post
সংবাদ

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন

২০২৪-২৫ অর্থবছরে জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট পেশ শুরু করেন তিনি। বিশাল এই বাজেট পূরণে, রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। এবারের বাজেটে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। আর মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলী এবারই প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করছেন। দেশের ইতিহাসে ৫৩তম বাজেট পেশ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট এবং দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ছয় মেয়াদের ২৬তম বাজেট এটি।

post
সংবাদ

বাজেটে সাধারণ মানুষের স্বস্তি নেই

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এটা জনবান্ধব বাজেট হতে পারে না৷কারণ বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই৷বাজেটের পর দেশ একটা বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সংসদ থেকে বেরিয়ে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, গতানুগতিক বাজেট এটা; বিশেষ কিছু নেই৷বেকার সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যায়ন, এসব উত্তরণে কোনো পদক্ষেপ নেই বাজেটে। ঘাটতি থাকবে অনেক টাকা।আয়ের চেয়ে ব্যয় হবে বেশি। দেশি-বিদেশি ঋণ বাড়বে। ঋণ পরিশোধে নতুন করে ঋণের পথে হাঁটছে সরকার। তিনি বলেন, বাজেটে বিপুল অংক ঋণনির্ভর। করের বোঝা বাড়বে জনগণের ওপর। মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না। গরিব মানুষের জন্য কিছু আছে বাজেটে, এটা মনে করি না। বিরোধীদলীয় এই নেতা বলেন, সরকার বিদ্যুৎ খাতকে বলেন অর্জনের, আমরা বলি লজ্জার খাত এটা। ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে ডলার চলে যাচ্ছে বাইরে। জ্বালানি নিরাপত্তা নেই।

post
সংবাদ

মেইলে অভিযোগ জানাতে পারবেন মালয়েশিয়াগামীরা

মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা চাইলে আগামী ৮ জুনের মধ্যে তদন্ত কমিটির কাছে ই-মেইলে অথবা ফোনে অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার ও বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইটির স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গমনেচ্ছু যেসব কর্মী মালয়েশিয়া গমন করতে পারে নাই,তারা প্রয়োজনীয় তথ্যাদিসহ সংশ্লিষ্ট ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। এছাড়াও, মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর অনুরোধও করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর আগে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান,মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 

post
সংবাদ

যেতে না পারা কর্মীদের মালয়েশিয়া যাওয়ার কোন সুযোগ

নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দেশটিতে যাওয়ার আর কোন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে প্রবাসী ভবনে বৈঠক শেষে এ কথা বলেন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। এসময় শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে দেশটিকে আবারও অনুরোধ জানাবে বাংলাদেশ সরকার। এছাড়াও,ভূক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার ভিসা পাওয়ার পরও দেশটির সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেনি প্রায় ১৭ হাজার বাংলাদেশি।

post
সংবাদ

দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর আহবান

প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, জনগণ এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখতে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪’এর উদ্বোধন করে এ আহবান জানান সরকারপ্রধান। এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তৃতায়, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মোকাবেলায় প্রধানমন্ত্রী তাঁর সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন। বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। সুন্দর জীবন ও সুস্বাস্থ্যের জন্য সুন্দর পরিবেশ দরকার। এসময় ক্রমবর্ধমান তাপমাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব কমাতে হলে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’ (২০২৩-২০২৪), ‘জাতীয় পরিবেশ পদক’ (২০২৩), ‘বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’(২০২২-২০২৩) এবং উপকারভোগীদের মাঝে ‘সামাজিক বনায়নের লভ্যাংশ’-এর চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।

post
সংবাদ

দেশে প্লাস্টিকের পুনর্ব্যবহার বাড়ছে

দেশে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলিং) করা যায় ৩৬ শতাংশ। এছাড়া ৩৯ শতাংশ ভাগাড়ে জমা হচ্ছে এবং ২৫ শতাংশ নদী-নালাসহ মাটিতে যাচ্ছে। তবে প্লাস্টিকের পুনর্ব্যবহারের হার আগের তুলনায় বেড়েছে। বিশ্বব্যাপী এ হারের গড় ১০ শতাংশের নিচে। যদিও ইউরোপের দেশে আবার এ হার ৭০ শতাংশের ওপরে। তবে পুনর্ব্যবহারের মাত্রা আরও বাড়াতে হবে। মূলত বাসাবাড়ি ও ভাগাড় থেকে সঠিকভাবে সংগ্রহ না হওয়ায় ব্যবহৃত প্লাস্টিকের বড় অংশই পুনর্ব্যবহারযোগ্য করা যায় না। পাশাপাশি এই খাতের বিকাশে নেই প্রয়োজনীয় সরকারি সহায়তাও। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে ‘টেকসই প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগ’ শীর্ষক এক সেমিনারের এসব কথা বলেন বক্তারা। পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (পিপিবিপিসি) এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) যৌথ উদ্যোগে এ সেমিনার হয়। সেমিনারের মূল প্রবন্ধে জানানো হয়, দেশে বর্তমানে ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্যের বাজার রয়েছে। আর নাগরিকেরা বছরে মাথাপিছু ৯ কেজির বেশি প্লাস্টিক ব্যবহার করেন। রপ্তানি হচ্ছে ১ দশমিক ২ বিলিয়ন ডলার। এ খাতে সাড়ে পাঁচ হাজার কারখানা রয়েছে, যেখানে সরাসরি ২০ লাখের বেশি কর্মসংস্থান হয়েছে। এভাবে চললে ২০৩০ সাল নাগাদ বিশ্বের ৪০তম শীর্ষ প্লাস্টিক রপ্তানিকারক দেশে পরিণত হবে বাংলাদেশ।

