post
বাংলাদেশ

তফসিল দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অশান্ত করবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল করে পুলিশি বাধায় আগারগাঁও যেতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ।আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি। তবে রাজধানীর মালিবাগ শান্তিনগর মোড়ে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল । সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় দলটির গণমিছিল। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তবে সিনিয়র নেতারা পরে বিক্ষুব্ধ নেতাকর্মীদের নিবৃত করেন। অবশেষে সেখানে পথসভা করে দলটি। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ভাইদের সঙ্গে কোনো বিবাদ নেই। আমরা চাইলেই এই ব্যারিকেড ভাঙতে পারি। কিন্তু আমরা শান্তিতে বিশ্বাস করি। সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এ তফসিল ঘোষণা অবিলম্বে বন্ধ করুন। যদি আজ তফসিল ঘোষণা করেন, তাহলে এ দেশের জনগণ থেকে কোনো দিন মাফ পাবেন না। নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে তিনি বলেন, ঘোষিত তফসিলের কারনে দেশ যুদ্ধের দিকে চলে যাবে। তিনি আবারও নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে বলেন, এ দেশের ৯০ ভাগ মানুষ আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায় না। আমরাও চাই না। এখনো সময় আছে। তফসিল ঘোষণার কার্যক্রম থেকে বিরত থাকুন। ##

post
বাংলাদেশ

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। সেখানে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণাকালে সিইসি আরও জানান, এবারের সংসদ নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রয়োজন হবে। কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চাইলে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র লাগবে। অবশ্য কেউ অতীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করে থাকলে এই বাধ্যবাধকতা থাকবে না।

post
বাংলাদেশ

বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র : তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাস পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সম্প্রতি অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হওয়া রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছিল, আর বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারছে। রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য এভাবে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ কেউ কল্পনাও করতে পারে না।

post
বাংলাদেশ

“যশোরের যশ,খেজুরের রস”

“যশোরের যশ,খেজুরের রস” এই প্রতিপাদ্যে যশোরের খেজুর রসের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে অভয়নগরে গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে ৩ শতাধিক গাছির অংশ গ্রহণে র‌্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক,নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্তসহ অন্যান্যরা।শেষে কওসার আলী ও চিত্তরঞ্জন দাস নামে দুই কৃষককে লক্ষাধিক তালগাছ রোপনের জন্য পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ,মেডেল ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

post
বাংলাদেশ

টানেলের পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করলো চট্টগ্রাম

টানেলের পরে এবার চট্টগ্রামে যানজট নিরসনে চালু হলো বহুল প্রতিক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে।এই এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চট্টগ্রামের ১৭ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি। এদিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালের উদ্বোধন এবং বে টার্মিনালের মাস্টারপ্ল্যানেরও মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্প পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে চট্টগ্রামে অর্থনীতির পাশাপাশি দেশর সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সুধিজনরা।

post
বাংলাদেশ

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার আনুষ্ঠানিক ব্রিফিং করবে নির্বাচন কমিশন।মঙ্গলবার কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ কথা জানান। ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া বুধবার কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

post
বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন

আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে পাল্টে গেছে উপজেলার দৃশ্যপট। সড়ক,মহাসড়ক ও সেতুর পাশাপাশি হয়েছে কালভার্ট ও গ্রামীন সড়কের উন্নয়ন। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে তাই নয়,কাজ হয়েছে ফায়ার স্টেশন,পৌর ও ইউপি ভবন,ভূমি অফিস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন অবকাঠামো নির্মানেও। কাজ চলছে মডেল মসজিদেরও। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা রাজধানী লাগোয়া একটি উপজেলা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে ঢাকা থেকে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটে এ উপজেলায় পৌঁছে যাওয়া যায়। শুধু যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে তা কিন্তু নয়,এ উপজেলায় হয়েছে মহিলা হোস্টেল,জয়িতা মার্কেট,ফায়ার স্টেশন,পৌর ও ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন স্থাপনা। কাজ চলছে মডেল মসজিদের।এছাড়াও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় কালীগঞ্জকে ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়নের উপজেলাও ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গ্রামীন সড়কের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান সরকারি দপ্তরের কর্মকর্তারা। সরকারের তিন মেয়াদে নিজ সংসদীয় আসনের উন্নয়ন চেষ্টা করেছেন এবং আগামীতেও করবেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রীর ভিশন,গ্রাম হবে শহর বাস্তবায়িত হবে,এমনটাই মনে করেন স্থানীয়রা।

post
বাংলাদেশ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদান করলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতি স্বরুপ বিজয়ী শিল্পী ও কলাকুশলীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এবার মোট ২৭টি ক্যাটাগরীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম এবং সমাজের প্রতি দায়িত্বশীলতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। এসময় আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের আহবান জানান প্রধানমন্ত্রী।চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেলো লাল মোরগের ঝুঁটি ও নোনাজলের কাব্য, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধর, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বধ্যভূমিতে একদিন। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)। শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)। শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)। শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি- পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা- যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা- যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ কাহিনীকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)। শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)। শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেকাপম্যান দলগত- মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।

post
বাংলাদেশ

জনগনের ভোটের অধিকারে কাজ করছে আওয়ামীলীগ,করা হয়েছে পদ্ধতির সংস্কার : প্রধানমন্ত্রী

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার গণভবন থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি। জনগণের ভোটে আওয়ামীলীগ বারবার নির্বাচিত হয়েছে। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই সকল উন্নয়ন পরিকল্পনা সফল করতে পেরেছে বলে জানান প্রধানমন্ত্রী। অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তার দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পূর্বাচলে শেখ হাসিনা স্বরনী এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সারাদেশে ১৫৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে এসব প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষায় আন্দোলন করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। দুই, এক দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সরকার কাজ করছে। এ সময় নির্বাচন নিয়ে একটি মহল অপরাজনীতি করছে জানিয়ে তাদের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না: ইসি সচিব

আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিলের বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরপরেই প্রথমবারের মতো সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার চূড়ান্তভাবে ঘোষণা করা হবে তফসিল। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ জানা যাবে। তবে এর আগে সোমবার বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যেখানে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা যখন দেশ বিদেশে, তফসিল ঘোষনা সমাগত--ঠিক তখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র তিন প্রধান রাজনৈতিক দলকে সংলাপ আহবান করে পাঠানো চিঠি, নতুন ভাবনার জন্ম দিয়েছে। তফসিলের আগেই কি সংলাপ হবে না তফসিল আটকে যাবে সংলাপের শর্তে। এসব বিষয় নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মহলে। যদিও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না। আর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, নির্বাচনী তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সুনির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা হবে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বাংলাদেশর নির্বাচন , দেশের আভ্যন্তরীন বিষয়। এখানে বিদেশী কারো নাকগলানো কাম্য নয়। অবশ্য চিঠি পাঠানোর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয়নি। বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেছেন, আমরা একদলকে বাদ দিয়ে অন্য দলকে সমর্থন করি না। আমরা শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি।##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.