post
বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে স্বাস্থ্য ও শিক্ষার জন্য দৌড়

জন্য স্বাস্থ্য ও শিক্ষার আহবানে তরুনদের অনুপ্রাণিত করতে ভার্চুয়াল মোডসহ একটি রানিং ইভেন্টের আয়োজন করছে সামাজিক ফিনটেক নেটওয়ার্ক ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’। বাংলাদেশের মানুষের ইতিবাচক গল্প বিশ্বব্যাপী প্রচারে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আসন্ন মে মাসের ১০ তারিখে হাতিরঝিল থেকে শুরু হবে 'হায়ার ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান-২০২৪'। আয়োজনের সাথে ফিটনেশন ও দৌড় নামে দুটি লাইফস্টাইল ব্রান্ড সম্পৃক্ত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।ফিট নেশন হলো স্বাস্থ্য ও ফিটনেস প্রচারণা, ম্যারাথন দৌড়, সাপ্তাহিক ব্যায়াম ক্যাম্প, এবং বাংলাদেশীদের অনুপ্রেরণামূলক গল্প এবং তাদের ফিট থাকার লক্ষ্য প্রচারের জন্য একটি কমিউনিটি ভিত্তিক প্ল্যাটফর্ম।এবারের আয়োজনে সহজ ডটকম, গ্লোবাল হেলথকেয়ার সেন্টার, রিচার্জ ইলেক্ট্রোলাইট বেভারেজ, টোটাল টুলস বাংলাদেশ, পাকেলো লুব্রিকেন্টস, মি নুডলস, নিউট্রি প্লাস, নেসলে গোল্ড কর্নফ্লাক্স, শক্তি প্লাস, রেভো, জেসিআই ঢাকা সিগনেচার, আসুস, সানকুইক বাংলাদেশ এবং AASEPS নর্থ সাউথ ইউনিভার্সিটি , সাউথ ঢাকা সাইক্লিস্ট সহযোগিতা করছে।আসন্ন ম্যারাথন সম্পর্কে ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও ইমরান ফাহাদ বলেন, সোশ্যাল নেটওয়ার্কটি একটি সবল জাতি গঠনের জন্য যুবকদের মাঝে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সংগঠিত করছে।তিনি বলেন, আসন্ন ম্যারাথনে, আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার তৃতীয় এবং চতুর্থ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সকলের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার অভিগম্যতা বাড়ানোর আহ্বান জানাব। আমরা ডিজিটালভাবে সংযুক্ত করার মাধ্যমে আউটিং এবং খেলাধুলায় তরুনদের অনুপ্রাণিত করছি ফিটনেশন অনলাইন কমিউনিটির মাধ্যমে।আসন্ন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রানে, সাড়ে সাত কিলোমিটার এবং এক কিলোমিটার লাইভ সেগমেন্ট ছাড়াও ম্যারাথনে দূরে থেকে অংশগ্রহণের জন্য ভার্চুয়াল রানের বিকল্প রাখা হয়েছে।যে কোন জায়গা থেকে যে কেউ নিজ নিজ জায়গা থেকে দৌড়ে অংশ নিতে পারে। অংশগ্রহণকারীদের স্মার্ট ঘড়ি বা মোবাইল থেকে রিপোর্ট দিয়ে প্ল্যাটফর্মের সাথে অংশগ্রহন করতে পারবে বলে জানান ইমরান ফাহাদ। 

post
বাংলাদেশ

দূষণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির অকাল মৃত্যু-বিশ্বব্যাংকের প্রতিবেদন

