post
সংবাদ

নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান

দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ‘আমার দেখা বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র নির্মাণের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সঙ্গেই আমরা কাজ করবো। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্ব রেখেই এগিয়ে যাচ্ছে। কোন দেশের সঙ্গে কোন দেশের বিরোধ সেটা আমাদের দেখার দরকার নেই, আগে জরুরি নিজের দেশের উন্নয়ন। যারা বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা করবে, আমরা তাদের নিয়েই চলবো। এসময় আগামীর স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়, নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহবান জানান বঙ্গবন্ধু কন্যা।

post
সংবাদ

দক্ষতার অভাবে বিদেশে কম বেতন পাচ্ছে বাংলাদেশিরা

দেশের শিল্প কারখানায় দক্ষ জনশক্তির অভাবে মেশিনারিজ ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত লোকবল দরকার হয়। অনেক সময় কারখানার মেশিনারিজ পরিচালনা করতে বিদেশ থেকে লোকবল আনতে হয়। বিনিময়ে উচ্চ বেতনের সম্মানি দিতে হয় তাদের। এছাড়া দক্ষতার অভাবে বিদেশে গিয়েও পার্শ্ববর্তী দেশগুলোর শ্রমিকদের তুলনায় কম বেতনে কাজ করতে হয় বাংলাদেশি শ্রমিকদের। এই অবস্থায় দেশে দক্ষ জনবল তৈরিতে উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের ওপর আরও জোর দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল শিক্ষা অন্তর্ভুক্তিসহ শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এফবিসিসিআইয়ের দক্ষতা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। সভায় ভার্চুয়ালি যোগ দেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। এসময় তিনি দেশের জনবলের দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, শিল্পমালিক, ব্যবসায়ীসহ স্টেকহোল্ডারদের নিয়ে এফবিসিসিআইতে একটি সেমিনার আয়োজনের পরামর্শ দেন। এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যা দেশের জন্য সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। তিনি বলেন, দক্ষ জনবল তৈরিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও স্বদিচ্ছা রয়েছে। সরকারকে সহযোগিতা করার মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে আমাদের ব্যবসায়ীদের। কমিটির ডিরেক্টর ইনচার্জ বি এম শোয়েব বলেন, বর্তমান যুগ রোবটিকস, অটোমেশনের যুগ। অনেক শিল্পকারখানা আছে রোবটিকস, অটোমেশনে চলছে। কিন্তু তারপরেও গার্মেন্টস, স্পিনিং ও ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলোতে জনবলের প্রয়োজন রয়েছে। কিন্তু দক্ষতার অভাবে চীন, জাপানের তুলনায় এখানে উৎপাদন কম। এখানে কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্ন খাতভিত্তিক দক্ষতা উন্নয়নের বিষয় একাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করা জরুরি।

post
সংবাদ

আনার হত্যার তদন্ত ভারতে হবে

এমপি আনার হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে। তবে তদন্তে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছেন বলে জানা গেছে, এ বিষয়ে মন্ত্রীর বক্তব্য জানতে চাইলে কামাল বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকব এমন তো হতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

post
সংবাদ

ঠাকুরগাঁওয়ে ঝড়ে তিনজনের মৃত্যু

১৫ মিনিটের ঝড়-বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে দুই নারী এবং বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঝড়ে দুই ইউনিয়নের ২০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৫০) এবং একই উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈম। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়াসহ ১২টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ী, বটের হাট, হরিপুরসহ আটটি গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর।

post
সংবাদ

এ প্লাস ক্যাম্পেইনে রাতকানা নির্মূল হয়েছে

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (১ জুন) সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। ডা. সামন্ত লাল সেন বলেন, বছরে দুইবার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে এর অভাবজনিত অন্ধত্বের হার এক শতাংশের নিচে নেমে এসেছে এবং শিশুমৃত্যুর হারও কমেছে। এই সাফল্য ধরে রাখতে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখতে হবে। তিনি বলেন, সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেশবাসী সবার কাছে আবেদন একটি শিশুও যেন বাদ না পড়ে। যাদের ঘরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে সেই সব মা-বাবা এবং অভিভাবকরা যেন অবশ্যই তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। এবার প্রায় দুই কোটি ২২ লাখ শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ। ১ লাখ ২০ হাজার কেন্দ্রে প্রায় ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এই আয়োজনে যুক্ত আছেন।

