post
সংবাদ

দুবাইতে প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গলাই ফাঁস লাগিয়ে ফারুক হোসেন নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস। ভোর বেলা সবাই ডিউটিতে চলে যায়। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাদে ওঠার সিঁড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়েন ফারুক। এক সময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ। ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

post
সংবাদ

সৌদির দর্শনীয় স্থানগুলোও ভ্রমণ করেন হাজীরা

সৌদি আরবে সারাবছরই হাজীদের আগমনে ভরপুর থাকে। হজ পালনের পাশাপাশি দেশটির পবিত্র স্থান মসজিদে নববি,মসজিদ আল-হারাম ও মদিনা মনোয়ারাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন হাজীরা। পবিত্র এ দেশটিতে যেতে পেরে আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করেন বাংলাদেশি হাজীরা। জানা যায়,প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও ওমরাহ পালন করার উদ্দেশে ইসলামের প্রথম রাজধানী মদিনায় যান। মক্কার পরে এই মদিনা শহরকে ইসলামে দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেখানে ইসলামের সর্বশেষ নবী দ্বারা নির্মিত ‘নবীর মসজিদ’,মানে মসজিদে নববি অবস্থিত। ফজর নামাজের পরে বের হলে সবকিছু ভালোভাবে দেখার সুযোগ পাওয়া যায়। হজের পাশাপাশি মক্কা ও মদিনার বিভিন্ন ইসলামীক স্থাপনা দেখতে বেরিয়ে পড়েন হাজীরা। সৌদি আরবের দর্শনীয় স্থান পরিদর্শন করে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন তারা। তাইতো সারাবিশ্ব থেকে আগত কোনো হজযাত্রীই মদিনার সফর ও জিয়ারত মিস করেন না।

post
সংবাদ

ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের ওমান সফর

ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওমান সফর করেছেন। বৈদেশিক শিক্ষা সফরের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম দলটির নেতৃত্ব দিচ্ছেন। সফররত প্রতিনিধি দলটি ওমানের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে। এছাড়াও ওমান স্টেট কাউন্সিল ও শুরা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, ওমান সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাত করেন তারা। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে তৈরী পোশাক এবং জাহাজ আমদানির বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ প্রশিক্ষণের মাধ্যমে ওমান সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন কমান্ড্যান্ট সাইফুল আলম। ওমানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস্ অব ওমান জানান- সুলতানাত অব ওমানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ খামিস আল রাইসি বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

post
সংবাদ

লালমনিরহাটে প্রবাসীর দৃষ্টিনন্দন মসজিদ

লালমনিরহাটে প্রায় পাচঁ কোটি টাকা ব্যয়ে কানাডিয়ান মডেলে মসজিদ নির্মাণ করলেন কানাডা প্রবাসী শেখ রোস্তম আলী। হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নে দৃষ্টিনন্দন এ মসজিদটি তৈরি করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে ওসমান জামে মসজিদ কমপ্লেক্স। শুক্রবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন মসজিদটির উদ্বোধন করেন। এসময় সবাইকে মিথ্যা ছেড়ে সততার সাথে কাজ করার আহবান জানান তিনি। মসজিদটিতে প্রায় ১৫শো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। সেখানে মহিলাদের জন্যেও নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। 

post
সংবাদ

প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে

দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের নেয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে, দেশে কেউ গরীব থাকবে না বলেও জানান তিনি। সকালে টুঙ্গিপাড়ায় দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ভাগ্য উন্নয়নে সর্বজনীন পেনশন প্রকল্পে নিজেদের যুক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতাকালে, তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে, প্রত্যেক মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে কাজ করে যাচ্ছে তার সরকার। সরকারের নানা কর্মকাণ্ডের পাশাপাশি, পেনশন স্কিমে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া, প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে, খাদ্য উৎপাদন বৃদ্ধি,ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে, আওয়ামী লীগ নেতাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

post
সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জে, বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে, ভুক্তভোগীরা। শুক্রবার দুপুরে, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কারযালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ মামুন, ফরহাদ হোসেন, ফিরোজ আলম ও মারুফ জানান,গনিপুর এলাকার প্রতারক ইসমাঈল হোসেন, ইতালি পাঠানোর কথা বলে, তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা নেয়। কিন্তু ইতালি না পাঠিয়ে লিবিয়াতে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। বর্তমানে তারা দেশে এসে টাকা ফেরত চাইলে উল্টো প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সঠিক তদন্ত কোরে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

