post
সংবাদ

কোটা বাতিলের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

হাইকোর্টের দেওয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে সড়কে যানচলাচল বন্ধ হয়ে শাহবাগ অচল হয়ে পড়ে।বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি হয়ে দুপুর সোয়া ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। সরজমিনে শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে বসে স্লোগান দিতে দেখা যায়। ফলে ফার্মগেট-শাহবাগ, শাহবাগ-পল্টন-মগবাজার রোড, শাহবাগ -সায়েন্সল্যাব রোড এবং শাহবাগ-বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। সাধারণ জনগণ গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে থাকেন। তবে, অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে চলাচলের জন্য জায়গা করে দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলেন, আমরা আজকে শাহবাগ মোড়েই দুপুরের খাবার খাবো। আজকে আমরা এখানে এক দুই ঘণ্টা জন্য আসিনি। আজকে আমরা দীর্ঘ সময়ের জন্য আন্দোলনে জড়ো হয়েছি। আমাদের দাবি আদায়ের আগপর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

post
সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩ লাখ ডলার দি‌চ্ছে যুক্তরাষ্ট্র

সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দের জন‌্য ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে সা‌ড়ে ৩ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র সরকার।বুধবার (৩ জুলাই) ঢাকায় মা‌র্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়। মা‌র্কিন দূতাবাস জানায়, জুন মাসের মৌসুমি বন্যা থেকে পুনরুদ্ধারে সিলেট ও সুনামগঞ্জ জেলাকে সহায়তা করতে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে সা‌ড়ে ৩ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বহুমুখী নগদ সহায়তা হিসেবে এই অর্থ বিতরণ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়ে ৩০ হাজার জন আশ্রয়কেন্দ্রে রয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আরও একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে জরুরি সহায়তার প্রয়োজন এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

post
সংবাদ

‘প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকার কাজ করছে’

প্রবাসী কর্মীদের উন্নয়ন ও সুরক্ষিত জীবনমান নিশ্চিন্তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধিদের সঙ্গে সভায় তিনি এসব কথা জানান। এ সময় পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিসহ আইলও'র প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

post
সংবাদ

সিলেটে বন্যা: ত্রাণ বিতরণের লক্ষ্যে আমিরাতে মতবিনিময়

সিলেটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছে আমিরাতের প্রবাসী সংগঠন "সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ’।সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে আজমানের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী রহমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আব্দুল হামিদ। প্রধান বক্তা ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউএই'র আহবায়ক মাওলানা ক্বারী আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন, আয়োজক সংগঠনটির সিনিয়র সহ সভাপতি শাহিন আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক মীর্জা আবু সুফিয়ান, উপদেষ্টা বাতির মিয়া, সহ-সভাপতি ছাতির আলী ও বারি মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আল আইন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও আল আইন আনজুমানে আল ইসলাহ এর সভাপতি কারী বোরহান উদ্দিনসহ অনেকে।

post
সংবাদ

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন; অর্থমন্ত্রীর মন্তব্যের নিন্দা

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে নিন্দা জানান তারা। অবিলম্বে এই পেনশন নীতি বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারী দেন সংগঠনটির নেতারা। এদিকে তৃতীয় দিনেও বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস-পরীক্ষা, স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। সেবা মিলছে না বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে।সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে চলমান এ কর্মবিরতির মধ্যেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগের দাবিও উঠেছে।

post
সংবাদ

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন কাদের

সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য তিনি আন্দোলনরত শিক্ষকদের ডেকেছেন। বুধবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বজনীন পেনশন ইস্যুতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কথা বলতে আগামীকাল বৃহস্পতিবার সকালে কথা বলতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

post
সংবাদ

‘হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে’

