post
সংবাদ

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সেলাঙ্গর রাজ্যের তামান সেরডাং পেরদানার কাছে কেএলআইএ এক্সপ্রেস-এর রেললাইন পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয় ট্রেন। তবে, মৃতের নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।জানা যায়,ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার সময় ওই বাংলাদেশি দুর্ঘটনার কবলে পড়েন। এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি জানায় সেরডাং জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এ এ আনবালাগান। এর আগে দুর্ঘটনার পর রাত ৯টার দিকে দুর্ঘটনার একটি প্রতিবেদন দেন সেরি কেম্বানগানের কেএলআইএ এক্সপ্রেসের নিরাপত্তা বিভাগ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই বাংলাদেশি কেএলআইএ এক্সপ্রেস রেললাইনের সীমানাপ্রাচীর অতিক্রম করে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে ধাক্কা দেয় ট্রেনটি। পুরো ঘটনা ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। দুর্ঘটনার পর অন্তত ৫ মিটার গভীর একটি ড্রেন থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

post
সংবাদ

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির পথে নগরবাসী

ঈদুল আযহার দ্বিতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে নগরবাসী। তবে বাড়তি ভাড়ার ভোগান্তির অভিযোগ তাদের।মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় এমন চিত্র। ঈদের আগে বিভিন্ন ব্যস্ততার কারণে যারা গ্রামে যেতে পারেননি তাদের অনেকেই আজ পা বাড়িয়েছেন বাড়ির পথে। তবে, বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ কাউন্টার মালিকরা।

post
সংবাদ

রাজধানীর ব্যস্ত সড়কও ফাঁকা

ঈদের ছুটিতে পাল্টে গেছে রাজধানীর চিরচেনা দৃশ্য। ব্যস্ত সড়কগুলো প্রায় ফাঁকা। রাস্তায় যাত্রী এবং গণপরিবহন, দুটোই কম। নেই যানজট। সড়ক-মহাসড়কগুলো দখলে নিয়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি। পরিবার-পরিজন নিয়েও ঘুড়তে বেরিয়েছেন কেউ কেউ। ফাঁকা রাস্তায় স্বস্তিতে চলতে পেরে খুশি নগরবাসী। এদিকে,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

post
সংবাদ

বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ঈদ আয়োজন নিজেদের নামে চালালো ছাত্রলীগ

ঈদের দিন ঢাকায় থাকা শিক্ষার্থীদের আপ্যায়নের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এ আয়োজনের পুরো খরচ বিশ্ববিদ্যালয় থেকে বহন করা হলেও বণ্টনে সহযোগিতা করার সুযোগ নিয়ে নিজেদের নামে আপ্যায়নের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে শিক্ষার্থীদের আপ্যায়নের বিষয়টি স্বীকারও করেছেন জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি।সোমবার (১৭ জুন) জবিতে ঢাকায় ও ছাত্রী হলে থাকা শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়। এ সময় প্রক্টরিয়াল টিমের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, মনির হোসেন, কিশোর রায়, মাসুদ রানাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা শিক্ষক উপস্থিত ছিলেন। খাবার বণ্টনে তাদের সঙ্গে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ব্যানার টানিয়ে জবি শাখা ছাত্রলীগের উদ্যোগে ঈদের দিন শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়েছে বলে পোস্ট দিচ্ছেন অনেক নেতাকর্মী। কোনো কোনো পোস্টে শিক্ষার্থীদের জন্য জবি প্রশাসন আপ্যায়নের কোনো ব্যবস্থা করেনি জানিয়ে ছাত্রলীগ থেকে সব আয়োজন করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে জবির প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আপ্যায়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেড় লাখ টাকার বেশি ব্যয়ে পুরো খরচ জবি প্রশাসন বহন করেছে। জবি শাখা ছাত্রলীগকে খাবার বণ্টনে সহযোগিতা করতে বলা হয়েছিল। কেউ যদি বিভ্রান্তি ছড়ায় বিষয়টি বিব্রতকর।

post
সংবাদ

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত

শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত আরাফাত ময়দান। বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন।জানা যায়,পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া সৌদি নাগরিক ও প্রবাসীরাও যোগ দিয়েছেন হজে। শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করেন হাজীরা। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে অবস্থানকারীরা ধর্মীয় আবেগ ও অনুভূতি দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশে রওনা করেন তারা। সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসেন হাজীরা। রোববার বড় শয়তানকে পাথর নিক্ষেপ,কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন হাজীরা। এরপর,মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান এবং প্রতিদিন, তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।

post
সংবাদ

রাঙামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে এসব ঘটনা ঘটে। লংগদু থানা পুলিশের ওসি হারুনুর রশিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান। এ ছাড়া কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

