post
সংবাদ

‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা ধরবো। বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি, এগিয়ে যাচ্ছে। দেশ পিছিয়ে যাবে না, যে যতই চেষ্টা করুক দেশকে ধ্বংস করতে পারবে না। এ স্বপ্নযাত্রার আকাঙ্ক্ষা পূরণ করবে এ দেশের মানুষ। বিরোধী দলের নেতা কালো টাকা সাদা করেছেন কি না তা দেখতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা নয়। এখন সব জিনিসের দাম বেড়েছে। ঢাকায় এক কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে। সেটা তারা বাজেটে দেখাতে পারে না, আয়কর দিতে পারে না। আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে। এ ধরনের কার্যক্রম যাতে না করে সেজন্য মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেওয়া হয়। এ সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন, ড. কামাল হোসেনসহ আরও অনেকেই নিয়েছিলেন। তারা কিন্তু ২০০৬, ৭, ৮ বা পরে সুযোগ নিয়ে টাকা সাদা করেছিলেন। জেনারেল এরশাদ সাহেবও মনে হয় করেছেন। খোঁজ নিতে হবে। তিনি না করলেও কেউ না কেউ করেছেন। আমাদের বিরোধীদলীয় নেতা করছেন কি না সেটা দেখতে হবে। বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের বক্তব্যের জবাবে সরকারপ্রধান বলেন, টেন্ডারের শুভঙ্করের ফাঁকির কথা তিনি বলেছেন। টেন্ডার না দিয়ে কাজ দেওয়া। তিনি তো মন্ত্রী ছিলেন টেন্ডার না দিয়ে কাজ করে, কাজের মাধ্যমে কিছু উপার্জন করার বিষয় মনে হয় তিনি নিজেই রপ্ত করেছেন। আমাদের সুচিন্তিত কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একধাপ এগিয়ে যাবে।

post
সংবাদ

হংকংয় প্রবাসী নারীদের জন্য রেমিট্যান্স সম্পর্কিত সভা

হংকংয়ের বাংলাদেশি নারী কর্মীদের জন্য বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও ‘প্রবাস পেনশন’ স্কিমে রেজিস্ট্রেশন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে স্থানীয় প্রবাসী নারীদের নিয়ে এ আয়োজন করা হয়। সভায় প্রায় ১২০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং ‘প্রবাস পেনশন’ স্কিমে অংশগ্রহণের আহ্বান জানান, কনসাল জেনারেল ইসরাত আরা। পাশাপাশি নারী কর্মীদের জন্য কনস্যুলেট থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এসময় বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নারীরা।

post
সংবাদ

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: দুই চিকিৎসককে শাস্তি

চিকিৎসায় অবহেলা ও মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে রোগী মৃত্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর বসুন্ধরার আকবর হেলথ কেয়ারের অধ্যাপক কর্নেল (অবসরপ্রাপ্ত) ডা. মো. নুরুল আজিম ও ডা. তানজিমা তাজরিনের রেজিস্ট্রেশন যথাক্রমে পাঁচ বছর ও এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।বৃহস্পতিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একমাত্র মেয়ে শ্রেয়শী আহমেদ ঐশীর (বয়স ১৭) ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুজনিত কারণ উল্লেখ করে ২০২১ সালের ৩ নভেম্বর বিএমডিসিতে অভিযোগ দাখিল করেন আহমেদ রসিদ ও শর্মিষ্ঠা আহমেদ। এতে কর্নেল অধ্যাপক ডা. মো. নুরুল আজিমকে অভিযুক্ত করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার গ্রহণ করে। পরবর্তীতে কাউন্সিল কর্তৃক তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তে প্রমাণিত হয় যে, তিনি একজন অভিজ্ঞ ও সিনিয়র বিশেষজ্ঞ হিসেবে তার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করেছেন। মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে রোগীর মৃত্যু হয়। ‘ডা. তানজিয়া তাজরিন মূলত ডা. নুরুল আজিমের তত্ত্বাবধানে কাউন্সিলিংয়ের কাজ করতেন। কাউন্সিলিংয়ের কাজে অদক্ষতা, অপেশাদারি আচরণ ও পেশাগত স্বীকৃত কাঠামো মেনে চলার অসামর্থ্য প্রতীয়মান হয়েছে। এ ছাড়া, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও তার ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানও উল্লেখযোগ্য ঘাটতি প্রমাণিত হয়েছে।’