বাংলাদেশ উদ্বেগজনক মাত্রার দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। যা তুলনামূলক বেশি ক্ষতি করছে দরিদ্র জনগোষ্ঠী, পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়স্ক পুরুষ ও নারীদের। বছরে দূষণের কারণে দেশে অকাল মৃত্যু হচ্ছে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস’ নামে প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও হাইজিন এবং সীসা দূষণ বেশি অকাল মৃত্যুর কারণ। পরিবেশগত কারণে ২০১৯ সালে বাংলাদেশের জিডিপির ১৭ দশমিক ৬ শতাংশ সমপরিমাণ ক্ষতি হয়েছে। ঘর ও বাইরের বায়ু দূষণ স্বাস্থ্যের ওপর সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলে যা ৫৫ শতাংশ অকালমৃত্যুর জন্য দায়ী এবং যা ২০১৯ সালের জিডিপির ৮ দশমিক ৩২ শতাংশের সমপরিমাণ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ এবং ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশের জন্য পরিবেশের ঝুঁকি মোকাবিলা একই সঙ্গে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রাধিকার। আমরা পৃথিবীর নানা দেশে দেখেছি, পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে তা টেকসই হতে পারে না। তিনি আরও বলেন, শক্তিশালী প্রবৃদ্ধির গতিপথ টেকসই রাখতে এবং শহর ও গ্রামাঞ্চলের মানুষের জীবনমানের উন্নতি করতে বাংলাদেশ কোনোভাবেই পরিবেশকে উপেক্ষা করতে পারবে না। উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে পরিবেশের ক্ষয় রোধ এবং জলবায়ু সহিষ্ণুতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, পরিবেশ দূষণ শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। সীসা বিষক্রিয়া শিশুদের মস্তিষ্কের বিকাশে অপরিবর্তনীয় ক্ষতি করছে। এর ফলে বছরে প্রাক্কলিত আইকিউ ক্ষতি হচ্ছে প্রায় ২০ মিলিয়ন পয়েন্ট। গৃহস্থালিতে কাঠের জ্বালানির মাধ্যমে রান্না বায়ু দূষণের অন্যতম উৎস এবং তা নারী ও শিশুদের বেশি ক্ষতি করছে। শিল্পের বর্জ্য এবং অনিয়ন্ত্রিত প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য এবং অন্যান্য উৎস থেকে আসা অপরিশোধিত ময়লাযুক্ত পানির কারণে বাংলাদেশের নদীগুলোর পানির গুণগত মানের মারাত্মক অবনতি ঘটেছে। বিশ্বব্যাংকের সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ এবং এই রিপোর্টের সহ-প্রণেতা আনা লুইসা গোমেজ লিমা বলেন, সময়মতো এবং সঠিক নীতি ও কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ দূষণের ধারা পাল্টে ফেলতে পারে। পরিবেশ সুরক্ষা জোরদারে পদক্ষেপ এবং রান্নায় সবুজ জ্বালানির জন্য বিনিয়োগ ও অন্যান্য প্রণোদনা, সবুজ অর্থায়ন বাড়ানো, কার্যকর কার্বন মার্কেট প্রতিষ্ঠা এবং সচেতনতা বাড়ানো দূষণ কমাতে পারে এবং এর ফলে সবুজ প্রবৃদ্ধি অর্জন হতে পারে।

post
বাংলাদেশ

মালদ্বীপে যুবদলের আয়োজনে ইফতার

মালদ্বীপ শাখা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির হুলেমালে তান্দুরি ফিল্মস রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। মালদ্বীপ শাখা যুবদলের প্রস্তাবিত সভাপতি মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির রায়হান, এন বিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিনিয়র স্টাফ হায়দার আলী সাবু ও মোঃ রাশেদুল ইসলামসহ অনেকে। এসময়ে তারা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন। একই সাথে প্রবাসীদের সুস্থতায়ও দোয়া করা হয় ইফতার অনুষ্ঠানে।

post
বাংলাদেশ

গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগের ভূমিকা নেই

স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করলে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হবে বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস পরিকল্পিতভাবে বিকৃত করছে। গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই বলেও এ সময় মন্তব্য করেন, বিএনপি মহাসচিব। এছাড়া দেশকে দুভাগ কোরে সাম্প্রদায়িক কোরে ফেলা হয়েছে বলেও মন্তব্য করেন, বিএনপির এই শীর্ষ নেতা। দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, স্বাধীনতা দিবস উদযাপন করার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

post
বাংলাদেশ

পদ্মা সেতুতে ভুটানের রাজা

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। জানা গেছে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হয়ে সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সংলগ্ন সার্ভিস এরিয়া টু’তে অবস্থান করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। এসময় পদ্মা সেতু পরিদর্শন করে শরীয়তপুর সার্ভিস এরিয়া টু’তে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় পদ্মা সেতুর উপর দিয়ে সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় তার নিরাপত্তায় মাওয়া পান্তে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়।

post
বাংলাদেশ

স্বাধীনতার ঘোষনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে

বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, কেন্দ্রীয় আওয়ামী লীগ আয়োজিত ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় যোগ দেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারি বীর সেনানীদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, যারা মুক্তির জন্য অকাতরে জীবন দিয়েছিলেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন,জাতির পিতা জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তবে স্বাধীনতার ঘোষনা নিয়ে দেশে আজও একটি রাজনৈতিক দল মিথ্যাচার করছে। এসময়ে স্বাধীনতা যুদ্ধসহ নানা সংকটে বাংলাদেশের পাশে থেকেছে ভারত, তাদের পণ্য বর্জনের ডাক দিয়ে, সম্প্রতি বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছে, তার কড়া সমালোচনা করেন তিনি। এছাড়াও ইফতার পার্টি না করে আওয়ামী লীগ জনগনের সেবায় কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