post
সংবাদ

মুসলমানদের উচিত সৎ কাজে সহযোগিতা করা

হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি বলেছেন, ইসলাম অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘কাউকে খারাপ নামে ডাকবে না। মুসলমানদের উচিত পরস্পরকে সৎকাজে সহযোগিতা করা, ইসলামের বিধি-বিধান মেনে চলার মাঝেই আছে সঠিক পথের দিশা।তিনি আরও বলেন, একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ঠিক নয়, আল্লাহ বলেন, ন্যায়ের সঙ্গে সিদ্ধান্ত নিন, মদ ও জুয়া মন্দ কাজ। মসজিদুল হারামের ইমাম হজের খুতবায় আরও বলেছেন, নিজের পিতা-মাতা এবং যে আপনার প্রতি দয়া ও সদ্ব্যবহার করেছে তার জন্য দোয়া করুন। এবং দোয়া করো এবং অন্যের জন্য তার অনুপস্থিতিতে করুন, তাহলে ফেরেশতাও আপনার জন্য দোয়া করবেন। খুতবায় ফিলিস্তিন প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধে কবলে। তারা বিপর্যস্ত। তাদের খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পৃথিবীর সবধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত। তাদের জন্য দোয়া করুন। বিশ্ব মুসলিমের কাছে এটা তাদের পাওনা। তিনি বলেন, যারা ফিলিস্তিনিদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সহযোগিতার চেষ্টা, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছেন, করছেন তারাও দোয়ার হকদার। এছাড়াও যারা হজযাত্রীদের সেবা করছেন তারাও দোয়ার হকদার।

post
সংবাদ

সেন্টমার্টিন আক্রান্ত হলে জবাব দেয়া হবে

সেন্টমার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে। তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে।শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ কিছু সংকট আছে। তাদের ৫৪টি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে। তাদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। তাদের অভ্যন্তরীণ সংকটে আমরা যদি ভুক্তভোগী হই (সাফার করি) তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। সেখানে সরকারে আছে সামরিক শাসক। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। তবে আমরা আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেবো। আমাদের খাটো করে দেখার কিছু নেই। আমরা প্রস্তুত আছি। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের ওপর জেঁকে বসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন। এজন্য তাকে মানবতার মা বলা হয়। এখন বিশ্বের বড় বড় দেশ ও সংগঠন এজন্য আমাদের প্রশংসা করে। কিন্তু রোহিঙ্গাদের পুনর্বাসনে যে সাহায্য তার পরিমাণ কমে গেছে। অর্থনৈতিক চলমান সংকটে আমরা চিন্তায় আছি। ১০-১২ লাখ রোহিঙ্গা বাড়তি চাপ সৃষ্টি করে আছে।

post
সংবাদ

ঈদুল আজহা: ১৭০ টাকার ভাড়া ৪০০ টাকা

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। শ্যামলী, জিআর, গোল্ডেন লাইন, এসবি, চুয়াডাঙ্গা ডিলাক্স রয়েল ও পূর্বাশার মতো পরিবহনে মিলছে না টিকিট। অনেকেই সরাসরি যানবাহন না পাওয়ায় ভেঙে ভেঙে মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বাসের ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা। তবে এ রুটে সেলফি পরিবহন যাত্রীপ্রতি নিচ্ছে ৪০০ টাকা। গাবতলী থেকে সাটুরিয়া পর্যন্ত ১৭০ টাকা ভাড়া হলেও যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। শনিবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়। পাবনাগামী যাত্রী ফরহাদ হোসেন বলেন, তিনি নিয়মিত গাবতলী থেকে পাটুরিয়া হয়ে পাবনা যান। অন্যান্য সময় ১৭০ টাকা ভাড়া হলেও ঈদ উপলক্ষে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়ার যুক্তি দেখিয়ে সেলফি বাসের কন্ট্রাক্টর বলেন, তেলের গাড়ি, তাই ভাড়া বেশি। ঘাট থেকে গাড়ি খালি আসবে আমরা কী করবো।

post
সংবাদ

বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি কর্মী নিয়োগ

এবছর ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এজন্য ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করা হবে। এছাড়া ডিএনসিসির সব কাউন্সিলর, কর্মকর্তা এবং মেয়র নিজেই মাঠে থাকবেন। বর্জ্য অপসারণের বিষয়টি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হট লাইন নম্বর রয়েছে যে কেউ যোগাযোগ করতে পারবেন।শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বছিলা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এসব কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির স্মার্ট পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছেন। এবছর ৬টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতারা ক্যাশ লেনদেন না করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারছেন। বিক্রেতা বা খামারিরাও গরু বিক্রির টাকা বহন না করে হাটেই ব্যাংক একাউন্টে জমা দিতে পারছেন। ব্যাংক একাউন্ট না থাকলে তাৎক্ষণিক একাউন্ট খোলার সুযোগও রয়েছে। মেয়র আরও বলেন, কোরবানির পশুর হাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। হাটের সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কোরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এই টিম কোরবানির হাট মনিটরিং করছে। প্রধান সড়ক বন্ধ করে হাট বসালে তদারকি টিম ব্যবস্থা নিচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.