেসব নির্দেশনা অনলাইনে পাওয়া যাবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কিভাবে বিনিয়োগ করতে হবে বা করলে আপনাদের অসুবিধা হবে না ইতোমধ্যে বিডাতে (বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ) সব ধরনের নির্দেশনা দেওয়া আছে। আপনারা বিডাতে অনলাইনে গেলে সব পেয়ে যাবেন।’ দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আসছে। আমি এইটুকু বলবো যে বাংলাদেশকে আমরা সার্বিকভাবে উন্নতি করে দিচ্ছি।’ দেশে রেমিট্যান্স পাঠালে তার ওপর প্রণোদনা দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘২ শতাংশ প্রণোদনার দাবি কেউ উঠাননি। এটা কোনোদিন কারো মাথায়ও আসেনি। স্বেচ্ছায় আমি নিজে থেকে দিয়েছিলাম।’

post
যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরার আহ্বান

বাংলাদেশকে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হক বলেন, বাংলাদেশের গল্প গল্পগুলো আমরা সঠিক ভাবে তুলে ধরতে পারি না। সুতরাং বাংলাদেশকে বিশ্ব দরবারে ব্রান্ড করতে আমাদের গল্পগুলো সঠিক ভাবে তুলে ধরতে হবে। তাহলে বিশ্ববাসী জানতে পারবে বাংলাদেশ সম্পর্কে।অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনেক ইনটিলিজেন্স ডিভাইস বাংলাদেশেই তৈরি করা সম্ভব। গত ৩০ অক্টোবর শনিবার এক নৈশ ভোজের আয়োজনের মধ্যে ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হককে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। ব্রিজ টু বাংলাদেশ এবং ম্যাক্স গ্রুপের সিইও আজাদুল হককে এ সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রকৌশলীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।

post
যুক্তরাষ্ট্র

আইজিইউ’র শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

সাদিয়া ইসলাম: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয় ‘আই গ্লোবাল ইউনিভার্সিটি’র (আইজিইউ) মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) সহ বিএসআইটি, এমএস সিএস, এমএসআইটি কোর্সে বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ অক্টোবর শনিবার নানা আয়োজনের মধ্যদিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভার্জিনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, বিভিন্ন দেশ থেকে আগত অসংখ্য শিক্ষার্থীর মধ্যে এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড. হাসান কে বার্ক শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর আবুবকর হানিপ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ অনেক অভিজ্ঞ। আপনাদের যে কোন সমস্যা তাদের সাথে শেয়ার করতে পারেন। তাদের অভিজ্ঞতা আপনাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদেরকে স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে চ্যান্সেলর আবুবকর হানিপ বলেন, সরকার প্রতি বছর ৮৫ হাজার দক্ষ কর্মী বিদেশ থেকে নিয়ে আসে ইউএসএতে। অথচ ইউএসএতে পড়ালেখা শেষ করে বেশিরভাগ শিক্ষার্থীদেরকে শুধুমাত্র একাডেমিকাল নলেজ নিয়ে ফিরে যেতে হয় নিজ দেশে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে প্রযুক্তিগত শিক্ষা সংমিশ্রণের অভাবকে। এখানে আসা স্টুডেন্টদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে প্রযুক্তিগত শিক্ষার সংমিশ্রণের মাধ্যমে ইউএসএ'র জব মার্কেটের জন্য যোগ্য করে গড়ে তোলাই আই গ্লোবাল ইউনিভার্সিটি মূল লক্ষ্য বলে জানান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইউনিভার্সিটি প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ শিক্ষক নিয়োগ করেছেন এবং আশা করছেন তাদের এই চেষ্টার ব্যাপক সফলতা তারা পাবেন। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষা দিয়ে আসছে। যা যুক্তরাষ্ট্রে আর কোন বিশ্ববিদ্যালয় এখনো চালু করেনি। এটাই আমাদের বিশেষত্ব এবং ইতিমধ্যেই সে স্বীকৃতি আমরা পেয়েছি নিরপেক্ষ একটি সংস্থা পরিচালিত জরিপে। আইগ্লোবাল ইউনিভার্সিটির MBA প্রোগ্রামটির পরপর দ্বিতীয় বছরের জন্য Intelligent.com দ্বারা দেশব্যাপি প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ১ নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত হয়েছে। Intelligent.com উচ্চ শিক্ষা পরিকল্পনাকারী একটি সংস্থা, শীর্ষ বিবিএ এবং এমবিএ প্রোগ্রামগুলো নির্ধারণের জন্য দেশের ১৭৭ টি কলেজ এবং বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করেছে। প্রতিটি প্রোগ্রাম পাঠ্যক্রমের গুণগতমান, স্নাতকের হার, খ্যাতি এবং স্নাতকোত্তর কর্মসংস্থানের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছিল। সেরা ২৫টি বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও এক নম্বর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির সিএফও ফারহানা হানিপ নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আই গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক কম খরচে ও সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।ফারহানা হানিপ আরও বলেন, পিপলএনটেক আই গ্লোবাল ইউনিভার্সিটির একটি অঙ্গ প্রতিষ্ঠান। সেখানে আমি ১৬ বছর কাজ করেছি। সেহেতু স্কিল ডেভেলপমেন্টের অভিজ্ঞতাকেও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (অপারেশন এ্যান্ড রেজিস্টার) ড. শান চো, ভাইস প্রেসিডেন্ট (ডিস্ট্যান্ট এডুকেশন) ড. জেফরী জি পিরিম, আইটি স্কুলের পরিচালক এ্যাপোস্টোলস ইলিওপোলাস, পরিচালক (স্কুল অব বিজনেস) ড. মার্ক এল রবিনসন, ফাইবার এ্যাট হোম লিমিটিডে, বাংলাদেশের সিইও এবং ভার্জিনিয়াস্থ ক্রিকেট পয়েন্টের সিইও কাজী জামান, ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটির এলামনাই এবং বিজনেস এনালিস্ট মো. আবুবকর সিদ্দিক, মনোবিজ্ঞানের অধ্যাপক ড. সালমান এলবেদুরসহ বিভিন্ন কোর্সের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ১২ বছর আগে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটির পুরো মালিকানা ক্রয় করেছেন আবুবকর হানিপ। এবং মার্কিন মুল্লুকে বাংলাদেশি আমেরিকানের মালিকানাধীন এটিই হচ্ছে এখন পর্যন্ত একমাত্র পূর্ণাঙ্গ একটি ইউনিভার্সিটি।

