২৩৩৮ অভিযানে ১ হাজার ১৮০ ইটভাটা বন্ধ
সারাদেশে বর্তমানে ইটভাটা আছে ৬ হাজার ৮৭৬টি। এর মধ্যে বেশ কিছু ভাটা অবৈধ, যাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এসব ভাটার বিরুদ্ধে ২ হাজার ৩৩৮টি অভিযানের মাধ্যমে ৪ হাজার ৪৩৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১১ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ ১ হাজার ১৮০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।ৎ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য ননী গোপালের লিখিত প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা নেওয়া হয়। যেখানে পরিবেশ দূষণ বোধে অগ্রাধিকার ভিত্তিতে অবৈধ, অনুমোদনহীন ও পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধে কার্যক্রম নেওয়া হয়েছে। ওই অগ্রাধিকার কর্মপরিকল্পনার আওতায় ন্যূনতম ৫০০টি বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ বায়ুদূষণের অন্যান্য উৎস চিহ্নিত করে যথাযথ কার্যক্রম নেওয়ার নির্দেশনা রয়েছে।