post
বাংলাদেশ

চীনে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখা। চীনের গুয়াংজুতে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বীর শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। চীন শাখা আওয়ামী লীগের সভাপতি মো. জনি বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ এম এ আমিন, সাধারন সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ শামীম শেখ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম রাশিদ আলী, ইঞ্জিনিয়ার সৈকত বিশ্বাস ঋষি, মোঃ আলমগীর হোসেন ও মোঃ গিয়াস উদ্দিনসহ অনেকে।

post
বাংলাদেশ

প্রতিবন্ধীদের উপবৃত্তির জন্য তথ্য

উপবৃত্তির আওতায় আনতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সংখ্যালঘু ও দৃষ্টিপ্রতিবন্ধী বা প্রতিবন্ধী কোটার শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহারের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে সংখ্যালঘু, দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রতিবন্ধী সম্প্রদায়ের নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির কোটা বণ্টনের জন্য সরকারের নির্ধারিত ফরমে তথ্য দিতে হবে। এসব তথ্য আগামী ৮ এপ্রিলের মধ্যে হার্ড কপিসহ অধিদপ্তরের ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, আবেদন যাচাই-বাছাই কমিটি গঠন করে প্রাপ্ত আবেদন থেকে উপবৃত্তির ক্যাটাগরি ও স্তর অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের সঠিক বা বাতিল সংখ্যা নিরূপণ করতে হবে।

post
বাংলাদেশ

রোগীর কষ্ট লাঘবে পদক্ষেপের দাবি ক্যাবের

৩০ হাজার টাকা ভাতা ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সারাদেশে একযোগে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। ফলে দেশজুড়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করে রোগীদের জিম্মি করে চিকিৎসকের কর্মবিরতি অমানবিক, অসাংবিধানিক ও মানবাধিকার পরিপন্থি। তাই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোগীর কষ্ট লাঘবে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্যাব। সংস্থাটি বলছে, গত কয়েকদিন থেকে ইন্টার্ন-পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা ৪ দফা দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। ফলে অনেক হাসপাতালে বন্ধ অস্ত্রোপচার। রোগী দেখছেন ওয়ার্ডবয় ও নার্স। এতে সরকারি হাসপাতালের রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের যৌক্তিক ও ন্যায্য দাবি মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে ক্যাব।

post
বাংলাদেশ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি উত্তর সিটি কর্পোরেশনের