post
যুক্তরাষ্ট্র

বাফেলোতে পিপলএনটেকের ক্যাম্পাস খোলার আহ্বান মেয়রের

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের একটি নতুন শাখা উদ্বোধনের আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র বাইরন ব্রাউন। গতকাল শুক্রবার আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের সিইও এবং আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবু বকর হানিপ বাফেলো শহরে অবস্থিত বিআইসিসি মসজিদ পরিদর্শন করেন। মসজিদ পরিদর্শন শেষে চ্যান্সেলর হানিপ মেয়র বাইরন ব্রাউনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাফেলো বাংলা পত্রিকার সম্পাদক নিয়াজ মাকদুম। এ সময় মেয়র ব্রাউন বলেন, দেড় দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করছে এবং তাদেরকে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমে চাকুরী প্রদান করেছে। যদি বাফেলো শহরে পিপলএনটেকের একটি শাখা করা হয় তাহলে এখানকার অনেক বাংলাদেশীরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২০০৫ সাল থেকে বাফেলো শহরের নির্বাচিত মেয়র মি. ব্রাউন তাকে আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে পুনরায় নির্বাচিত করার জন্য সেখানকার জনগনের প্রতি আহ্বান জানান। মি. ব্রাউন বলেন গত ষোল বছরে তিনি বাফেলো শহরের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। ‘আমি আজ আপনাদের সামনে এসেছি—আগামী নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবেন এই আহ্বান জানাতে। সকল ধর্ম ও বর্ণের মানুষ যাতে এখানে নিরাপদ এবং আস্থার সাথে ব্যাবসা-বাণিজ্য করতে পারে সে জন্য আমি কাজ করে যাব,’ তিনি যোগ করেন। এ সময় ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইতোমধ্যে ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া পর্যন্ত আমাদের পিপলএনটেকের ক্যাম্পাসের বিস্তার ঘটেছে। তারই ধারাবাহিকতায় বাফেলো শহরে একটি ক্যাম্পাস তৈরি করার পরিকল্পনা করছি। ‘আমি আশা করি পিপলএনটেকের মাধ্যমে এখানকার বাঙ্গালী কমিনিটি উপকৃত হবেন। যদি তারা পিপলএনটেক থেকে সঠিকভাবে আইটি প্রশিক্ষণ নেয়, তবে তাদের আর অড জব করতে হবে না। তারা অনেক ভালো বেতনে এই দেশের মেইন স্ট্রিমে চাকুরী করতে পারবেন,’ যোগ করেন তিনি। এদিকে বাফেলো বাংলা পত্রিকার সম্পাদক নিয়াজ মাকদুম বলেন এই শহরে প্রায় পঞ্চাশ হাজারের মত বাংলাদেশী বাস করেন যাদের কর্মসংস্থানের সুযোগ খুবই কম। সুতারাং যদি পিপলএনটেকের মত একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান এখানে শাখা উদ্বোধন করে তাহলে এখানকার বাংলাদেশীরাসহ অন্যান্যরাও উপকৃত হবেন বলে তিনি মনে করেন। উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে পিপলএনটেক’র ক্যাম্পাস বাংলাদেশসহ ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়ায় বিস্তৃত হয়েছে। অনলাইনেও ক্লাস নিচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ ইউরোপের কয়েকটি দেশের ছাত্র-ছাত্রীরা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন ২০১৯ সালে নিউইয়র্কে ক্যাম্পাস পরিদর্শনকালে প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে প্রায় সাত হাজার বাংলাদেশীদের উচ্চ বেতনে চাকুরী প্রদানে বিশেষ ভূমিকা রাখার জন্য পিপলএনটেকের প্রচেষ্টাকে ‘বৈপ্লবিক উদ্যোগ’ বলে উল্লেখ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবুবকর হানিপকে একজন ‘ম্যাজিকম্যান’ উপাধি দিয়ে ভূয়সী প্রশংসা করেন।

