post
সংবাদ

বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহবান

বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহার করতে সংশ্লিদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্বব্যাপী চা-এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় চা পাতা বাল্কে বিক্রি না করে এর মূল্য সংযোজন করতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় উৎপাদন বাড়াতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় চা বাগান মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জানা যায়, সিলেটের মালনিছড়ায় ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের ১৬৮ টি বৃহৎ ও ৮ হাজারের বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে। যেসব বাগান থেকে গেলো বছর উৎপাদন হয়েছে ১০২.৯২ মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পন্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে ৪ জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। তাই এই শিল্পে অবদান রাখা ৮ ক্যাটেগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় চা পুরস্কার-২০২৪ সম্মাননা। এদিকে, বক্তৃতার শুরুতেই উৎপাদন বৃদ্ধি ও রপ্তানিসহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, সারা বিশ্বে এখন চায়ের চাহিদা বিবেচনায় নিয়ে ভিন্ন নানা ক্যারাগরিতে সুগন্ধি চা উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে জানিয়ে, চা শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহবান জানান তিনি।

post
সংবাদ

মালয়েশিয়ায় বাকি কর্মী যাওয়ার চেষ্টা করা হবে

মালয়েশিয়ায় আসতে না পারা কর্মীরা যেন পুনরায় মালয়েশিয়ায় আসতে পারে সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান। শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান তিনি। হাইকমিশনার বলেন, নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা কর্মীদের নিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখবে কুয়ালামপুরের বাংলাদেশ হাইকমিশন। শামীম আহসান বলেন, ৫ লাখ ২৭ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। আমরা নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন এসে এখানে কাজ পায়।

post
সংবাদ

অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তি

সৌদি সরকারের অনুমতি ছাড়া কেউ হজ করলে, তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। সৌদি নাগরিক বা যে কোনো উদ্দেশ্যে দেশটিতে অবস্থানকারী ব্যক্তি এই আইনের আওতাভুক্ত হবেন। অনুমতি না নিয়ে হজ পালন করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এছাড়া অনুমতিহীন হজযাত্রীকে কেউ পরিবহনও করতে পারবে না। আর করলে তাকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। রোববার থেকে আগামী ২০ জুন পর্যন্ত সৌদিতে অবস্থানকারী সবাইকে এ আইন মানতে হবে। এদিকে,বিধি লঙ্ঘনকারী প্রবাসী হলে জরিমানা আদায় করে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসাসহ ২০ হাজারের বেশি দর্শনার্থী ইতিমধ্যে হজের বিধান লঙ্ঘন করেছে। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ১৬ জুন শুরু হবে পবিত্র হজ।

post
সংবাদ

ইউক্ল্যানের সাথে ইউসিবির অংশীদারিত্ব চুক্তি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার -ইউক্ল্যানের সাথে অংশীদারিত্ব করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ-ইউসিবি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশের বাহিরে না গিয়েই সাশ্রয়ী খরচে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার রাজধানীর গুলশানে ইউসিবি ক্যাম্পাসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরস বব কুন্দানমাল এবং ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের প্রো-ভাইস চ্যান্সেলর ক্যাথেরিন জ্যাকসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

post
সংবাদ

ইতালিতে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে ইতালির পালমা কাম্পানিয়া,সান জেন্নারো ও সান সোজেফ শাখা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালমা কাম্পানিয়া, সান জেন্নারো ও সান সোজেফ শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন। মাজহারুল হক জয়ের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল বারেক। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মামুন আলম মাহবুব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক রাসেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ফারুক লাগারী, খায়রুল হাসান বেনু, লিটন, আব্দুল খালেক, সোহেল বেপারী, শাহাদাত, আলম মৃধা ও জিল্লুর রহমানসহ আরো অনেকে।

post
সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ার পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে জালান তেমেরলোহ-জেরান্তুত’র মধ্যবর্তী সড়কে দুই লরির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির পুলিশ জানায়, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডানদিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় পামওয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা ২৮ বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালকও। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

