post
বাংলাদেশ

নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না, ইইউ রাষ্ট্রদূতদের বিএনপি

বিএনপি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির গুলশানস্থ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশে যে শঙ্কা, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে গণতন্ত্র নেই দাবি করে আমীর খসরু বলেন, আগামী নির্বাচনকে কীভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি গুলশান ২-এর ৫৫ নম্বর সড়কের ১৮ নং হাউসে প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।

post
বাংলাদেশ

স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র

বাসের সিটে বসা নিয়ে দ্বন্দ্বে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট অবরোধ করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিনোদপুর গেট পুলিশ বক্সে আগুন দেন স্থানীয়রা। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। সংঘর্ষে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে ঝামেলা হয় একজনের। পরে বাসটি বিনোদপুর বাজারে আসলে বাস আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে এক দোকানি এসে শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেন। পরে ওই ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় দোকানিরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। বাঁশ-লাঠি নিয়ে তারা শিক্ষার্থীদের ধাওয়া করেন। শিক্ষার্থীরা বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে আবার বিনোদপুর গেটের দিকে লাঠিসোটা নিয়ে দোকানিদের ধাওয়া করেন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল আসেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও তার কয়েকজন অনুসারী। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে চলে যান তারা। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করেন স্থানীয়রা। পরে দুটি মোটরসাইকেলে আগুন দেন তারা। এছাড়াও বিনোদপুর গেট পুলিশ বক্স ও কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। বর্তমানে মহাসড়কের দুই পাশ থেকে স্থানীয় এবং শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলছে। বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানা ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