post
সংবাদ

ফাহিম সালেহ হত্যাকাণ্ডে হাসপিল দোষী সাব্যস্ত

পাঠাওয়ের সিইও ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী টাইরেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ২০২০ সালে নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের শিকার হন। গত সোমবার ম্যানহ্যাটন সুপ্রিম কোর্ট এ মামলায় তার সাবেক সহকারীকে দোষী সাব্যস্ত করেন। আদালতে টাইরেস হাসপিল জানান, প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য নানা উপহার কিনতে তিনি ফাহিমের অর্থ চুরি করেছিলেন। পরে এ বিষয়টি আড়াল করতেই তিনি ফাহিমকে হত্যা করেন। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন বিচারক। প্রতিবেদনে বলা হয়, ফাহিমের চার লাখ মার্কিন ডলার চুরি করেন হাসপিল। এরপর বিষয়টি আড়াল করতে হত্যার পর তার ইলেক্ট্রিক করাত দিয়ে খণ্ড বিখণ্ড করেন। এ ঘটনায় হাসপিলকে ফাস্ট ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ফাহিম সালেহ বাংলাদেশি বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক। তিনি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন।

post
সংবাদ

মৌলভীবাজারে প্রবাসীর উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন ও ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ‘শিক্ষা ও সেবার আয়োজন’ নামের স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পরিচালক দুবাই প্রবাসী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়ার অর্থায়নে তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের এ সহায়তা করা হয়। তিনি একই ইউনিয়নের মুরর্শিদাবাদ গ্রামের আলহাজ আব্দুর রাজ্জাকের ছেলে।জানা যায়,পানিবন্দি অন্তত ১ হাজার ৫শো পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরন করে সংগঠনটি। এছাড়াও ২টি মেডিক্যাল টিমের মাধ্যমে প্রায় ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা ও ফ্রী ঔষধ দেয়া হয়। পাশাপাশি ১ হাজার ৫শো ফুড প্যাকেট দেয়া হচ্ছে বন্যাদুর্গতদের, যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু,তেল ও বিস্কুট। যতদিন বন্যার পানি থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন, প্রবাসী ব্যবসায়ী ইয়াহিয়া।

post
সংবাদ

পদ্মা সেতু ঋণের সপ্তম-অষ্টম কিস্তি হস্তান্তর

পদ্মা সেতু নির্মাণে, সরকারের অর্থ বিভাগ ও সেতু কর্তৃপক্ষের মধ্যকার চুক্তি অনুযায়ী গৃহীত ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি হিসেবে ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।সর্বশেষ কিস্তিসহ সেতু বিভাগ এই পর্যন্ত সরকারকে মোট ১ হাজার ২৬২ কোটি ৬৬ লাখ ০৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধ করলো। বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর ঋণের সপ্তম ও অষ্টম কিস্তির ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকার চেক হস্তান্তর করেন। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু।

post
সংবাদ

৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ১০ বিঘা ভূমি উদ্ধার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা জমি উদ্ধার করেছে ডিএনসিসি।বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং ও নবীনগর হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন,উচ্ছেদ করা স্থাপনাসমূহের মধ্যে রয়েছে দোকান-পাট, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা।উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলামে জব্দ করা মালামাল ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

post
সংবাদ

প্রবাসীদের উদ্যোগে চট্টগ্রামে ৫০ রোগীর চিকিৎসা

চট্টগ্রামে ৫০ জন বেওয়ারিস রোগীর জন্য চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও খাবার বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম বাথুয়ায় বেওয়ারিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসব সরঞ্জাম ও সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের পরিচালক মানবিক পুলিশ খ্যাত মো. শওকত হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত ও চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশবিদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

post
সংবাদ

‘মিয়ানমারে সংঘর্ষের কারণে বাংলাদেশে আমদানি-রপ্তানি বন্ধ’

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বর্তমানে বাংলাদেশের সঙ্গে দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। জুলাই মাসেই আন্তঃদেশীয় বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। সেই সঙ্গে বর্তমানে দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তবে কেউ কারসাজি করে নিত্যপণ্যের মজুত বা দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান আহসানুল ইসলাম টিটু। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোতলজাত পানির দাম বৃদ্ধির বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

post
সংবাদ

প্রবাসীদের সেবায় ঢাকার বিমানবন্দরে শাটল বাস

বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বিআরটিসির শাটল বাস সেবা।এর মাধ্যমে, বিমানবন্দরের টার্মিনাল থেকে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যেতে পারবেন যাত্রীরা। বুধবার বিমানবন্দরে শাটল বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মাদ ফারুক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাটল বাসগুলো রেলস্টেশন ও বাসস্ট্যান্ড হয়ে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত দিনভর ঘুরতে থাকবে। সেতুমন্ত্রী বলেন, বিআরটিসি দিন দিন সেবাধর্মী সার্ভিসগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। বিমানবন্দরে দুইটি বাস দিয়ে এ শাটল সার্ভিস চালু হলো, পরবর্তীতে তা আরও বাড়ানো হবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.