post
বাংলাদেশ

বাড়লো বাংলাদেশের রিজার্ভ

ফের বাড়তে শুরু করেছে বাংলাদেশের রিজার্ভ। সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বর্তমান রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের উপরে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে রিজার্ভ ছিল ২ হাজার ৪৮১ কোটি ডলারে। আর বিপিএম-৬ ছিল ১ হাজার ৯৪৫ কোটি ডলার। তবে চলতি মাসের ৮ এপ্রিল গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে, ২ হাজার ৫৩৮ কোটি ডলারে। আর বিপিএম-৬ হয়েছে ২ হাজার ১০ কোটি ডলারে। ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২৯ দশমকি ৭৩ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমকি ৩৭ বিলিয়ন ডলার। কিন্ত্ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফকে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, সেই হিসেবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখনও ১৫ বিলিয়ন ডলারের ঘরে।

post
বাংলাদেশ

ফাকা ঢাকায় স্বস্তির নিঃশ্বাস

ঈদের ‍ছুটির দ্বিতীয় দিনে একেবারেই ফাঁকা রাজধানী ঢাকা। সড়কে নেই কোনরকম যানজট বা কোলাহল। সকাল থেকে সারাদিনই রাজধানীর পথঘাট ফাঁকা। এ অবস্থায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে সাচ্ছন্দে গন্তব্য চলাচল করেন নগরবাসী। ফাঁকা সড়কে বেশিরভাগই ব্যক্তিগত যানবহন। মোড়ে মোড়ে চিরচেনা যানজটের ছিঁটেফোঁটাও নেই, তাই যাতায়াত ছিলো স্বস্তিময়। এছাড়া যাত্রী পরিবহনের জন্য সিএনজি অটোরিক্সা ও বাস চলাচল করেছে। তবে যাত্রী একেবারেই কম। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক বিভাগসহ পুলিশের সতর্ক নজরদারি রয়েছে। সবমিলিয়ে ঢাকার শান্ত এক চেহারা পেয়েছে নগরবাসী।

post
বাংলাদেশ

সারা দেশে পালিত হলো ঈদুল ফিতর

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। নামাজ শুরুর অনেক আগেই মুল প্যান্ডেল ছাপিয়ে, আশপাশের সড়কে অবস্থান নেন মুসল্লিরা। প্রধান ঈদ জামাতের ইমামতি করেনন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য ও কূটনীতিক সহ সাধারণ মুসল্লিরাও নামাজ আদায় করেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঈদের জামাত আদায় করতে আসেন। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে, লম্বা লাইন ধরে প্রবেশ করেন মুসুল্লিরা। ঈদগাহের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই। অন্যদিকে,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামাত। প্রতিটি জামাতেই ছিল মুসল্লিদের ঢল। সকল ভেদাভেদ ভুলে এক কাতারে নামাজ আদায় করতে পেরে আনন্দিত তারা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

post
বাংলাদেশ

ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতি

ফিলিস্তিনসহ দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে, সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে, দেশবাসীকে ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের অনুরোধ জানান। বলেন, এই ঈদের মধ্যেও ফিলিস্তিনসহ যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে, বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাই যুদ্ধ বন্ধে দ্রুত বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি। এসময় সময় সব শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।

post
বাংলাদেশ

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করল বাংলাদেশের রায়হান

সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০২৪) প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান। এতে অংশ নিয়েছিল বিশ্বের ২৮টি দেশের প্রতিযোগী। রবিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। গত ২ এপ্রিল প্রতিযোগিতায় অংশ নিতে সেনেগালের উদ্দেশে রওনা দেন হাফেজ আবু রায়হান। তিনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার একজন শিক্ষার্থী। গত ডিসেম্বরে লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্ব। সেখানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ নির্বাচিত করে রায়হানকে। মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিসর ও সেনেগালের প্রতিযোগী। ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশনভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিলেন রায়হান। আবু রায়হানের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার কোরআন পড়ার সূচনা হয় মুফতি আবদুল কাইয়ুম প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসরাহ একাডেমি মাদরাসায়। তিনি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার ছাত্র।

post
বাংলাদেশ

যাত্রীদের পিটুনিতে প্রাণ গেল বাসচালক ও হেলপারের

সাভারে যাত্রীদের মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল (সোমবার) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। জানা যায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে ওই বাসের চালক ও হেলপারের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন চালক-হেলপার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরের গুরুতর আহত হন তারা। তাদের গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