post
বাংলাদেশ

চীনের ঋণের ফাঁদে পড়ার শঙ্কা নেই : পররাষ্ট্রমন্ত্রী

চীনের ঋণের ফাঁদে পড়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘চীনের ঋণের ফাঁদে পড়ার কোনো সম্ভাবনা নেই। এটা কখনোই হবে না। চীনের ঋণের ফাঁদে পড়া নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। আমরা এই ধরনের আলোচনা এড়িয়ে চলি। আমরা জাপানের কাছ থেকেও অনেক ঋণ নিই, কিন্তু কিছু তো হচ্ছে না।’আজ শনিবার বাংলাদেশ বিজনেস সামিটের একটি অধিবেশনে সিএনএন সুপরিচিত সাংবাদিক এবং এডিটর–অ্যাট–লার্জ রিচার্ড কোয়েস্টের সঙ্গে কথোপকথনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের শুরুতেই রিচার্ড কোয়েস্ট পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে পড়তে পারে। এই বিষয়ে আপনার মতামত কী? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ওই উত্তর দেন। এরপর তিনি বাণিজ্যমন্ত্রীর কাছে একই বিষয়ে জানতে চান। জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমি ওনার (পররাষ্ট্রমন্ত্রী) সঙ্গে পুরোপুরি একমত। এটি নিয়ে আমি চিন্তিত নই।’‘তাহলে আপনি কী নিয়ে চিন্তিত?’ এরপরই রিচার্ড কোয়েস্ট এমন প্রশ্ন ছুড়ে দেন বাণিজ্যমন্ত্রীর দিকে। জবাবে টিপু মুনশি বলেন, ‘আমরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে চিন্তিত। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে আমাদের চ্যালেঞ্জ বাড়বে।’অবশ্য অনুষ্ঠানের প্রথম প্রশ্নই ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে। রিচার্ড কোয়েস্ট পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বাংলাদেশের অবস্থান কী? বাংলাদেশ তো জোটনিরপেক্ষ দেশ (নন–অ্যালাইন কান্ট্রি) হিসেবে পরিচিত। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী উত্তর দেন, ‘আমরা একটি কঠিন অবস্থানে আছি। আমাদের মূলনীতি হলো, সবার সঙ্গে বন্ধুত্ব। আমাদের মূল্যবোধ হলো, আমরা যুদ্ধের বিরুদ্ধে। আমরা একটি শান্তিপূর্ণ দেশ। আমরা জাতিসংঘের শান্তি মিশনে অংশ নিই।’এরপরেই রিচার্ড কোয়েস্ট প্রশ্ন করেন বাণিজ্যমন্ত্রীকে। এবারের প্রশ্ন, ইউক্রেন যুদ্ধ কীভাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে? ব্যবসায় পরিবেশ বিঘ্নিত হচ্ছে কি না? বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘নানা চ্যালেঞ্জ আছে। এত প্রতিকূলতার মধ্যেও রপ্তানি বাড়ছে। আমরা কোভিড পরিস্থিতি মোকাবিলা করছি। ইতিমধ্যে ভোগ্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষ চিন্তায় আছে। আমরা এ নিয়ে চেষ্টা করে যাচ্ছি।’নির্বাচন প্রসঙ্গব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির পর আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়টি আনেন রিচার্ড কোয়েস্ট। তিনি বলেন, সামনের বছর জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে আপনাদের চিন্তাভাবনা কী? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গত ১৪ বছরে অবিশ্বাস্য উন্নয়ন করেছি। সব শ্রেণির মানুষ এই সরকার নিয়ে খুশি। এই সময়ে এই সরকার এক হাজারটির মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেছি। ভোটারদের ছবিসংবলিত পরিচয়পত্র দেওয়া হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্স দিয়ে নির্বাচন হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করছি।’‘বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে কী ভাবছেন?’ সঙ্গে সঙ্গে এই প্রশ্ন করেন রিচার্ড কোয়েস্ট। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছি। আমরা কখনোই তাদের নিষেধ করিনি (ডিসঅ্যালাউড করিনি)। তবে তাদের অবশ্যই সংবিধান ও প্রচলিত আইনকানুন মেনে চলতে হবে। মানুষকে আগুনে পোড়ানো, মানুষের সম্পদ ধ্বংস করা—এগুলো আমরা বরদাস্ত করি না। যদি আলোচনার টেবিলে আসতে চাইলে অবশ্যই স্বাগত জানাই।’‘তাহলে কি আপনারা নির্বাচনে লড়াই করতে চাইছেন?’ এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই।’রিচার্ড কোয়েস্ট এবার প্রশ্ন করেন, ১৪ বছর ধরে ক্ষমতায় আছেন, অনেকের ধারণা, আপনারা কর্তৃত্ববাদী ও গণতন্ত্রবিরোধী হয়ে গেছেন নাকি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আপনাদের উদ্যম হারিয়ে যাচ্ছে? এগুলো কি ভোটের ওপর প্রভাব ফেলবে? এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন নির্বাচনে আমাদের জনগণ সঠিক লোককে ভোট দেবেন।’

post
বাংলাদেশ

বাংলাদেশে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে ব্যবসা-বাণিজ্যের দ্বার আমি বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। এটি তখনকার যুগে একটা সাহসী সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, উৎপাদন খাত ছাড়াও এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সাফল্যের পেছনে রয়েছে ব্যক্তি খাতে ভোগ বৃদ্ধি, যাকে প্রাথমিকভাবে সহায়তা করেছে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ, শক্তিশালী গ্রামীণ অর্থনীতি, প্রবাসী আয় বৃদ্ধি এবং গ্রামীণ ও জ্বালানি খাতের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন। দেশের এই অভাবনীয় উন্নতির পেছনে রয়েছে প্রাথমিকভাবে বেসরকারি খাত। মূলত তাদের নেতৃত্বে রপ্তানি আয় ২০০৮ সালের ১৬ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৬০ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতে যদি বেশি গুরুত্ব না দিই, তা হলে ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে বেশি উন্নতি করা সম্ভব না। সে জন্যই এসব খাতের বিকাশে আমি সব কিছু উন্মুক্ত করে দিয়েছি। শেখ হাসিনা বলেন, আমি মনে করি, বিচক্ষণ সামষ্টিক অর্থনীতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহিত করণের ওপর ভিত্তি করে আজকের এই অর্থনৈতিক টেকসই ও প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল একটি দেশে পরিণত করতে সক্ষম হয়েছি। একসময়কার বাংলাদেশ দারিদ্র্যপীড়িত বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে পরিচিতি পেত। তবে এখন আর সেই অবস্থা নেই। এখন বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন, অন্তত এটুকু দাবি করতে পারি, মাত্র ১৪ বছরের মধ্যে সবার সহযোগিতায় আমরা বাংলাদেশে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ গত ১০ বছরে গড়ে ৬ দশমিক ৫ শতাংশের বেশি হারে জিডিপি অর্জন করেছে। এমনকি যখন কোভিড-১৯ মহামারির অভিঘাতে সারাবিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় পড়েছে, তখনো বাংলাদেশের উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। কোভিডের পূর্বে ২০১৮ থেকে ২০১৯ অর্থবছর আমাদের প্রবৃদ্ধি ৮ ভাগে উন্নিত করতে সক্ষম হয়েছিলাম। ২০০৬ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, আমরা সেটি কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। কোভিড মহামারি যদি না আসত, অর্থনৈতিক মন্দা যদি না হতো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যে অর্থনৈতিক মন্দা যদি না হতো, তা হলে আমরা আরও অন্তত ২-৩ ভাগ দারিদ্র্যের হার কমিয়ে আনতে সক্ষম হতাম।

