মালয়েশিয়ায় গমনেচ্ছুদের প্রস্তুতির অনুরোধ মন্ত্রণালয়ের
মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের অতি দ্রুত প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশসহ ১৪টি কর্মী পাঠানো দেশ থেকে আগামী ৩১ মে-র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশে বাধ্যবাধকতা আরোপ করেছে। মালয়েশিয়া গমনে আগ্রহীদের সতর্ক করে বলা হয়, এমন অবস্থায়, মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের মালয়েশিয়া সরকারের দেয়া ই ভিসা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইনসের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাই করে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এসময় মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ লেনদেন না করারও অনুরোধ করা হয়। ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনোভাবে লেনদেন না করতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঐ বিজ্ঞপ্তিতে।
