প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সিদ্ধান্ত হলে তখন দেখা যাবে।
রোববার দুপুরে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মো. আলমগীর বলেন, প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করেন রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা কিংবা মামলাও করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কার প্রার্থিতা বাতিল করব, কার প্রার্থিতা বাতিল করব না, সেটি অগ্রিম বলা যাবে না।
রিপোর্ট আসার পর দেখতে হবে, সেখানে কী আছে। রিপোর্ট হাতে এলে তখন আমরা বসব, আলোচনা করে দেখব এবং নিয়ম অনুযায়ী তাকেও আমাদের শুনতে হবে। তাকে বলতে হবে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই বিষয়ে আপনার বক্তব্য কী। তারপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