post
সংবাদ

ইতালিতে নারীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে

সম্প্রতি রোমে ইতালিয়ান এক নারীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। এরপর থেকে দেশটির নাগরিকসহ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ ঘটনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতো করার দাবীতে, তরপিনাত্তারায় বিক্ষোভ করেন, বিভিন্ন দেশের নাগরিকরা। ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার লড়াইয়ে সমর্থন জানিয়েছে, রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও। ইতালিতে প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশীদের বসবাস। দীর্ঘ এই সময়ে, দেশটিতে এখনো বাংলাদেশীদের সুদৃঢ় অবস্থান গড়ে ওঠেনি। ইতালি জুড়ে প্রবাসীদের কর্মক্ষেত্রে সুনাম থাকলেও,ইদানিং বাড়ছে নৈতিক অবক্ষয় এবং সহিংসতার ঘটনা। সম্প্রতি রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায়, ইতালিয়ান এক নারীকে রাস্তায় লাঞ্চিত করে বাংলাদেশি যুবক। এরপর থেকে, ইতালীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে, তরপিনাত্তারার প্রধান চত্তর মারানেল্লায় বিক্ষোভ করেন, বিভিন্ন দেশের নাগরিকরা। এমন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিবাদকারীরা। ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার লড়েইয়ে সমর্থন জানিয়েছে, রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও। নিরাপদ সমাজ গড়তে সমর্থন থাকবে বলে জানান, রোমের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও নারী সংগঠকরা। দুঃখজনক এ ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

post
সংবাদ

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট। হজ্ব যাত্রীদের স্বাগত জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তারা। রাষ্ট্রদূত বলেন,যেকোনো প্রয়োজনে হাজীদের পাশে থাকবে দূতাবাস। এসময় বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান, বাংলাদেশি হজ যাত্রীরা। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে বছরের প্রথম হজ ফ্লাইটে, ৪১৫ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়, সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেন হাজীরা। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামী,জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের প্রধান, মেজর জেনারেল ফয়সাল আল রাজিসহ অনেকে। এসময় রাষ্ট্রদূত বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস,কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন, সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে,পবিত্র হজ পালনের জন্য প্রথম দিনে ১৯৮৪ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

post
সংবাদ

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল

ডেভিড স্লেটন মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল বৃহস্পতিবার ছয়টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন। ডেভিড মিল তাঁদের একজন। হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিযুক্তির কথা জানিয়েছে। ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। বর্তমা‌নে তি‌নি বেইজিংয়ে মা‌র্কিন দূতাবা‌সে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন কর‌ছেন। মিল বেইজিংয়ে দা‌য়ি‌ত্ব পাল‌নের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর গত বছর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এ নিয়ে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখনো কাটেনি। কূটনৈতিক কয়েকটি সূত্র বলছে, এই টানাপোড়েনের মধ্যে মার্কিনিরা সম্ভবত নিজেদের অগ্রাধিকারে পরিবর্তন এনেছে। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় সম্পর্কে স্থবিরতার মতো পরিস্থিতি তৈরি হয়।এই অবস্থায় বাংলাদেশ সরকারের সাথে ঝামেলা আপাতত একপাশে রেখে কী করে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য দিকগুলো এগিয়ে নেওয়া যায়, তারই একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। মিলের ম‌নোনয়ন এরই মধ্যে সি‌নেটে পাঠা‌নো হয়েছে। সি‌নে‌টে শুনানির পর মিলকে যোগ্য ম‌নে হ‌লে ত‌বেই ম‌নোনয়ন চূড়ান্ত ক‌রে রাষ্ট্রদূত ক‌রে তা‌কে ঢাকায় পাঠা‌নো হ‌বে। মিল ঢাকায় রাষ্ট্রদূত হ‌লে বর্তমান রাষ্ট্রদূত পিটার হা‌সের স্থলাভিষিক্ত হবেন।

post
সংবাদ

বেড়েছে গাঁজা-ইয়াবাসেবী

বাংলাদেশে মাদকের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনকারীর সংখ্যা বেড়েছে। এরমধ্যে ৩৩ দশমিক ৮ শতাংশ গাঁজা ও ২৯ দশমিক ৮ শতাংশ ইয়াবা সেবনকারী। আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। গত ২০ বছরে তাদের কাছে আসা দুই হাজার ৭৮৯ জন মাদকাসক্ত রোগীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পায় বেসরকারি সংস্থাটি। বৃহস্পতিবার (৯ মে) গাজীপুরে মিশনটির মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব তথ্য জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি জানান, ১৪ দশমিক ৯ শতাংশ ঘুমের ওষুধ, ১৬ দশমিক ৩ শতাংশ হিরোইন, ১২ দশমিক ৬ শতাংশ অ্যালকোহল এবং ৪৩ দশমিক ৪৩ শতাংশ একই সঙ্গে একাধিক মাদক গ্রহণকারী, বাকিরা অন্যান্য মাদক গ্রহণকারী। আর মানসিক রোগের মধ্যে সিজোফ্রেনিয়া ১৮ দশমিক ৩ শতাংশ, বাইপোলার ১৪ দশমিক ৪৩ শতাংশ, ডিপ্রেশন ১৮ দশমিক ৩৩ শতাংশ, ওসিডি ৮ দশমিক ৭৪ শতাংশ এবং বাকিরা অন্যান্য মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মিশনের এই কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে এ পর্যন্ত দুই হাজার ৭৮৯ জনকে সেবা দিয়েছে। এরমধ্যে মাদকাসক্তজনিত সমস্যা দুই হাজার ১৪২ জনের। আর মানসিক সমস্যা ৬৪৭ জনের। যার মধ্যে এ পর্যন্ত সুস্থতার হার প্রায় ৭৫ শতাংশ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.