post
সংবাদ

মালয়েশিয়ার শ্রম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যে বা যারা সংকট সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ ব্যাপারে তদন্ত কমিটি হবে এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। শনিবার (১ জুন) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা পরিদর্শন এবং একটি মতবিনিময় সভায় যোগ দেন। ৩১ মের পর আর কোনো শ্রমিক নেয়া হবে না সেই ঘোষণা মালয়েশিয়া আগেই দিয়েছিলো। যারা নিবন্ধন করেছেন এবং ভিসা পেয়েছেন তাদের ৩১ মের মধ্যে যাওয়ার আলটিমেটাম দিয়েছিলো দেশটি। তবে শেষ পর্যন্ত ৩০ হাজারের বেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি। কয়েক হাজার শ্রমিক টিকিট ছাড়াই বিমানবন্দরে ভিড় করলেও শেষ পর্যন্ত তাদের অনেকের কাছেই মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন অধরা রয়ে যায়। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

post
সংবাদ

খাদ্য নিরাপত্তায় লবণাক্ত পানি অপসারণের পরামর্শ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে লবণাক্ত পানি দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে, ‘ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী খাদ্য নিরাপত্তা ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও বাপার জাতীয় কমিটির সদস্য গওহর নঈম ওয়ারা বলেন, রিমাল ছিল মধ্যম মানের একটি ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। এটি উপকূলে আঘাত হানার পর থেকে, প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। একইসাথে ঘূর্ণিঝড়ের কারণে, বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে, লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করেছে। ফলে, সামনের আমন মৌসুম ধরতে হলে, মাঠ ও জলাশয় থেকে দ্রুত নোনাজল বের করার ব্যবস্থা নিতে হবে।

post
সংবাদ

বাণিজ্য যুগ্ম সচিবের সাথে ইউকেবিসিসিআই’র বিনিময়

বাংলাদেশ থেকে আগত বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ আবদুর রহমান, উপ-প্রকল্প পরিচালক, রপ্তানি তরফদার সোহেল রহমানের সাথে মত বিনিময় করেছে ইউকেবিসিসিআই। পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সংগটনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এম জি মওলা মিয়া এমবিইর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রন রহিমা মিয়া এবং ব্যরিষ্টার আনোয়ার মিয়া। আরো উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর তানভীর মোহাম্মদ আজিম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বজলুর রশিদ এমবিই, মোহামদ হারুন মিয়া, জামাল উদ্দিন মকদ্দুছসহ আরো অনেকে।

post
সংবাদ

হাউজিং প্রজেক্টে ২১৯টি পরিবার পাচ্ছে নতুন ঘর

টাওয়ার হ্যামলেটস পপলার রিভারসাইড হাউজিং প্রজেক্টে প্রায় ২১৯টি পরিবার নতুন ঘর পাচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার এই এফরডেবল রেন্টের ঘর বুঝে পেয়েছেন। এটি পূর্ব লন্ডনের আকর্ষনীয় প্রকল্প, যেখানে সর্বমোট ২হাজার ৮০০ ঘর দেয়া হবে। এছাড়া ৪টি ভবনে মোট ৬৪৩টি এফরডেবল হাউস, সোস্যাল হাউজিং এর বাসীন্দাদের হাতে তুলে দেয়া হবে। কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রথম ধাপের সমাপ্তি ও সেলিব্রেশন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। নির্মান প্রতিষ্ঠান বার্কলে হোমস হাউজিং এসোসিয়েশন পপলার হারকার মাধ্যমে এটি ডেলিভারী দিচ্ছে। নির্বাহী মেয়র এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন, বারায় সবচেয়ে বেশী চাহিদা দু‘তিন বা চার বেডরুমের ঘর। এর অভাবে অনেক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

post
সংবাদ

ভারী বৃষ্টির কারণে ওসমানীনগরে বন্যার আশঙ্কা

ঘূর্ণিঝড় রিমেল ও ভারী বৃষ্টির কারণে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে, ফলে সিলেটের ওসমানীনগরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে এবং ২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, পরিস্থিতি এখনও স্বাভাবিক, তবে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা-তাজপুরসহ বিভিন্ন এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে আছেন।আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে অনেকেই গরু পালন করছেন। বন্যার আশঙ্কায় তারা চরম বিপাকে পড়েছেন। বন্যার পানিতে পশুখাদ্য ও গরুর থাকার জায়গা নিয়ে তারা উদ্বিগ্ন। নিম্নাঞ্চলের বাসিন্দারা তাদের গরু ও অন্যান্য পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে। ডাইক পরিদর্শন করা হয়েছে এবং পানি বৃদ্ধি পেলে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.