post
বাংলাদেশ

অসহায় ও দুস্থদের মাঝে সেন্ট যাকোব স্কুলের খাদ্য সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও মানবকল্যানের সঙ্গে পরিচয় ঘটাতে আসছে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর সেন্ট যাকোব স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে প্রায় ১৫০ জনের ও অধিক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২ টায় বিদ্যালয়টির মূল ফটকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সেন্ট যাকোব স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই বিদ্যালয় ফটকে অসহায় মানুষের ভিড় । কেউ আসেন হুইল চেয়ার নিয়ে, কারও হাতে আবার ব্যাগের ঝুলি। সবার লক্ষ্য একটিই 'ঈদের উপহার ব্যাগ' সংগ্রহ করা। শিশুদের থেকে এমন ব্যাগ পেয়ে খুশি অসহায় মানুষগুলোও। প্রাণ ভরে এসব শিশুর জন্য দোয়া করেন তারা, বলেন এই শিশুরা আরো বড় হোক মানুষের মতো মানুষ হোক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াটসন হালদার বলেন, 'এটি শুধু মানব সেবা নয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশিক্ষণের অংশ। মূলত বাচ্চারা তাদের অভিভাবকদের থেকে অর্থ নিয়ে অসহায়দের জন্য চাল ডাল তেল সেমাইসহ আরো অনেক পণ্য কিনে দিয়েছে। এর সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাও আর্থিক সহযোগিতা করেছেন। ওয়াটসন বলেন, 'শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করা। শুধু সিলেবাস এর পড়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারে এই লক্ষ্যেই প্রতিবছর এমন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে বুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি

রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় বুয়েটের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং থেকে এই চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা। চিঠিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমরা করোনার সেই বিপদের সময়ে বানিয়েছি লো কস্ট ভ্যান্টিলেটর, ক্লিন সিটির আশায় পরিত্যক্ত মাস্ক থেকে বানিয়েছি কংক্রিট, খুঁজছি বিদ্যুত উৎপাদনের সহজ উপায়, বানাচ্ছি আর্টিফিসিয়াল আর্মস, মাট্রিক্যাল টুলস। পদ্মা সেতু নির্মাণে আমাদের বুয়েট শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের অবদান অনবদ্য। প্রধানমন্ত্রীকে অভিভাবক সম্বোধন করে তারা বলেন, ‘আমরা নিজেদের মেধা ও শ্রমের সবটুকু দিয়ে বিজ্ঞানের অবাক করা দুনিয়ার একটা অংশের নেতৃত্বে বাংলাদেশকে দেখতে চাই। আমরা ত্রাসের রাজনীতির মারপ্যাঁচ বুঝি না, আমরা শুধু দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে জানি। নিজেদের কাজ দিয়ে তা আমরা প্রমাণ করতে বদ্ধপরিকর। আপনি আমাদের সবার অভিভাবক, আপনি দেশের অভিভাবক। বুয়েট শিক্ষার্থীরা আরও বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে ক্ষমতার নেতিবাচক দিকগুলোই প্রত্যক্ষ করেছি। ছাত্ররাজনীতির মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে সূচনা ঘটছে আধিপত্য, দাপট, র‌্যাগিং, শিক্ষকদের অপমান, চাঁদাবাজি, শিক্ষার্থী নিপীড়ন, খুনোখুনিতে মেতে ওঠার মত ঘটনা। এ ব্যাধি এতটাই ভয়াবহ ছিল যে এর চরম মূল্য হিসেবে আমরা আমাদের কেমিকৌশল ৯৯ এর সাবেকুন্নাহার মনি, যন্ত্রকৌশল ০৯ এর আরিফ রায়হান দ্বীপ এবং সর্বশেষ তড়িৎকৌশল ১৭ এর আবরার ফাহাদকে হারিয়েছি।

post
বাংলাদেশ

বিএনপি বানোয়াট বক্তব্য দিচ্ছে

বিএনপি নেতারা নির্যাতনের মনগড়া, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে একথা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে আরও বলা হয়,বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়ায়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছিল। এখন সেইসব নেতাকর্মীরা একের পর এক মুক্তি পাচ্ছে। অথচ তাদের মুখে অত্যাচার-নির্যাতনের তথাকথিত বক্তব্য শুনে মনে হচ্ছে, এটা তারা চিরস্থায়ী পন্থা হিসেবে বেছে নিয়েছে। এছাড়া বিএনপি সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে, যাতে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে না পারে,তাই সরকার জনগণের নিরাপত্তা বিধানের জন্য অভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

post
বাংলাদেশ

রিজভী মানুষিক ভারসাম্য হারিয়েছেন

বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার যুক্তরাজ্য লিবারেল ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র লর্ড জেরেমি পুরভিস এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি নেতার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দরকার। এছাড়াও তাদের বক্তব্য অপ্রাসঙ্গিক ও বাস্তবতাবিবর্জিত বলেও এ সময় মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