হাইড্রোজেন ও অ্যামেনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে।বুধবার (০৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পেট্রোবাংলার অধীন রূপান্তরিত গ্যাস কোম্পানি লিমিটেডে (আরপিজিসিএল) জ্বালানি হিসেবে হাইড্রোজেন উৎপাদনে টেকসই ও নির্ভরযোগ্য পদ্ধতির ওপর উন্নত বিশ্বের চলমান অধিকতর গবেষণাগুলোর ফলাফল এবং গৃহীত কার্যক্রমের তথ্য-উপাত্ত সংগ্রহরে লক্ষ্যে একটি সেল গঠন করা হয়েছে। ওই সেল গ্রহণযোগ্য তথ্যাদি প্রাপ্তির পর একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করবে। আশা করা যায় ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার সম্ভব হবে। আলী আজমের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, ধনী, গরীব নির্বিশেষে সবার জন্য সমতার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন সাধন করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে সঠিক বিচারের নিশ্চয়তা প্রদান করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০৯ সাল থেকে অধস্তন আদালতে এক হাজার ৪২৯ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

post
সংবাদ

ঢাকা-বেইজিং ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স

বাংলাদেশ ও চীনের মধ্যে ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুলাই থেকে ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের ডাশিন আন্তর্জাতিক বিমানবন্দর রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে এশিয়ার অন্যতম বৃহৎ এই এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহের সোমবার ও শনিবারে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট। এর ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ আরও সমৃদ্ধ হবে। যা দেশ দু’টির মানুষের মধ্যে সংযোগ ও বন্ধুত্ব মজবুতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।সোমবার (১ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় চায়না সাউদার্ন এয়ারলাইন্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি জনাব ইয়াও ওয়েন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফারুক খান বলেন, চীন বাংলাদেশের পরিক্ষিত বন্ধু। দীর্ঘদিন ধরে আমাদের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে চীন। পদ্মা সেতু নির্মাণে চীনের সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে সকলেই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রীর ’নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ’র স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছিল চীন। তিনি আরও বলেন, সংযোগের মাধ্যমেই উন্নয়ন আসে এবং আমরা সংযোগ স্থাপনে বিশ্বাস করি। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতে বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ আসবে। চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক জি কাংজিয়া বলেন, চায়না সাউদার্ন এয়ারলাইনস এভিয়েশন শিল্পে একটি শীর্ষস্থানীয় নাম, যা তার বিস্তৃত নেটওয়ার্ক এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির জন্য পরিচিত। এশিয়ার বৃহত্তম এয়ারলাইন হিসাবে, আমরা গর্বের সাথে প্রতিদিন ৩ হাজার টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছি, যা যাত্রীদের বিশ্বজুড়ে ২০০ টিরও বেশি গন্তব্যে সংযুক্ত করছে। গত বছর আমরা ১ লাখ ২০ হাজারেরও বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে চীনে গেছি। এই বছরের প্রথমার্ধে সংখ্যাটি ইতিমধ্যে ৪০,০০০এর কাছাকাছি। অদূর ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি চায়না সাউদার্ন এয়ারলাইন্সে ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, অত্যাধুনিক এয়ারবাস A321 নিও এয়ারক্রাফ্ট দ্বারা পরিচালিত নতুন রুটটি বেইজিং এবং ঢাকার মধ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য বর্ধিত ভ্রমণ বিকল্প এবং সুবিধা প্রদান করবে। এয়ারক্রাফ্টটিতে ১২টি বিজনেস ক্লাস, ১৮৭টি ইকোনমি ক্লাসসহ মোট ১৯৯টি আসনের ব্যবস্থা রয়েছে।

post
সংবাদ

হজে আরও এক হাজিসহ ৫৭ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। এর মধ্যে পুরুষ ৪৪ এবং নারী ১৩ জন। এদের মধ্যে মক্কায় ৪৬ জন,মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের সে দেশে দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১০২টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৬টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

post
সংবাদ

‘প্রতারণা এড়াতে বাংলাদেশ-সৌদি যৌথ টাস্কফোর্স কাজ করবে’

চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ-সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে ব‌লে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টাস্কফোর্স গঠনই তাদের সদিচ্ছার প্রতিফলন। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দ্বিপাক্ষিক বৈঠকে বসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে। এসময় বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি অফশোর ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। সংলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। সৌদি আরবে ব্যবসারত বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধনের বিশেষ সুযোগ দেওয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলে সৌদি আরবের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.