post
বাংলাদেশ

হাজারীবাগে গড়ে উঠেছে চামড়া পণ্যের ক্লাস্টার: বছরে লেনদেন প্রায় ৬০ কোটি টাকা।

পরিবেশ ছাড়পত্র সহজ করা এবং সাভারের ট্যানারি পল্লীর পাশে উদ্যোক্তাদের জায়গা বরাদ্দের চেষ্টা করছে উন্নয়নে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন।রাজধানীর হাজারীবাগে গড়ে উঠেছে বাহারী ও মানসম্পন্ন চামড়া পণ্যের ক্লাস্টার। এই ক্লাস্টারে বছরে লেনদেন হচ্ছে প্রায় ৬০ কোটি টাকা। ক্লাস্টারটির পণ্যের মানোন্নয়ন, বহুমুখীকরণ এবং উদ্যোক্তা-কর্মীর দক্ষতা উন্নয়নে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন। ০৯ মার্চ ২০২৩ আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ‘হাজারীবাগ এলাকায় লেদার প্রোডাক্ট ক্লাস্টারের সম্ভাবনা ও করণীয়’ সেমিনারে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, পরিচালক পর্ষদ সদস্য মির্জা নূরুল গণী শোভন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং হাজারীবাগ লেদার ক্র্যাফটস অ্যাসোসিয়েশনের সভাপতি তানিয়া ওয়াহাব।মূল প্রবন্ধে এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাইফ বলেন, এসএমই ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যাপিং স্টাডি অনুযায়ী রাজধানীর হাজারীবাগে পুরনো ট্যানারি পল্লীতে গড়ে ওঠা লেদার ক্লাস্টারটিতে চামড়া থেকে তৈরি জুতা, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট, অফিসিয়াল ব্যাগসহ নানা ধরনের পণ্য উৎপাদন করা হয়। হাজারীবাগ ট্যানারি মোড় থেকে লেদার টেকনোলজি কলেজ পর্যন্ত হাজারীবাগ বাজার, ধানমণ্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড গলিসহ পুরো এলাকাজুড়ে প্রায় ৩৫০-৪০০ দোকান, শোরুম ও চামড়াজাত পণ্যের ছোট কারখানা রয়েছে।এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, ক্লাস্টারটির বাৎসরিক লেনদেন প্রায় ৫০-৬০ কোটি টাকা। দেশীয় বাজারে উন্নত মানের চামড়াজাত পণ্য সরবরাহের পাশাপাশি ক্লাস্টারটির বেশ কিছু উদ্যোক্তা বিদেশেও পণ্য রপ্তানি করে থাকেন। হাজারীবাগ লেদার ক্লাস্টারের প্রায় সকল উদ্যোক্তাই নিজস্ব শো-রুম থেকে সরাসরি পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকেন। পাশাপাশি চুক্তি ভিত্তিতে উদ্যোক্তারা দেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের জন্য চামড়াজাত বহুমুখী পণ্য সরবরাহ করে থাকেন। ক্লাস্টারের বেশ কিছু উদ্যোক্তা বিদেশে পণ্য রপ্তানি করেন। এসএমই ফাউন্ডেশন ক্লাস্টারটির উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ফাউন্ডেশনের সহায়তায় অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়েছে। পণ্যের মানোন্নয়নে প্রশিক্ষণসহ অনলাইনে ক্লাস্টার পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ফাউন্ডেশন হাজারীবাগ ক্লাস্টারে অনলাইন-মার্কেটিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় ও আঞ্চলিক এসএমই পণ্য মেলায় ক্লাস্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করে থাকেন। ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় চামড়াজাত পণ্যের উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হচ্ছে।এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা নাও থাকতে পারে। এক্ষেত্রে তৈরি পোশাকের পাশাপাশি অথবা বিকল্প হিসাবে সম্ভাবনাময় খাত হতে পারে চামড়া শিল্প। উদ্যোক্তাদের দাবি, চামড়াজাত পণ্যের গুণগত মানোন্নয়ন, পণ্য বহুমুখীকরণ, নীতিগত বাধা দূর করা, কমপ্লায়েন্স অনুসরণ, সহজ শর্তে ঋণ, শুল্ক ও কর অব্যাহতি এবং নগদ প্রণোদনাসহ পরিবহন ও বন্দরে লজিস্টিক সুবিধা প্রদান করা হলে সম্ভাবনাময় এই খাত দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, এখানকার ছোট চামড়া পণ্যের কারখানার পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি সহজ করার পাশাপাশি সাভারের ট্যানারি পল্লীর পাশে উদ্যোক্তাদের জায়গা বরাদ্দের চেষ্টা করছে সরকার। চামড়া পণ্যের ক্লাস্টারের উন্নয়নে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি।

