post
সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো: সোহাগ নামে এক সৌদি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। বিয়ের জন্য তিনমাস আগে ছুটিতে আসেন তিনি। নিহতের স্বজনেরা জানান,সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে ১০/১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

post
সংবাদ

নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান; প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ওয়াকার-উজ-জামান। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২৩ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাহিদা পারভীন। ওয়াকার-উজ-জামান সেনাপ্রধানের দায়িত্বে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদ পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হলো। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।

post
সংবাদ

ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে

ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে একথা বলেন তিনি। এসময় ফখরুল বলেন, ভারত অনেক প্রভাবশালী প্রতিবেশী দেশ। বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তারা জনগণের প্রত্যাশার মর্যাদা দেবেন সেটিই প্রত্যাশা। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সব অর্জন নষ্ট করেছে। আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

post
সংবাদ

হীরকজয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের হীরকজয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়- বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় বেনজীর-আজিজের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকার পাতা কিংবা টিভিতে পাওয়া যায় না, এটা দুর্ভাগ্যজনক। দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মহানগর ও ঢাকা জেলার নেতৃবৃন্দ,মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এতে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে দলের কর্মসূচীর জানান তিনি।তিনি বলেন,রাজনৈতিক দল গুলোর সাথে নীতিগত পার্থক্য থাকতে পারে তবে প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। আজিজ বেনজীর ইস্যু নিয়ে প্রশ্ন করলে, এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। এ সময়, তারেক জিয়ার দুর্নীতির নিয়ে কথা বললে কেন প্রচার হয় না সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সৎ সাহস আছে আওয়ামী লীগের। শেখ হাসিনা সরকার কাউকে ছাড় দেয় না।

post
সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ

নয়াদিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ। সোমবার সকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টা তুলে ধরা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে গতকাল রোববার শপথের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছারাও বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি এবং ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

post
সংবাদ

এমপি আনার হত্যাকারীদের বিচারের দায়িত্ব ভারত সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারে, বলে আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিয়ত এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে দুই দেশের গোয়েন্দাদের মধ্যে তথ্য আদান-প্রদান চলছে। এছাড়া ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, এমপি আনার হত্যার মূল আসামী শাহিনকে ধরে এনে ভারতে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

post
সংবাদ

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে জাপান

জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানের বিভিন্ন কোম্পানির ১১ জন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শে‌ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ, পেশাদার, কারিগরি ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানিয়েছি। জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে। জাপান প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, তাদের ভালো সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিগুমি। মালয়েশিয়া শ্রমবাজার পরিস্থিতি, তদন্ত কমিটি প্রতিবেদন ও অভিযোগ করার সময়সীমা শেষ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শ‌ফিকুর রহমান ব‌লেন, তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে। তদন্ত শেষ হওয়ার পরে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তি‌নি ব‌লেন, আশা করছি, যারা দোষী আছে তাদের কি ধরনের সাজা দেওয়া যায় সেই ব্যাপারে সুপারিশ থাকবে। এছাড়া মালয়শিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

post
সংবাদ

তর্কাতর্কিতে উত্তেজিত হয়ে গুলি ছোড়েন কনস্টেবল কাউসার

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত কনস্টেবল মনিরুল হকের সঙ্গে অভিযুক্ত কনস্টেবল কাউসার আহমেদের তর্কাতর্কির ঘটনা ঘটে। তর্কাতর্কির পর উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে ৮-৯ রাউন্ড গুলি ছোড়েন।তবে কী নিয়ে তর্ক এবং কী কারণে কনস্টেবল কাউসার উত্তেজিত ছিলেন সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তদন্ত করে সেটি বের করা হবে বলে জানিয়েছে ডিএমপি। রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ্স) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, দুই পুলিশ সদস্যের মধ্যে কোনো বিরোধ ছিল এমন তথ্য আমাদের কাছে নেই। কাউসারের সঙ্গে আমরা কথা বলেছি কিন্তু বিরোধের কোনো তথ্য পাইনি। পাশাপাশি অভিযুক্ত কাউসারের গত এক-দুই মাসের ডিউটির রেকর্ড দেখেছি। রেকর্ডে দেখা গেছে কাউসার যথাযথভাবে ডিউটি করেছেন। গুলি করার আগে তাদের মধ্যে কী বিষয়ে তর্ক হয়েছিল এখনো তা নিশ্চিত হতে পারিনি আমরা। সেটি পরে তদন্তে জানা যাবে।

post
সংবাদ

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।নতুন নিয়মে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

post
সংবাদ

ঢাকার হাটগুলোতে আসছে পশু, এখনো জমেনি কেনাবেচা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৬টি অস্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসব হাটে আসতে শুরু করেছেন খামারি ও কারবারিরা। তবে এখনো হাটগুলোতে বেচাকেনা জমে ওঠেনি। অনেকে এখন হাটে গিয়ে ঘুরে পশু দেখছেন ও দরদাম করছেন। চূড়ান্ত হওয়া ১৬টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ১০টি হাট। এর বাইরে ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়ায় আরও দুটি স্থায়ী পশুর হাট রয়েছে। এ দুটি হাটে নিয়মিত গরু, মহিষ ও ছাগল বিক্রি হচ্ছে। তবে কোরবানি উপলক্ষে সেসব হাটেও পশু বেচাকেনা শুরু হয়নি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.