post
বাংলাদেশ

ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে

ক্ষমতাশীন আওয়ামীলীগ দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনই চায়না বলে আবারও জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে,নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময়ে রিজভী বলেন,দেশে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে। ভিক্ষুকের সংখ্যা দিনদিন বাড়ছে। অথচ প্রধানমন্ত্রী বলছেন, বাংলাদেশ কানাডা-ইউরোপের মতো উন্নত হয়েছে। রিজভী আরও বলেন,সীমান্তে বাংলাদেশীদের পাখির মতো হত্যা করা হচ্ছে। অথচ তার কোন প্রতিবাদ করছে না বাংলাদেশ সরকার। তিনি অভিযোগ করেন,ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু দেশের জনগণ তা কখনই মেনে নেবেনা।

post
বাংলাদেশ

১২ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে

ঢাকার ধামরাই পৌর শহরে গত বুধবার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া একই পরিবারের চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) ১২ ঘণ্টার ব্যবধানে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় অগ্নিদগ্ধ ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নূরুল ইসলাম নান্নু মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে সাথী আক্তার (২১) ও কলেজপড়ুয়া ছেলে সোহাগ মিয়া (১৮)। এর মধ্যে সুফিয়া বেগম সোমবার ভোরে, নূরুল ইসলাম নান্নু বিকেলের দিকে ও ছেলে সোহাগ সন্ধ্যার দিকে মারা যান। নূরুল ইসলাম নান্নু উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত সুফিয়া বেগমের ভাই মজিবুর রহমান বলেন, মরদেহগুলো বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। তাদেরকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। গত বুধবার ভোরে নূরুল ইসলাম নান্নুর স্ত্রী সুফিয়া বেগম সাহরি রান্নার সময় রান্নাঘরে সিলিন্ডার গ্যাসের চুলায় অটো সুইচ অন করার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড ঘটে। অন্যান্য কক্ষে থাকা সবার বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই অপর তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন কক্ষে থাকা জিনিসপত্র এবং নান্নুসহ স্ত্রী সুফিয়া, ছেলে ও মেয়ে গুরুতর দগ্ধ হন। দগ্ধদের সবাইকে উদ্ধার করে প্রথমে ধামরাইয়ের সলামপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন।

post
বাংলাদেশ

বিয়ে করে সর্বস্বান্ত হলেন আলোচিত জল্লাদ শাহজাহান

প্রতারক চক্রের নারী সদস্যকে বিয়ে করে ১৮ লাখ টাকা খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন আলোচিত জল্লাদ শাজাহান। প্রতারিত হওয়ার প্রতিকার ও মৌলিক অধিকার পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন।সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান। একটি পিআর সংস্থার মাধ্যমে আইনজীবী নিয়ে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হন।লিখিত বক্তব্যে শাহজাহান বলেন, আমার মা-বাবা নেই, দায়িত্ব নেওয়ার মতো ভাইবোন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবানদের কাছে অনুরোধ, আমার থাকার ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমি চরম অর্থনৈতিক সংকটে আছি। আমার কাজ করার মতো ক্ষমতা নেই। আয়-রোজগার নেই, অর্থের জোগানদাতা নেই, নিজের থাকার জায়গা নেই। ৪৪ বছর কারাভোগ শেষ করে এসে আমি এখন বাইরের মানুষদের বুঝতে পারছি না। যেখানেই যাচ্ছি প্রতারণার খপ্পরে পড়ছি। গত বছরের ২১ ডিসেম্বর বিয়ে করে সেখানেও সর্বস্বান্ত হয়েছি। বিয়ের কাবিন পাঁচ লাখ টাকা হলেও আমার কাছে থাকা ১০ লাখ টাকা স্ট্যাম্পে লিখিত নিয়ে ৫৩ দিনের মাথায় আমার স্ত্রী সাথী আক্তার ফাতেমা (২৩) পালিয়ে গেছে। আমার নামে যৌতুকের মামলা দিয়েছে। আমি থানায় মামলা দিতে গেলেও বউয়ের নামে মামলা করা যায় না বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। পরে আইনজীবীর সহযোগিতায় রোববার আদালতে আমার স্ত্রী, শাশুড়িসহ ছয়জনের নামে মামলা দিয়েছি।তিনি বলেন, ২০২৩ সালের ১৮ জুন কারামুক্তির পর আমি ঢাকার কেরানীগঞ্জের গোলামবাজারে বসবাস শুরু করি। এরপর সেখানে একটি চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন যাপন করার চেষ্টা করি। একদিন অটোরিকশায় কদমতলী থেকে কোনাখালায় যাওয়ার সময় গাড়ির ভেতর একটি ভ্যানিটি ব্যাগ পাই। ব্যাগের ভেতর থাকা কাগজে লেখা ছিল একটি মোবাইল ফোন নম্বর। সেই নম্বরে ফোন করে ব্যাগের মালিককে তা নিয়ে যেতে বলি। পরে ব্যাগের মালিক সাথী আক্তার ফাতেমা বান্ধবীকে নিয়ে গোলামবাজারে হাজির হয়। এরপরে মেয়েটির মা শাহিনূর বেগমের সঙ্গে আমার পরিচয় হয়। মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলি। একপর্যায়ে মেয়েটি ও তার মা জুরাইন থেকে গোলামবাজারে চলে আসে। আমার বাসায় তিনি রান্নার কাজ নেন। পরিচয়ের দেড় মাস পর ২১ ডিসেম্বর মেয়েটির সঙ্গে পাঁচ লাখ টাকা দেনমোহরে আমার বিয়ে হয়। মেয়ে ও তার মা বিয়ের আগে নানা কৌশলে আমার কাছ থেকে দেড় লাখ টাকা নেয়। আর বিয়ের দিন একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে আমার গোছানো আরও ১০ লাখ টাকা নেয়। বিয়ের প্রায় দুই মাসের মাথায় আমার স্ত্রী বাসায় থাকা আরও সাত লাখ টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে অভিযোগ করতে গেলে থানা নেয়নি। পরে জানতে পারি ১৫ ফেব্র“য়ারি সাথী আমার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছে। আমি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মহিউদ্দীন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা, মাওলানা নিজামী, কামরুজ্জামানসহ ৪০ জনের ফাঁসি কার্যকর করেছি। আমাকে ছোট ব্যবসায়ের পুঁজি ও একটি থাকার জায়গা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি।

