post
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনের আগে হয়রানি , গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে, তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন? জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান তাঁরা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন। স্টিফেন ডুজারিক আরও বলেন, এই সময়ের মধ্যে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা তাঁরা দেখতে চান না। এসবের বিরুদ্ধেও তাঁরা কথা বলেছেন।

post
বাংলাদেশ

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।বৃহস্পতিবার রাতেই নদীতে নেমে পড়েন, চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। ইলিশ আহরণ শেষে শুক্রবার ভোর থেকেই, চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ফিরতে শুরু করেন তারা। তবে জেলেদের দাবি, কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না নদীতে। এদিকে, দীর্ঘদিন পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলে,ক্রেতা ও বিক্রেতার হাকডাকে সরগরম মাছ ঘাট। যদিও প্রথম দিনে ইলিশের দাম অনেক বেশি বলে দাবি ক্রেতাদের। আগামী কয়েকদিনের মধ্যে, ইলিশের সরবরাহ আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন আড়তদাররা।

post
বাংলাদেশ

সরকারকে পদত্যাগ করতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এমন কড়া হুঁশিয়ারী দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।আজ শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এ ঘোষণা দেন দলটির আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিল করতেই হবে, এর কোন বিকল্প নেই। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সব বিরোধীদলের শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও জানান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আর সরকার এসব দাবি মেনে না নিলে, আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সমাবেশ শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, সাম্য ও মানবতার সরকার ছাড়া দেশের মানুষের জীবন মানের উন্নয়ন হবে না। তাই সবাইকে জালিমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

post
বাংলাদেশ

সবজিতে স্বস্তি মিললেও,অস্থিরতা কাটেনি পেঁয়াজ ও আলুর বাজারে

বিএনপি ও তাদের মিত্রদের ডাকা হরতাল ও অবরোধের তেমন প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পরযন্ত।আলু আমদানির খবরে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও, খুচরা বাজারে চিত্র ভিন্ন। পেঁয়াজের দাম আবারো বেড়েছে। দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা-বিক্রেতারা। সরবরাহ ভালো থাকায় বাজারে শীতকালীন সবজির দাম অনেকটাই কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সবজির দাম কেজিতে কমেছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। আলু আমদানি অনুমোদনের পর,পাইকারি বাজারে প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা বিক্রি হলেও, খুচরা বাজারে ৫৫ থেকে ৫৬ টাকা। অন্যদিকে,সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। ভোক্তা পর্যায়ে দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৩৫ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে,অপরিবর্তিত রয়েছে চাল,ডাল ও ভোজ্যতেল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম।

post
বাংলাদেশ

শোকাবহ জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ৭৫’এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তিনমাসেরও কম সময়ের মধ্যে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। স্বাধীনতাবিরোধী অপশক্তির চক্রান্তে দেশকে পিছিয়ে দিতে ইতিহাসের দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরই কারাবন্দী জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করে স্বাধীনতাবিরোধী অপশক্তিরা।জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নভেম্বরের ৩ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। তখন ছিলো মধ্যরাত। পূর্ব পরিকল্পনায় অতর্কিত হামলা। কারাগারে থাকা চার সূর্যসন্তানকে প্রথমে গুলি করে তারপর বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। কারাগারের মতো কঠোর নিরাপত্তা প্রকোষ্ঠে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ, রিসালদার মুসলেহ উদ্দিনসহ খুনীচক্র বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্ত্বরাধিকারদের চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল।

post
বাংলাদেশ

অগ্নিসংযোগ আর ভাংচুর করতেই বিএনপির অবরোধ,বলেছেন কাদের

জ্বালাও পোড়াও আর ভাংচুর করতেই ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা। জেল হত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।এসময় বিএনপিকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা দাবি করে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভাড়া করা লোক দিয়ে অপকর্ম করতেই আবারও অবরোধ কর্মসূচি দিয়েছে তারা। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির বিশ্বস্ত ঠিকানা মন্তব্য করে কাদের বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি যতো খুশি অবরোধ করুক তাতে সরকারের কিছুই আসে যায় না। পরে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে, পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

post
বাংলাদেশ

সহিংসতার দায় এড়াতে পারেনা বিএনপি; মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

গত ২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য, বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেছেন,পুলিশের তদন্তে নির্দোষ হলে তারা খালাস পাবেন।না হলে তাদের নামে চার্জশিট হবে। শুক্রবার রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে,জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।এদিকে,জাতীয় চার নেতা হত্যার ৪৮ বছর পরও,ক্ষত বয়ে বেড়াচ্ছেন শহিদদের স্বজন ও বাঙালি জাতি। হত্যাকাণ্ডের নেপথ্য করিগরদের কমিশন কোরে বিচারের দাবি জানিয়েছেন, জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

post
বাংলাদেশ

কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচন নয়, দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায় বিএনপি। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত জাতীয় চারনেতার স্মরণসভা অনুষ্ঠানে,দেশের প্রতিটি এলাকায় অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে ধরিয়ে দেয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।৩ নভেম্বর চার জাতীয় নেতার স্মরণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করে আওয়ামী লীগ। এ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনে চার জাতীয় নেতার ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী।আগুনে মানুষ পুড়িয়ে মারার তীব্র সমালোচনা করেন তিনি। প্রশ্ন রাখেন,কোনো মানুষ কী মানুষকে পুড়িয়ে মারতে পারে? দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর জন্য বিএনপি-জামাতকে দায়ী করেন তিনি। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।মানুষের ভোট দেয়ার পরিবেশ নিশ্চিতের আহবান জানান।খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুদকারীদের ধরিয়ে দেয়ার নির্দেশও দেন তিনি।এছাড়া,দলের মনোনীত প্রার্থীর পক্ষে একজোট হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

post
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ওমান

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ওমানের পুলিশ জানিয়েছে।দেশটির গণমাধ্যম ওমান অবজারভার ও টাইমস অব ওমানের প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়েছে। তবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।ওমান অবজারভার জানিয়েছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রাজকীয় ওমান পুলিশ ভিসা প্রদানের নীতিমালা হালনাগাদ করেছে। এখন থেকে ‘ট্যুরিস্ট’ ভিসা বা ‘ভিজিট’ ভিসাকে আগের মতো ‘রেসিডেন্স স্ট্যাটাসে’ (বসবাসের অনুমতি) পরিণত করা যাবে না।কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চায়, তাহলে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। কাজের জন্য ওমানে ফিরতে চাইলে আবেদনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে।নতুন এই নিয়ম শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

post
বাংলাদেশ

মিয়ানমারের ৩৪ কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে

প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করতে মিয়ানমার সরকারের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে গেছেন।সকালে মিয়ানমার সরকারের ইমিগ্রেশন বিভাগের ৩৪ সদস্যের এই প্রতিনিধি দল রাখাইন ষ্টেটের মংডু টাউনশীপ থেকে স্পীড বোটে করে টেকনাফের ট্রানজিট ঘাটে পৌঁছান। শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন মিয়ানমারের রাখাইন ষ্টেটের ইমিগ্রেশন বিভাগের এই প্রতিনিধি দলে সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। তিনি জানান, মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের ২হাজার ৮০ জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাদের মধ্য থেকে একশো পরিবার প্রধানের সাথে মিয়ানমারের কথা বলবে এই প্রতিনিধি দল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.