post
বাংলাদেশ

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাসে বিস্ফোরণ

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের ভেতরে আকস্মিক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের ষোলঘর নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।জানা যায়, বাসটিতে যাত্রী সংখ্যা কম থাকায় এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মাহফুজ রিভেন জানান, প্রায় আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কি কারনে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে শুরু হয়েছে তদন্তের কাজ। 

post
বাংলাদেশ

মেডিকেলে ভর্তিতে ১ আসনে লড়বেন ১২ জন পরীক্ষার্থী

এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। এবার মেডিকেলে ভর্তির জন‌্য আবেদন করেছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। প্রতিটি আসনের বিপরীতে ১২ জন পরীক্ষার্থী লড়বেন।বৃহস্পাতিবার (৯ মার্চ) সচিবালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ‌্য জানান।তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল অ‌্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা ২০২৩ অনুযায়ী- আসন্ন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন অনলাইনে টেলিটকের মাধ্যমে গ্রহণ করা হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২ জন পরীক্ষার্থী।ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে, সুষ্ঠু ও স্বচ্ছ করার জন্য দেশের খ্যাতিমান শিক্ষক ও চিকিৎসকদের সমন্বয়ে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি, সাংবাদিক ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ওভারসাইট কমিটি এবং অভিজ্ঞ মেডিকেল শিক্ষকদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নম্বর সমতাকরণের জন্য আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।দেশে মোট সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। সরকারি মেডিকেলে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন।এছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবে বলে জানান জাহিদ মালেক।

post
বাংলাদেশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। গত মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কাছে দায় হিসেবে রিজার্ভ থেকে ১০৫ কোটি ডলার পরিশোধ করা হয়। এর ফলে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। গতকাল বুধবার (১ মার্চ) রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। ঠিক এক বছর আগে একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ৪৪ বিলিয়ন ডলার।আকু আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। যার মাধ্যমে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, ভুটান, ভারত, ইরান ও পাকিস্তানের মধ্যে লেনদেনের দায় পরিশোধ হয়ে থাকে। তবে নিজেদের অবস্থা শোচনীয় হওয়ায় গত অক্টোবরে আকু থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কা। প্রতি দুই মাস অন্তর নিজেদের মধ্যকার দায় নিষ্পত্তি করা হয়।দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। এ রিজার্ভ দিয়ে প্রায় চার মাসের (প্রতি মাসে ৮ বিলিয়ন হিসাবে) আমদানি ব্যয় মেটানো যাবে। এদিকে রিজার্ভের পতন ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রথম কিস্তির প্রায় ৪৭ কোটি ডলার রিজার্ভে যোগ হয়েছে।বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্ট মাসে। তবে বৈশ্বিক মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসছে তার চেয়ে বেশি খরচ হচ্ছে।