তামাক এক সর্বগ্রাসী সর্বনাশের নাম। তামাক শুধু তামাকসেবনকারীর সর্বনাশই করে না। এটি এর আশেপাশে থাকা অধূমপায়ীদেরও ক্ষতি করে সমানহারে। তামাকের ভয়াল ছোবলে বছরে প্রায় ১ লক্ষ ৬১ হাজার প্রাণ ঝরে যায়। যা কিনা প্রতিদিনের হিসাবে ৪৪২ জন! এই সর্বগ্রাসী সর্বনাশের ভয়াল ছোবল থেকে বাঁচতে তামাক নির্মূল করা করা অতীব জরুরি। আর এজন্য প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে দেশ থেকে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা। এ লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ নারী সংসদ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরবৃন্দ। আজ ২৭ মার্চ, বুধবার সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী’র আয়োজনে “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ শীর্ষক” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে। প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম-এর সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জারা জাবিন মাহবুব, এমপি (নারী আসন-৭)। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জনাব আবদুস সালাম মিয়াহ, প্রোগ্রামস ম্যানেজার,সিটিএফকে-বাংলাদেশ। এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন জনপ্রতিণিধিগণ উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, ‘‘তামাক নারীস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তামাক নিয়ন্ত্রণের নানান দিকগুলোর পাশাপাশি নারী ও শিশুদের নিয়ে ভাবাও একান্ত জরুরী। প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপানের কারনে নারী ও শিশুরা অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশে ধূমপান না করেও বছরে প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ বিভিন্নভাবে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। স্বাভাবিকভাবে নারী ও শিশুরাই সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে গর্ভধারণ ক্ষমতা লোপ পাওয়া, কম ওজনের বা মৃত শিশু জন্মদান,অকাল সন্তান প্রসব, জরায়ু ক্যানসারসহ ঋতুস্রাবের নানান জটিলতার সম্মুখীন হতে হয় নারীদের। এছাড়াও, কম স্মৃতিসম্পন্ন সন্তান প্রসব করার সম্ভাবনাও তামাক সেবনের ফলে হতে পারে। এই বিষয় সম্পর্কে আমাদের অনেকটাই অজানা। এছাড়া সিগারেটের ধোঁয়া শিশুদের শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ । কারন ধূমপানের ধোঁয়া সহজেই শিশুদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে শিশু স্বাস্থ্যের ক্ষতি করে। পরোক্ষ ধূমপানের কারণে শিশুর নিউমোনিয়া, ব্রংকাইটিস, হাঁপানিসহ নানান ধরনের রোগ সৃষ্টি করে থাকে। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা, পাশাপাশি নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষায় নারীর কণ্ঠস্বরকে বলিষ্ঠ করার জন্য আমাদের সবাইকে একত্র হতে হবে।’’প্রধান আলোচকের বক্তব্যে আবদুস সালাম মিয়াহ বলেন, ‘‘টোব্যাকো এটলাস ২০১৮-এর তথ্যমতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান এই ভয়ঙ্কর তামাকের আগ্রাসনে। তামাকের এই সর্বগ্রাসী আগ্রাসনকে তাই আমরা তামাক মহামারী হিসেবেই গণ্য করছি।’’তিনি আরো বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত খসড়াতে ধূমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ, খুচরা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ, ই-সিগারেট নিষিদ্ধ, তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম বন্ধ ও সিগারেটের প্যাকেটে সতর্কবার্তার পরিসর ৫০ থেকে ৯০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা আইনটিকে আরও শক্তিশালী করবে। ফলে তামাকের কারণে একদিকে যেমন মৃত্যুহার কমবে অপরদিকে জনস্বাস্থ্যের উন্নয়নও ঘটবে।’’মাননীয় সাংসদ জারা জাবিন মাহবুব বিশেষ অতিথির বক্তব্যে বলেন, তামাকের প্রতি আসক্তি যুবসমাজকে ফেলে দিচ্ছে এক অন্ধকারজগতে। অল্প বয়সেই শিশু-কিশোররা ধূমপানে আসক্ত হয়ে পরছে। ভয়ঙ্কর শারীরিক অসুস্থতার মুখোমুখি হওয়ার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পরছে তারা। বর্তমানের যুগে মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তামাক কোম্পানিগুলো সচেতনভাবেই কিশোরদের টার্গেট করে থাকে। ধূমপান নিয়ে তামাক কোম্পানিগুলোর এই কূটকৌশল বন্ধ করতে না পারলে বড় ধরনের সামাজিক বিপর্যয় ঘটার সম্ভাবনা প্রবল। আর এই বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে হলে তামাক নিয়ন্ত্রন আইন শক্তিশালী করার মাধ্যমে তামাককে নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।’’ পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার জন্য প্রস্তাবনা সংসদ এ পেশ করবেন বলে জানিয়েছেন ও তিনি।  ‘‘বাংলাদেশে প্রায় ১২ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত ধূমপানে আসক্ত। তামাক কোম্পানিগুলো মনে করে যে, অল্প বয়স থেকেই যদি এই প্রজন্মকে সিগারেট ব্যবহার শুরু করিয়ে দেয়া যায়, তাহলে তারা অন্তত ৬০ বছর পর্যন্ত সিগারেট সেবনের অভ্যাসে জড়িয়ে পড়বে। তাই তামাক কোম্পানিগুলোর প্রধান লক্ষ্যই থাকে এই তরুন প্রজন্মকে আসক্ত করা। তরুনরা যদি তামাকে আসক্ত হয় তাহলে পুরো দেশটাই আসক্ত হবে। কেননা তরুনরাই আগামী দিনের কান্ডারি। তাই এই দেশকে অধঃপতনের হাত থেকে বাঁচাতে হলে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম।সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ‘‘আমাদের তরুণসমাজকে রক্ষা করা আমাদের দায়িত্ব। পাশাপাশি আমাদের অসচেতনতার কারণে আমাদের পরিবার, আমাদের সন্তানেরা যাতে হুমকির মুখে না পরে সেজন্য আমাদের নিজ থেকে শক্ত অবস্থান নিতে হবে।’’ তামাকবিরোধী সকল কার্যক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নারী মৈত্রীর পাশে থাকাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।সভায় তামাকের ক্ষতিকর দিক ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার পক্ষে তথ্যচিত্র উপস্থাপন করেন নারী মৈত্রীর টোব্যাকো কন্ট্রোল প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাছরিন আকতার। আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন নারী মৈত্রীর প্রোগ্রাম কো-অর্ডিনেটর খালিদ বিন ইউসুফ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.