post
সংবাদ

সৌদিতে পৌঁছেছেন প্রায় ৪৮ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৯৮৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ২৩৮ জন হজযাত্রী সৌদি গেছেন। বুধবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এস তথ্য জানানো হয়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়। হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ১২১টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি, সৌদি এয়ারলাইনসের ৩৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট ফ্লাইটের ৫৬ দশমিক ৬ শতাংশ ফ্লাইট আর হজযাত্রীদের মধ্যে ৫৭ শতাংশ সৌদি পৌঁছেছেন। এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ছয় জন এবং মদিনায় দুই জন মারা যান।

post
সংবাদ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে। সর্বশেষ গত ২৮ এপ্রিল (রোববার) বাংলাদেশের রাজশাহী অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়। রাত ৮টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়। ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় সেসময় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে ২০ এপ্রিল চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

post
সংবাদ

আনারের দেহাংশ উদ্ধারের বিষয়ে তথ্য নেই

কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে বলে একটি খবর বিভিন্ন গণমাধ্যমে পাওয়া গেলেও ভারতের অবস্থানরত বাংলাদেশের ডিবির টিম এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানে না। কলকাতা থেকে মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান, ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ। তিনি বলেন, এমন একটি খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিবির প্রতিনিধি দলটি এখন সঞ্জীবা গার্ডেন্স এক ঘণ্টার দূরত্বের একটি জায়গায় অবস্থান করছে বলেও জানান তিনি।

post
সংবাদ

বাণিজ্যিক চাষে জলবায়ুর মারাত্মক ক্ষতি

দেশে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদের কারণে পরিবেশ ও জলবায়ুর মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, বর্তমান সময়ে উচ্চ ফলন ও অতিরিক্ত লাভের আশায় ফলমূল, শাকসবজি থেকে শুরু করে মাছ-মাংসসহ সবকিছুতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহৃত হচ্ছে। এসব একদিকে মানুষের শরীরের প্রবেশ করছে অন্যদিকে পানি-মাটির সঙ্গে মিশে পরিবেশ বিষাক্ত হচ্ছে। যার ফলে চোখের সামনেই ক্যান্সার, কিডনি থেকে শুরু করে নানা ভয়াবহ রোগ হচ্ছে। আবার বিষাক্ত প্রকৃতিতে একের পর এক নেমে আসছে ঘূর্ণিঝড়-খরাসহ নানা বিপর্যয়। এ অবস্থায় জলবায়ুর ভয়াবহতা থেকে বাঁচতে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জাতীয়ভাবে রাজনৈতিক সদিচ্ছা ও কর্মকৌশল প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৭ মে) বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) যৌথ আয়োজনে ‘জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব সত্যব্রত সাহা। এসময় তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। দুর্যোগ হলো জলবায়ু পরিবর্তনের অনেকগুলো অনুষঙ্গের ফলাফল। বিভিন্ন কারণে দুর্যোগের পৌনঃপুনিকতা বেড়েছে। দেশে বাণিজ্যিক চাষাবাদ জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। বর্তমান সময়ে ফলমূল শাকসবজি থেকে শুরু করে সবকিছুতেই ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। সাবেক এ সচিব বলেন, আমাদের সমাজে এমন কোনো খাবার নেই যেগুলোতে ভেজাল নেই। মাছ, গরু, মুরগিসহ সব ধরনের ফার্মে নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর খাদ্য মেশানো হচ্ছে। এতে করে আমাদের পুরো প্রজন্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। আপনার আমার সন্তানরা আমাদের চোখের সামনেই এসব ক্ষতিকর খাবারের ভয়াবহতার মুখোমুখি হচ্ছে।

