post
সংবাদ

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহবান প্রধানমন্ত্রীর

সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এর ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সব বাধা অতিক্রম করে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, নিরাপত্তার প্রশ্নে আপোষহীন বাহিনীর ভূয়সী প্রসংসা করেন প্রধানমন্ত্রী। তবে জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয় বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তিনি। এ সময় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান।

post
সংবাদ

হিন্দু সেজে মন্দিরে ছিলেন ফয়সাল-মোস্তাফিজ

সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার ফয়সাল ও মোস্তাফিজ হিন্দু সেজে ২৩ দিন পাতাল কালী মন্দিরে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।বুধবার (২৬ জুন) বিকেলে খাগড়াছড়ি থেকে দুই আসামিসহ হেলিকপ্টারে রাজধানীর পূর্বাচলে নেমে এসব তথ্য জানান ডিবিপ্রধান। ডিবিপ্রধান বলেন, নাম-পরিচয় গোপন করে খাগড়াছড়ির পাতাল কালীমন্দির এলাকায় হিন্দু সেজে লুকিয়ে ছিলেন গ্রেফতার ফয়সাল ও মোস্তাফিজ। তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন। হিন্দু সেজে তারা ২৩ দিন ওই মন্দিরে ছিলেন। তিনি বলেন, মঙ্গলবার (২৫ জুন) খবর পাওয়া যায় খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে লুকিয়ে রয়েছে পলাতক ফয়সাল ও মোস্তাফিজ। খবর পেয়ে ডিবির একটি টিম আগেই পাহাড়ে গিয়ে অভিযান শুরু করে। পরে আজ আমরা গিয়ে হেলিকপ্টারের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করি। হারুন অর রশীদ বলেন, অজ্ঞান করার জন্য এমপি আনারের নাকে ক্লোরোফোম দেন ফয়সাল। আর মোস্তাফিজ এমপি আনারকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে রাখে। কিলার শিমুল ভূঁইয়ার মূল দুই সহযোগী ছিলেন তারা।

post
সংবাদ

সিলেটে বন্যা:দ্রুত ত্রাণ সরবরাহের দাবি প্রবাসীদের

মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলাকে বন্যা দুর্গত এলাকা হিসেব ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা।দেশটিতে অবস্থিত রাজবাড়ী রেস্টুরেন্টে বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এই দাবি জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি আবু সাইদ কুতুব উদ্দিন। সুনামগঞ্জ মানবকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সুরুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা কাজী সফিক। প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলিম উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ.হ.জুবেদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন,জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরওয়ানিয়া শাখার আহ্বায়ক লোকমান জাহিদ,রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক আলাল আহমদ ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি লেছু মিয়াসহ অনেকে।

post
সংবাদ

‘১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছেন বিদেশিরা’

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন।সোমবার সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। এর মধ্যে ভারতের নাগরিকরা ৫০.৬০ মিলিয়ন ডলার, চীনের নাগরিকরা ১৪.৫৬ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার নাগরিকরা ১২.৭১ মিলিয়ন ডলার, জাপানের নাগরিকরা ৬.৮৯ মিলিয়ন ডলার, কোরিয়ার নাগরিকরা ৬.২১ মিলিয়ন ডলার, থাইল্যান্ডের নাগরিকরা ৫.৩০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্যের নাগরিকরা ৩.৫৯ মিলিয়ন ডলার, পাকিস্তানের নাগরিকরা ৩.২৪ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্রের নাগরিকরা ৩.১৭ মিলিয়ন ডলার, মালয়েশিয়ার নাগরিকরা ২.৪০ মিলিয়ন ডলার ও এর বাইরে অন্যান্য দেশের নাগরিকরা ২১.৯২ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন বলে জানান মন্ত্রী।

post
সংবাদ

এবার হজে ৩১ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজ করতে গিয়ে সৌদি আরবে মারা যাওয়া হাজীদের মধ্যে ৩১ জন বাংলাদেশি রয়েছেন।ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। এদিকে, সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