post
বাংলাদেশ

বাংলাদেশে পার্বত্য জেলার খাগড়াছড়িতে কয়লার সন্ধান পেয়েছে স্থানীয়রা

পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে মাটি খুঁড়ে কালো সোনা খ্যাত কয়লার সন্ধান পেয়েছে স্থানীয়রা। মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়ন থেকে ৫ কিলোমিটারেরও বেশি সরু পাহাড়ি পথ আর ঝিরি মাড়িয়ে ৮নং ওয়ার্ডের দুর্গম বামা গোমতীতে মাটি খুঁড়ে সম্ভাব্য কয়লার খনির সন্ধান মিলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে আসছে। এই কয়লা এনে তারা শুকিয়ে বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করছেন। তবে সেখানে বেশ কয়েকটি জায়গায় এমন কয়লা আছে বলে জানিয়েছেন তারা। জানা গেছে, এক বছর আগে দুর্গম পাহাড়ে কৃষি কাজ করার উদ্দেশ্যে মাটি খনন করতে গিয়ে এ কয়লার সন্ধান পান তারা। ইতোমধ্যে এসব কয়লা সংগ্রহ করে তারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারও করছেন। কালো সোনা খ্যাত কয়লার খনি দেখতে স্থানীয়রা প্রতিদিন সেখানে ছুটে গেলেও এখনো তা প্রশাসনের নজরে আসেনি। স্থানীয় কৃষক মো. হানিফ বলেন, প্রায় বছর খানেক আগে আদা-হলুদ রোপণের জন্য মাটি খনন করতে গিয়ে কয়লা দেখতে পাই। পরে কৌতূহলী হয়ে এসব কয়লা সংগ্রহ করে আগুনে পুড়িয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। অন্যদের জানালে অনেকেই আগ্রহী হয়ে সেসব কয়লা সংগ্রহ করে পারিবারিক কাজে ব্যবহার করছে। আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি বলেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে দেশে বিদ্যমান কয়লা ঘাটতি কিছুটা পূরণ হবে আশা করি। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, আমি বিষয়টি শুনেছি মাটিরাঙ্গার আমতলী ইউপির বামা গোমতী এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে। মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আমি সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে বলব বিষয়টি তদন্ত করে আমাদের কাছে যেন রিপোর্ট পাঠায়। রিপোর্ট নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব। যদি এটি সত্যিই কয়লা হয় তাহলে সারাদেশে জ্বালানি খাতে বিপ্লব ঘটতে পারে। 

post
বাংলাদেশ

মায়ের জন্য ইফতার কেনা হলো না সুমনের

‘একটু আগে ভাই আমার লগে দেখা করে আসল। ও আল্লাহ, তুমি এইডা কী করলা?’—এভাবে বিলাপ করছিলেন সোমা নামের এক তরুণী। তাঁর ভাই সুমন (২১) সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহত হয়েছেন। মা রোজা রেখেছিলেন আজ। তাঁর জন্য ইফতারি কিনতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।সুমনের মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তাঁর স্বজনেরা। ভাইয়ের অকালমৃত্যুতে বারবার বিলাপ করছিলেন বোন সোমা।স্বজনেরা জানান, কাতারপ্রবাসী সুমন চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন। মা, দুই বোন আর এক ভাইকে নিয়ে বংশালের সুরিটোলায় থাকতেন। আজ বিকেলে মায়ের জন্য ইফতারি কিনতে বের হয়ে বিস্ফোরণে মারা যান তিনি।আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।সূত্র: প্রথম আলো

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.