post
বাংলাদেশ

বাংলাদেশ থেকে হেঁটে হজে যাওয়া সেই মহিউদ্দিন আর নেই

বাংলাদেশ থেকে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের হাজি মো. মহিউদ্দিন মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। আজ সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যান বায়তুল আকসা জামে মসজিদের সামনে মো. মহিউদ্দিনের জানাজা হবে। এরপর রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।আশস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মো. মহিউদ্দিন স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন মো. মহিউদ্দীন। ১৯৬৮ সালে হজ করার উদ্দেশে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন তিনি। কখনো হেঁটে, কখনো বা জাহাজে, আবার কখনো স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে তিনি পৌঁছান প্রিয় নবিজির পবিত্র ভূমি মক্কা-মদীনায়। জানা যায়, দীর্ঘ পথে তার যাওয়া ও আসায় সময় লাগে ১৮ মাস। পবিত্র হজব্রত পালন করে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেশে ফিরেন। অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী মহিউদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত তার দীর্ঘ সফরের বর্ণনা দিতে পারতেন। মুখস্থ বলতে পারতেন ভ্রমণপথে পেরিয়ে যাওয়া সবকটি দেশ ও বড় শহরের নাম।

post
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলকে সংবর্ধনা

নিউইয়র্কে বাংলাদেশের বিদায়ী কনসাল জেনারেলকে সংবর্ধনা দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা।শনিবার জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ, পঁচাত্তরের ১৫ অগাস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদ ও ৩ নভেম্বরের জেলহত্যা শহীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবুল বাশার চুন্নু, মোহাম্মদ ফারুক হোসেন, খুরশেদ আনোয়ার বাবলু, এনামুল হক, আব্দুর রহমান, শহীদ হাসান, গুলজার হোসেন, বিল্লাল হোসেন, নাজিমউদ্দিন, নূরল ইসলাম, এমদাদুল হক, আবুল বাশার ভূইয়া, মকবুল হোসেন তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, রুহুল আমিন ভূইয়া, আশরাফ আলী, এম এ আওয়াল ও জাকির হোসেন হিরু।সমাবেশ থেকে কমিউনিটি সার্ভিসে অবদানের স্বীকৃতি হিসেবে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে পদোন্নতি পাওয়া নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পদক দেওয়া হয়।বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স ইউএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যতম সহ-সভাপতি রানা ফেরদৌস চৌধুরী।

post
বাংলাদেশ

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনপ্রণেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সঙ্গে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পস্টেড এলাকা থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, বৃহস্পতিবার সকালের দিকে লেবার পার্টির ব্রাইটনের কার্যালয় থেকে ফেরার পরপরই তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তবে জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন। এদিকে ভাঙচুর করার পর গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে। টিউলিপ বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। তবে টিউলিপ বলছেন, এ ধরনের হামলা ও হেনস্থা করে তাকে দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি এতে ভীত নন এবং নিজের দায়িত্ব পালন করে যাবেন। টিউলিপ সিদ্দিক বাংলদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের বড় মেয়ে। লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ ব্রিটিশ লেবার পার্টি ও কো-অপারেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়েছিলেন তিনি। লন্ডনের হ্যামস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.