post
সংবাদ

পর্তুগালে প্রবাসী সাংবাদিকের উপর হামলা

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী সাংবাদিক ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার ইসমাইল হোসেন জুয়েল, জাবেদ মাহমুদ ও আরিজ আলী নামে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।গেল দুই মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিক রনিকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে ১৯ জুন রাতে লার্গ দা ইনতেন্দেন্তে ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে কয়েকজন এই হামলা চালায়। জানা গেছে, জুয়েল পর্তুগাল আওয়ামী লীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং জাবেদ মাহমুদ ও আরিজ আলীও একই দলের সদস্য। ইতিমধ্যে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, সাংবাদিক রনির উপর হামলার ঘটনায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পর্তুগাল বাংলাদেশ ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন,ব্যক্তি পর্যায়ের সমস্যা থেকে সাংবাদিকদের প্রতিপক্ষ বানাচ্ছে হামলাকারীরা।

post
সংবাদ

ব্যস্ত সময় পার করছেন, আবুধাবীর বাংলাদেশি ব্যবসায়ীরা

রোজার ঈদের মত কোরবানীর ঈদের পরও ব্যস্ত সময় পার করছেন, আবুধাবীর বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি দোকানের মালিক-কর্মচারীরা। দেশীয় এসব জুয়েলারি প্রতিষ্ঠানে বিশেষ ছাড় থাকায়,ক্রেতাদের ভিড় বাড়ছে দোকানে। এমন বেচা-বিক্রিতে খুশী দোকানিরা।আমিরাতের রাজধানী আবুধাবির হামদান রোডের আহলিয়া হাসপাতালের বিপরীতে বাংলাদেশি প্রতিষ্ঠান, নিউ বিডি জুয়েলার্স ও হ্যাপী ওয়ার্ল্ড জুয়েলারী। ঈদ উপলক্ষে জুয়েলারি গুলোতে রাখা হয়েছে, বিশেষ আইটেমে শূন্য শতাংশ পর্যন্ত মেকিং চার্জ। ফলে দেশীয় ক্রেতাদের পাশাপাশি ফিলিপিনো, নেপালী, পাকিস্তানী ও ইন্ডিয়ানসহ বিভিন্ন দেশের ক্রেতাতের ভিড় বাড়ছে। দোকানের মালিক ও কর্মচারীরা জানান,তাঁদের ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময়, দোকানেই চলেছে। আবুধাবীতে দেশীয় মালিকানায় রয়েছে, কেবলমাত্র দুটি জুয়েলারী দোকানই। এতে প্রবাসী বাংলাদেশিদের গহণার চাহিদা পূরনের পাশাপাশি, মিলনমেলারও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ প্রতিষ্ঠান।

post
সংবাদ

কাতানিয়ায় ফ্রেস পয়েন্ট সুপার মার্কেটের যাত্রা শুরু

ইতালির মিলানোস্থ লিমবিয়াতে ফ্রেস পয়েন্ট সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।শহরটিতে বসবাসরত উদ্যোক্তা রনি বেপারী দীর্ঘদিন ধরে কৃষিজাত পণ্যের খামার প্রকল্পের মাধ্যমে পেয়েছেন সাফল্য। এবারে শুরু করলেন সুপার মার্কেট দিয়ে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির শ্রম কনসাল সাববির আহমেদ। ফ্রেস পয়েন্ট সুপার মার্কেটের উদ্যোক্তা রনি ব্যাপারী জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে কেবল স্বাবলম্বী হওয়াই তার ইচ্ছা নয়, বরং বেকার প্রবাসীদের কর্মসংস্থান এবং দেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করতেই তার এই প্রচেষ্টা।

post
সংবাদ

দ্বিপাক্ষিক বৈঠকে ভারত- বাংলাদেশের মধ্যে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতিসহ ভারত-বাংলাদেশের মাঝে মোট ১০টি সমঝোতা স্মারক হয়েছে। যার মধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক উপস্থিতিতে এ স্মারক স্বাক্ষরিত হয়। স্থানীয় সময় শনিবার দুপুরে হায়দরাবাদ হাউসে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়। এর আগে ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

post
সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, মধ্যরাতে হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে ম্যাডামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউভর্তি করা হয়েছে।এর আগে রাত ৩টা ৫মিনিটে এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ গত ০২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.