post
সংবাদ

সড়ক দুর্ঘটনায় আমিরাতে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আল আইন হাইওয়েতে মোহাম্মদ আলমগীর নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মোহাম্মদ আলমগীর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সালামত সুকানি বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহত আলমগীরের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীর হাইওয়েতে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার তার পিকআপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ আল আইনস্থ আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু।

post
সংবাদ

মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

লিবিয়াতে মানব পাচার চক্রের সাথে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার এবং রোমেল মিয়া নামে এক ভুক্তভোগিকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সকালে পিবিআই হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলেন ধরেন পিবিআই নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ অতিরিক্ত ডিআইজি মোঃ এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন,ভুক্তভোগি রোমেলকে ৪ লক্ষ টাকায় লিবিয়ায় নিতে চুক্তি হয় রহমত উল্লাহ নামে এক দালালের সাথে। পরে তাকে টুরিস্ট ভিসায় দুটি দেশ ঘুরিয়ে লিবিয়া নিয়ে অমানুষিক নির্যাতন করে এবং ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগির পরিবারের কাছে। পিবিআই এই ঘটনার তদন্তে নেমে রহস্য উদঘটন করে। আসামীদের ঢাকার দোহার নাবাবগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

post
সংবাদ

জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জার্মানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্লিনের সারলট্টেনবার্গের বার্লিন বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গনি সরকার। সভা যৌথভাবে পরিচালনা করেন, বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদার ও সাংগঠনটির সাধারণ সম্পাদক মো. বাবুল বেপারী। এসময় বক্তব্য রাখেন, সংঠনের সহ-সভাপতি অপু চৌধুরী, সিনিয়র নেতা নিজাম উদ্দিন দোকানদার, মো. পলাশ হানিফ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, মাশরুর আলম বাবলী, মোহাম্মদ আলী জীবন, নজরুল ইসলাম সেন্টু ও শাহ আলমসহ অনেকে।

post
সংবাদ

রোগীর তথ্য না দিলে পরীক্ষার অনুমোদন বাতিল

বেসরকারি হাসপাতালগুলো থেকে নিয়মিত ডেঙ্গু রোগীর তথ্য না দিলে পরীক্ষার অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেছেন, বেসরকারি হাসপাতালগুলো থেকে ঠিকমতো তথ্য আমাদের কাছে পৌঁছে না। কোভিডের সময় অনেকে কোভিড টেস্টের রিপোর্ট আমাদের দেননি, ডেঙ্গুতেও এমনটা হচ্ছে। কিন্তু এমন হতে থাকলে আমরা পরীক্ষা অনুমোদন বাতিল করে দিব। মঙ্গলবার (৪ জুন) দুপুরে রাজধানীর আইসিডিডিআর,বিতে স্ত্রেন্দেনিং টিউবারকিউলোসিস পাবলিক-প্রাইভেট মিক্স ফর অ্যানহ্যান্সড পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেব্রিনা ফ্লোরা বলেন, বেসরকারি তথ্যগুলো আমাদের কাছে যথাযথভাবে না আসার কারণে সমস্যাগুলো ডিটেক্টেড হচ্ছে না, এমনকি ডিটেক্টেড না হওয়ায় রিপোর্টেডও হচ্ছে না। কিন্তু সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী যে কোনো সংক্রামক রোগ শনাক্ত হলে সরকারকে অবশ্যই জানাতে হবে। কিন্তু এটা ঠিকমতো জানানো হচ্ছে না। এমনটা হতে থাকলে আমরা আর টেস্টের অনুমোদন দেব না। স্বাস্থ্যমন্ত্রীও আমাদেরকে এই বিষয়ে শক্ত অবস্থান নিতে বলেছেন। তিনি বলেন, এখনো ৩১ শতাংশের বেশি মানুষ যক্ষ্মা শনাক্তের বাইরে, এটি খুবই আশঙ্কাজনক। উচ্চবিত্ত শ্রেণি সর্দিকাশিতে হাসপাতালে যায়, কিন্তু নিম্নবিত্ত শ্রেণি সবসময় কাশি হলেই ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলে। অথচ ওইসব রোগীদের যক্ষ্মা হওয়ারও ঝুঁকি থাকে। কিন্তু ফার্মেসিগুলোতে এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় না। এজন্য ওষুধের দোকানগুলোকে কীভাবে আওতায় আনা যায়, সেটা আমাদের ভাবতে হবে। এই সেক্টরটা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.