post
সংবাদ

‘২ লাখ ৫৭ হাজার একর বনভূমি অবৈধ দখলে’

বন বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে রয়েছে এবং গত মে মাস পর্যন্ত ৩০ হাজার ১৬২ একর বনভূমির জবরদখল উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম, আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। সাবের হোসেন চৌধুরী বলেন, বন বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে রয়েছে। তার মধ্যে চলতি বছর মে মাস পর্যন্ত ৩০ হাজার ১৬২ একর বনভূমির জবরদখল উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ‘১০০ কর্মদিবস অগ্রাধিকার কর্মপরিকল্পনার’ মাধ্যমে পাঁচ হাজার একর জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধারের জন্য উচ্ছেদ প্রস্তাব পাঠানো হচ্ছে। তিনি বলেন, বনভূমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করে বন বিভাগের আওতায় এনে বনায়ন করা হচ্ছে। এছাড়া অবশিষ্ট জবরদখলকৃত বনভূমি উদ্ধারের লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হয়েছে।

post
সংবাদ

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবারটি।জানা যায়,আমিরাত প্রবাসী শাহাদাত হোসেন তিন বছর আগে ছয়ানী উত্তর বাজার এলাকায় অভিযুক্ত মাইন উদ্দিনের বড় ভাই শামছু উদ্দিনের কাছ থেকে রাস্তাসহ ২০ শতাংশ জমি ক্রয় করেন। তবে, এতো দিন রাস্তাটি ব্যবহার করলেও সম্প্রতি মাইন উদ্দিন ওই রাস্তা দিয়ে প্রবাসীর পরিবারকে যাতায়াতে বাধা দেয় এবং বাউন্ডারী ওয়াল ভেঙ্গে দেয়। এর প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রবাসী পরিবারটিকে। এঘটনায় প্রতিকার চেয়ে মাইন উদ্দিন ও শামছু উদ্দিনসহ ৪ জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শাহাদাত হোসেন। অভিযোগের বিষয়টি স্বীকার করে পুলিশ জানিয়েছে, মামলাটি আদালতে পাঠানো হবে। তবে, এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

post
সংবাদ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

ভারতে ভারী বর্ষণসহ উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে। এ ছাড়া বেড়েই চলেছে জেলার অন্য নদ-নদীর পানি। এতে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কাউনিয়া ও ডালিয়া পয়েন্টে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার (১ জুলাই) দুপুর ১২টা থেকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং সকাল ৬টায় ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা ২৮ দশমিক ৭৫ সেন্টিমিটার ধরা হয়। অন্যদিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে সোমবার দুপুরে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৭২ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় ৫১ দশমিক ৭৪ সেন্টিমিটার এবং সকাল ৬টায় বিপৎসীমার ৫১ দশমিক ৮০ সেন্টিমিটার পানিপ্রবাহ রেকর্ড করা হয়। এ পয়েন্টে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলে বিপৎসীমা অতিক্রম করে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর জেলার কাউনিয়া, পীরগাছা ও গংগাচড়া উপজেলার তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা নদীতে পানি বাড়া-কমায় ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন এলাকা। বেশকিছু চরাঞ্চলের বাড়িঘরের চারপাশে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। ডুবে গেছে ওইসব এলাকার সবজিখেত।

post
সংবাদ

বাংলাদেশিদের প্রশিক্ষণ দিলেন হৃদরোগ বিশেষজ্ঞ সাও-লিয়াং

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগ চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তিবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশি চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাও-লিয়াং চ্যান।রোববার (৩০ জুন) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউে হৃদরোগ চিকিৎসার আধুনিক প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)। কর্মশালায় অধ্যাপক চ্যান তার গবেষণালদ্ধ বিভিন্ন প্রযুক্তির ওপর বক্তব্য দেন এবং হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এর ফলে দেশের উদীয়মান হৃদরোগ বিশেষজ্ঞরা উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। এছাড়াও কর্মশালায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। জটিল এনজিওপ্লাস্টির কেস প্রেজেন্ট করেন বাংলাদেশের তরুণ বিশেষজ্ঞরা। স্বাগত বক্তব্যে অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, অধ্যাপক চ্যান চীনের নানজিং ফাস্ট হাসপাতালের কার্ডিওলজি ও ক্যাথল্যাবের পরিচালক। তিনি হৃদরোগ চিকিৎসার বিভিন্ন আধুনিক কৌশলের পথপ্রদর্শক। তিনি হৃদপিন্ডের রক্তনালির জটিল অসুখের চিকিৎসার জন্য ডি কে ক্রাশ পদ্ধতিরও উদ্ভাবক। এধরনের কর্মশালা বাংলাদেশের হৃদরোগ চিকিৎসাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে এবং এতে রোগীরা উপকৃত হবেন।