post
বাংলাদেশ

তামাক দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর

তামাক জনস্বাস্থ্য এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এ অবস্থায় বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) যুগোপযোগী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার দাবি জানিয়েছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। রোববার জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত ‘তামাকমুক্ত বাংলাদেশ: অগ্রগতি ও করণীয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে যে তিনটি বিশেষ দিকনির্দেশনা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম বর্তমান আইনকে বৈশ্বিক মানদণ্ডে উপনীত করা। এই আলোকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ যুগোপযোগী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে ছয়টি সুপারিশ জানানো হয়। সুপারিশগুলো হলো- সব পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির যে কোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের প্যাকেট/কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন ও খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং ই-সিগারেটসহ সব ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস পুরোপুরি নিষিদ্ধ করা।

post
বাংলাদেশ

রাজধানী থেকে ২০ বছরের পুরোনো বাস সরাতে হবে : পরিবেশমন্ত্রী

বায়ুদূষণ রোধে ঢাকা শহরে চলাচলকারী ইকোনমিক লাইফ অতিক্রান্ত ২০ বছরের অধিক বয়েসি বাস প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৃহত্তর জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে ৮ এপ্রিলের মধ্যে ঢাকা শহরে চলাচলকারী ২০ বছরের অধিক বয়েসি বাসের তালিকা পাঠাতে হবে। আর পরিবহন মালিক সমিতি ২০ এপ্রিলের মধ্যে উক্ত বয়েসি বাস প্রত্যাহারের পরিকল্পনা প্রদান করবে।রোববার (৩১ মার্চ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহনের কালো ধোঁয়া এবং উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী না রাখা এবং বায়োমাস বর্জ্য পোড়ানো বন্ধের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবের চৌধুরী বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে দূষণ নিয়ন্ত্রণের বাজেট বরাদ্দ দূষণ নিয়ন্ত্রণ কর্মকাণ্ড বাস্তবায়নে ব্যয় করতে হবে। তিতাস গ্যাস, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, সিটি করপোরেশন সমন্বয় করে রাস্তার খননকার্য সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে সালফারসহ ডিজেল আমদানি বন্ধ করতে হবে। উন্মুক্তভাবে যাতে বর্জ্য পোড়ানো না হয়, সিটি করপোরেশন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাজউক, সিটি করপোরেশন, পুলিশ বিভাগ নির্মাণকালে নির্মাণ সামগ্রী ঢেকে রাখার বিষয়টি নিশ্চিত করবে। পুরাতন যানবাহন পুরোপুরি নিয়ম মেনে স্ক্র্যাপ করতে হবে। তিনি বলেন, রাজউকের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট শর্ত মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নির্মাণ কার্যক্রমের অনুমতি বাতিল করতে হবে। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাহবুবুর রহমান এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

সরকারের অভিযোগ আমলে না নিলে দেশে ফেসবুক-ইউটিউব বন্ধের সিদ্ধান্ত

সরকারের অভিযোগ আমলে না নিলে দেশে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম প্রয়োজনে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ওদের (ফেসবুক, ইউটিউব, গুগল) হেড অফিস এখানে না থাকার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ-কথা তারা শোনেও না। আমরা বলব যে তারা আমাদের কথা শুনছে না। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য এসব সেবা বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা প্রথমে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঠিকভাবে জানাব যে তারা (সোশ্যাল মিডিয়া) আমাদের অভিযোগ আমলে না নিয়ে এই অপরাধ এবং গুজব চালাতে দিচ্ছে এবং এগুলো প্রতিরোধে তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় আইনের যে বিধানগুলো রয়েছে, কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। তারা আমাদের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে না। তাদের এই উদাসীনতা পাবলিক নোটিশের মাধ্যমে জনগণকে অবহিত করা, যদি কখনো এগুলো বন্ধ হয় দায়টা যেন সরকারের ওপর না আসে, তাদের (সামাজিক যোগাযোগমাধ্যমগুলো) ওপরেই যেন বর্তায়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.