post
সংবাদ

বাসায় সেলিভা টেস্ট প্রোস্টেট ক্যান্সার নির্ণয় বেশি কার্যকর

হাসপাতালে রক্ত পরীক্ষার চেয়ে বাসায় সেলিভা টেস্ট প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে বেশি কার্যকর বলে জানানো হয়েছে এক গবেষণায়। এ টেস্ট বংশগত প্রোস্টে ক্যান্সার নির্ণয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ লন্ডন এবং রয়েল মার্চডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত এ গবেষণায় বলা হয়েছে, বাড়িতে বসে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে ধারণা পাওয়া গেলে তা নিরাময়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা সম্ভব। এতে বলা হয়েছে প্রায় ১২ হাজার মানুষ প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে মারা যায় ব্রিটেনে। এখনো এ গবেষণা প্রতিবেদন কোন জার্ণালে প্রকাশ করা হয়নি। তাতে বলা হয়েছে,রক্ত পরীক্ষা পুরোপুরি প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের উপযোগি নয়। এছাড়া ব্রিটেনে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের কোন স্ক্রীনিং প্রকল্পও নেই। ফলে প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে সেরিভা টেস্ট গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে গবেষণায়।

post
সংবাদ

মালয়েশিয়ায় যেতে পারেনি ১৬ হাজার ৯৭০ কর্মী

পূর্ব ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ হয়ে যায় ৩১ মে রাত ১২ টায়। এরপর থেকে আর কোন কর্মী যেতে পারেনি দেশটিতে। দীর্ঘসময় বিমানবন্দরে বসে থেকেও শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাদের। রোববার এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে দেশটিতে ১৬ হাজার ৯৭০ জন কর্মী যেতে পারেনি। মন্ত্রী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এঘটনার সাথে চার সাংসদ জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান চৌধুরী বলেন, এমপি হোক আর যেই হোক তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে। মালয়েশিয়ার শ্রমমাজার শিগগিরই খোলার বিষয়ে আশা প্রকাশ করেন মন্ত্রী জানান, বিষয়টিতে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে। নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ রিক্রুটিং এজেন্সি চিহ্নিতকরণ, কমিটির নিকট মালয়েশিয়া গমন করতে পারেনি এমন কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

post
সংবাদ

পর্তুগালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

পর্তুগালের বন্দর নগরী পোর্তোতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পোর্তো বিএনপির আহবায়ক মামুন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম। আরাফাত ও কাইয়ুম লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মির্জা কামাল হারুন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শরীফ নাজির,বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল,কমিউনিটি ব্যক্তিত্ব টিপু আহমেদ,শহীদুল ইসলাম খোকন,সেচ্ছাসেবক দলের আহবায়ক মুকিতুর রহমান সেলিম,বিএনপি নেতা আবদুর রহমান সাবু ও ফ্রান্স সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আজম। সভায় বক্তব্য রাখেন, পোর্তো বিএনপির যুগ্ম আহবায়ক কাউয়ুম লিটন, পোর্তো বিএনপির স্বপন পাটোয়ারী,পর্তুগাল যুবদল নেতা শিহাব আহমেদ ও আলমগীর হোসেনসহ অনেকে।

post
সংবাদ

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ আটক-৯৯

অবৈধ অভিবাসনের দায়ে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ৯৯ অভিবাসী আটক হয়েছেন। দুই দিনের পৃথক এই অভিযানে জোহর বারুত থেকে তাদের আটক করা হয়। শুক্রবার জোহর স্টেট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, ইস্কান্দার পুতেরিতে অভিযানে ৩৬ জন এবং টাংকাকে ২৯৫ জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এসময় অভিবাসীদের মধ্যে আটক ১০ জন মিয়ানমারের পুরুষ ও ছয়জন নারী, তিনজন থাই পুরুষ এবং একজন লাওসের নারী রয়েছেন। এছাড়াও আটকদের মধ্যে স্থানীয় এক যুবকও রয়েছে। অপরদিকে টাংকাকে আটকদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৫ জন নেপালি পুরুষ ও ৩ জন নারী, ১৩ জন পাকিস্তানি, ১২ জন মিয়ানমার, ৮ জন ভারতীয় এবং একজন কম্বোডিয়ান নারী রয়েছেন। আটকদের বয়স ১৯ থেকে ৫১ বছরের মধ্যে। অবৈধ অভিবাসী রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.