post
সংবাদ

‘কয়েকজন দুর্নীতি করে সবাই বিব্রত হয়’

প্রশাসনের হাতেগোনা কয়েকজন কর্মকর্তা দুর্নীতি করে, আর বাকি সবাই বিব্রত হয় বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।সোমবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। ইদানীং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি জানি না একটা বিষয় আপনারা আমার সঙ্গে স্বীকার করবেন কি না, দুর্নীতি তো সবাই করে না। একটা অফিসের সবাই কি দুর্নীতিবাজ? হাতেগোনা কয়েকজন করে, ওই কয়েকজনের জন্য বাকি সবাই বিব্রত হয়। অবস্থা তো তাই দাঁড়িয়েছে, তাই না? তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অবস্থানটা পরিষ্কার হয়েছে যে, দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে কোনো সহানুভূতি দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এটা আপনারা খেয়াল করেছেন। সেটি আমরা এখন অনুসরণ করছি। সেটিই আমরা এখন সিরিয়াসলি ফলো করছি। ‘তাহলে আপনি বলতে পারেন ফাঁকে ফাঁকে কেন (দুর্নীতি) হচ্ছে। দুর্নীতিটা এত কাঠামোর মধ্যে থাকার পরও হচ্ছে। এটা সব সমাজে সব জায়গায় হয়। যাদের দুষ্ট চিন্তার মানসিকতা, যাদের দুষ্ট বুদ্ধির মানসিকতা, তারা এই (দুর্নীতি) কাজগুলো করতে চান। আমরা এটুকু দেখতে পাচ্ছি। যখনই এ বিষয়টি সরকারের নজরে আসে, সরকারের পক্ষ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হয় না।’

post
সংবাদ

মালয়েশিয়া সিন্ডিকেট: সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো কান্ডে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি ও বায়রা মহাসচিবকে এই নির্দেশ দেয়া হয়। আইনজীবী তানভীর জানান, গণমাধ্যমের সংবাদ দেখে গেলো ২ জুন রিট আবেদন করা হয়। রোববার শুনানি শেষে আদেশ দেন আদালত। পূর্ব ঘোষণা অনুযায়ী, গেলো ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় ১৭ হাজার কর্মী। যাদের বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক দফা সময় বাড়ানোর পর ২৪ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে, তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

post
সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।দেশটির স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মনছুর নামে একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের নুর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক। আহত মনছুরও একই এলাকার বাসিন্দা। স্থানীয় প্রবাসীরা জানান, হতাহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

post
সংবাদ

দুর্নীতির অভিযোগে এনবিআরের ফয়সালকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় বদলি করা হয়েছে। এছাড়া পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় কর্মরত অতিরিক্ত কমিশনার মো. মনিরুজ্জামানকে এনবিআরের প্রথম সচিব (কর) হিসেবে সংযুক্ত করা হয়েছে।রোববার (৩০ জুন) এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন শাখা) শহিদ্দুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুন) কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট। এছাড়া তার ও তার স্ত্রীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের দুই কোটি ৫৫ লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুস ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এ বিষয়ে দুদক অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, দুটি প্লট, সঞ্চয়পত্রসহ ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

post
সংবাদ

‘প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ ও রহমান ট্রাস্ট এবং যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বন্যার্তদের পাশে রয়েছে;কিন্তু বিএনপি-জামায়াত নেই। এসময় জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

post
সংবাদ

দেশে লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বাড়তে পারে।শনিবার (২৯ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.