post
সংবাদ

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র নির্মাণের আহবান

মানবাধিকারের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে, জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে, গাজায় মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা নিয়ে তথ্যচিত্র নির্মাণের কথা বলেছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার নিয়ে, ডয়চে ভেলে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে একথা বলেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও তথ্য কমিশন আয়োজিত অনগ্রসর,প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত নাগরিকদের তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকার নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে যারা কাজ করেন, তাদের বুঝতে হবে তথ্যের মালিক জনগণ। জনগণের স্বার্থে গণমাধ্যম তথ্য চাইলে তাদের অবশ্যই দিতে হবে।

post
সংবাদ

বেনজীরের মতো অনেকে টাকা পাচার করেছে

পুলিশের সাবেক আইজি (পুলিশ প্রধান) বেনজীর আহমেদের মতো হাজার হাজার দুর্নীতিবাজ দেশ থেকে লুট করে বিদেশে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন,একদলীয় বাকশাল কায়েম করার লক্ষেই সরকার,তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। এসময়ে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও দেশ রক্ষায়, বুকে সাহস নিয়ে ঐক্যবদ্ধ হয়ে,তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

post
সংবাদ

রিমালে বিদ্যুৎবিচ্ছিন্ন ২ কোটি ৩৫ লাখ গ্রাহক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ২ কোটি ৩৫ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছ পড়ে, লাইন ছিঁড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। সোমবার (২৭ মে) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিচালন ও বিতরণ) দেবাশীষ চক্রবর্তী। দেবাশীষ চক্রবর্তী বলেন, সারাদেশে ২ কোটি ৩৫ লাখ গ্রাহক বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। বৃষ্টি না থামায় আমাদের টিমগুলোকে কাজ করতে বেগ পেতে হচ্ছে। কবে নাগাদ গ্রাহকদের পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে বলা সম্ভব নয়। সারাদেশে ২৪ ঘণ্টা আমাদের টিম কাজ করবে। এদিকে, সোমবার (২৭ মে) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ছয় জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আংশিক এবং সম্পূর্ণ মিলে এক লাখ ৫০ হাজার ৪৭৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

post
সংবাদ

মার্কিন ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে, মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হিসেবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। এ সময় শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বাংলাদেশের জন্য, প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি, উভয় দেশের অনেক ক্ষেত্রেই নিবিড় সম্পৃক্ততা রয়েছে। জনগণের জন্য পারস্পরিক সুবিধা ও সমৃদ্ধি অর্জন করাই, দুই দেশের যৌথ লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া শুধু আঞ্চলিক নয়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অংশীদারদের সঙ্গেও, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার কথা বলেন সরকার প্রধান।

post
সংবাদ

এমপি আনারের আসন শূন্য ঘোষণায় জটিলতা

চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের এখনো সন্ধান মেলেনি। ফলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংসদের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে কিংবা কোনো সংসদ সদস্য মারা গেলে স্পিকার সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করেন। কোনো আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আনোয়ারুল আজীম আনারের মরদেহের সন্ধান না মেলা পর্যন্ত ওই আসনটি শূন্য করার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বও তৈরি রয়েছে। গত ১২ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান আনোয়ারুল আজীম আনার। ১৭ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আনারের সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর ১৯ মে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে গিয়ে বাবার নিখোঁজের অভিযোগ দেন। গত বুধবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনার খুন হওয়ার খবর প্রকাশ করা হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজীম।

post
সংবাদ

আনারের সন্ধানের দাবীতে ঝিনাইদহে কর্মসূচী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সন্ধানের দাবীতে,অবস্থান কর্মসূচী পালন করছেন,স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারের সংসদ সদস্যের বাড়ির সামনে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ,নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানীসহ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেয়। তারা বলেন,এমপি আনার নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পার হলেও,তার কোন সন্ধান পাওয়া যায়নি। কলকাতায় খুন হয়েছে বলে গোয়েন্দা সংস্থা বললেও,তার কোন আলামত দিতে পারেনি তারা। তাই নিখোঁজ হলে সন্ধান, আর খুন হলে মরদেহ দাবী করেন,নেতাকর্মীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.