post
বাংলাদেশ

পিপলএনটেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির বাংলাদেশ অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ শে মার্চ ) ১৫ শে রমজান বিকালে পিপলএনটেকের অফিস রুমে প্রতিষ্ঠানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিয়নের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পিপলএনটেক এর সাবেক ডিএমডি মোহাম্মদ ইউসুফ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর, পিপলএনটেক, এনআরবি কানেক্ট টিভির প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিপ , পিপলএনটেকের প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটির সিএফও ফারহানা হানিপসহ যুক্তরাষ্ট্রে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশে নিযুক্ত সকল কর্মকর্তা কর্মচারীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পিপলএনটেকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ । এরআগে মঙ্গলবার দুপুরে পিপলএনটেকের কর্মকর্তারা কেরানীগঞ্জে প্রয়াত মোঃ ইউসুফ খানের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন।

post
বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সাভারের জাতিয় সৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে, ধানমন্ডির ৩২ নম্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মঙ্গলবার সকাল ৭টায় প্রথমে সরকার প্রধান হিসেবে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির অবিসদংবাদিত নেতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেয়া হয় ধানমন্ডি ৩২ নম্বর প্রাঙ্গন।

post
বাংলাদেশ

আমিরাতে গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। দূতালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন প্রধান মিজানুর রহমান। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন দূতাবাসের শ্রম সচিব লূৎফুন নাহার ও দ্বিতীয় সচিব এস এম মাজহারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সিনিয়র যুগ্ন-সম্পাদক মইন উদ্দিন মইন, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ আবুধাবির সভাপতি জাকির হোসেন জসীম ও সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন আইন সহকারী রেজাউল আলম ।

post
বাংলাদেশ

কুয়েতে গণহত্যা দিবস পালিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শহীদদের সম্মানে নীরবতা পালন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হোসেন। এছাড়াও গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ এ দিবসটির তাৎপর্য তুলে ধরেন পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর ইকবাল আকতার। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

post
বাংলাদেশ

বার্মিংহামে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে মতবিনিময় সভা করেছে বার্মিংহামে বসবাসরত দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগনঞ্জ এলাকাবাসী। দেশটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে সভাপতিত্ব করেন পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেরা মিয়া। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। শ্রমিকলীগ সভাপতি আব্দুল বারী আজাদ ও বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর মিসবাউর রহমান ও কার্যকরী সদস্য মকসুদুর রহমান।

post
বাংলাদেশ

শিক্ষা সুনাগরিক তৈরির আঁতুড়ঘর

শিক্ষাই সমাজে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন দুয়ার খুলে দেয়। যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আর চিন্তা ও কৌতূহল তৈরি করে; যেটি সু-নাগরিক তৈরির আঁতুড়ঘর হিসেবে বিবেচিত। মঙ্গলবার রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফ) মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, সমতা ও সহনশীলতার ভিত্তিতে একটি আধুনিক, সমৃদ্ধ স্বদেশ সৃষ্টি এবং সমৃদ্ধ স্বদেশের হাতিয়ার শিক্ষা। আর শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ওপর। তাই বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ বাস্তবায়ন করে চলছে। বিএনএফই মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার বণিক, মোছা: নূরজাহান খাতুন প্রমুখ।

post
বাংলাদেশ

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন পোরশা উপজেলার নীতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মার্চ) রাতে আল আমিনসহ কয়েকজন নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় প্রবেশ করেন। মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের আওতাধীন আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মিলমারি এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান। নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

post
বাংলাদেশ

ঢাকাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন

নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা(এন.এস.এফ) এর উদ্যোগে ইফতার মাহফিল ও প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি চাইনিজ রেষ্ট্রুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের বহু ছাত্র ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল নাঙ্গলকোটের এক মিলনমেলায় পরিনত হয়। নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা (এন.এস.এফ) এর সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও নাঙ্গলকোট ফোরাম ঢাকার সভাপতি ড. দেলোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা, (কুমিল্লা-১০) নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান,বিশিষ্ট যুব নেতা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা এস এম মহিউদ্দিন, নাঙ্গলকোট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, দলিলুর রহমান মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন,বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ব্যবসায়ী জগলুল আকবর শিপন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকী, মাওলানা মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা আবু হানিফ নোমান, নাঙ্গলকোটের স্থানীয় ছাত্র প্রতিনিধি ছাত্রনেতা মুজাহিদ আব্দুল্লাহ, সেলিম ভূঁইয়া, নেছার উদ্দীন, সোলায়মান সবুজ প্রমুখ।ইফতারের পুর্বে মুহিব্বুল্লাহ আল হুসাইনীকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারন সম্পাদক করে ২০২৪-২৫ সেশনের জন্য নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা(এন.এস.এফ) এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

post
বাংলাদেশ

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ‘৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকদের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। সেই সময় বাস্তবতা ও নিরাপত্তা জনিত কারণে বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা নথি সংরক্ষণ করা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়। তৎকালীন ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে ঘোষণাটি সারাদেশে ছড়িয়ে পড়ে। পরে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বঙ্গবন্ধুর ঘোষণার মূল্যবান দলিলটি সেখানে লিপিবদ্ধ হয়েছে এভাবে ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি, যে যেখানে আছেন, যার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এদিন সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.