বৈধপথে অর্থ প্রেরণের মাধ্যমে সম্মান বাড়বে
বৈধপথে অর্থ প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান বৃদ্ধি পাবে, সেইসাথে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে বলে মন্তব্য করেছেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি নির্বাচিতদের ‘অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এ আয়োজন করা হয়। কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ মাহতাবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম। এসময় আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২০২১,২০২২ ও ২০২৩ সালে সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা দেয়া হয়। সেইসাথে দেশে নিয়মিতভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে পাঁচটি ক্যাটাগরীতে মোট ৫১ জনকে রেমিট্যান্স এওয়ার্ড দেয়া হয়।