post
বাংলাদেশ

কুসিকের দায়িত্ব নিলেন প্রথম নারী মেয়র সূচনা

পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে নগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গিকার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা। সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টায় কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে বেলা সাড়ে ১১টায় নগর উদ্যানের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান মেয়র তাহসিন বাহার সূচনা। কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে প্রবেশের সময় লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনাকে বরণ করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।তাসিন বাহার সূচনা আরও বলেন, 'মেয়র নই আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে কাজ করবো।' মেয়রের দায়িত্বভার গ্রহণকালে ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদি, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, মেয়র তাহসিন বাহার সূচনার মা বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন্নেসা বাহারসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদটিশূন্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ৯ মার্চ মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন ডা. তাহসিন বাহার। গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে শপথ পাঠ করেন তিনি। তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যৈষ্ঠ কন্যা। এ ছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

post
বাংলাদেশ

ঈদের দুপুরে মুখরোচক গরুর ভুনা মাংস

ঈদের প্রস্তুতি ঘরে ঘরে শুরু হয়ে গেছে। এবার ঈদের খাবার কী হবে তা নিয়ে চলছে আয়োজন। ঈদে সাদা পোলা, মুরগি মাংসের পাশাপাশি গরুর মাংস বা খাসির মাংস তো থাকেই। অনেকে চিকেন বিরিয়ানি বা বিফ তেহারিও রান্না করেন। তবে সাদা পোলাও বা গরম ভাতের সঙ্গে গরু বা খাসির মাংস ভুনার মজাই আলাদা। ঈদের গরুর মাংসটা ভিন্নভাবে কষিয়ে রান্না করতে পারেন। তাহলে ঝাঝালো স্বাদও পাওয়া যাবে। এছাড়া ঈদের খাবারে যদি খিচুড়ি রান্না হয় তবে ঝাল ভুনা মাংসতো আরও সুস্বাদু লাগবে। চলুন দেখে নেই ঈদে কীভাবে ভিন্নভাবে গরুর ভুনা রান্না করা যাবে। যা যা লাগবে: গরুর মাংস, টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, বাদাম বাটা, চিলি ফ্লেকস, সরিষার তেল, টমেটো সস, আস্ত গরম মশলা, গরম মশলা গুড়া, পেয়াজ কুচি, তেল, লবণ যেভাবে বানাবেন: প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিন। গরুর মাংস ম্যারিনেট করতে ১/৩ কাপ টক দইয়ের সঙ্গে মেশান দেড় টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ২ চা চামচ হলুদের গুঁড়া, দেড় চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ বাদাম বাটা, ১ চা চামচ চিলি ফ্লেকস, ২ টেবিল চামচ সরিষার তেল, ২ টেবিল চামচ টমেটো সস ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন। মাংস ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিন। এদে তেল গরম করে নিন। এতে আস্ত গরম মসলা ভাজুন। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভাজুন। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। ৫/৭ মিনিটের মতো কষিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। মাংস থেকে পানি বের হবে। একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে দিন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি কমে এলে আরও যোগ করুন। তবে কম পানি দিবেন। মাংস সেদ্ধ হয়ে গেলে ১ চা চামচ গরম মসলার গুঁড়া ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ ৫ মিনিট দমে রাখুন। এরপর পরিবেশন করুন। তৈরি হয়ে যাবে গরুর কষা মাংস।

post
বাংলাদেশ

প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল দেশের সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন চাকরিপ্রার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষায় বই, ঘড়ি, মোবাইল ফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য আরও কিছু নির্দেশনা দিয়েছে পিএসসি। পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্যদিয়ে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসনগ্রহণ করতে হবে। এরপর পরীক্ষাকেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হবে।

post
বাংলাদেশ

ওমানে আওয়ামী লীগের পরিচিতি সভা

বাংলাদেশ আওয়ামী লীগ ওমান সুমাইল শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো: হারুণের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।এতে প্রধান অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আর সবুজ সিকদার। বিশেষ অতিথি ‍ছিলেন, সংগঠনটির সিনিয়র সহসভাপতি ইউনুস ইয়াকুব ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী। এসময় নতুন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক সুমন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নেজামুল হকের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন- মোহাম্মদ হারুণ,মোহাম্মদ খোকন, আক্তার হোসেন, আলা উদ্দিন, কাশেম ও জসিম উদ্দিন। পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.