post
বাংলাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেলো চুয়েটের দুই শিক্ষার্থীর

মোটরসাইকেলে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। হতাহত তিন শিক্ষার্থী একই মোটরসাইকেলে ছিলেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী সদরের ৪ নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে শান্ত সাহা এবং নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে তৌফিক। শান্ত সাহা চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের এবং তৌফিক ২১তম ব্যাচের শিক্ষার্থী। একই ঘটনায় আহত হয়ে জাকারিয়া নামের আরেক চুয়েট শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান। তিনি বলেন, ‘বাইকে চড়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাইকটি ধাক্কা দেয় বেপরোয়া গতির বাস। বর্তমানে শান্ত সাহার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এছাড়া তৌফিকের মরদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে।’

post
বাংলাদেশ

বেনজীর আহমেদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় দুর্নীতি অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় কমিটি গঠন করা হয়েছে। এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায়, বেনজীর আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিকে “ঢাকায় বেনজীরের জন্ম আলাদীনের চেরাগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বেনজীর আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লিখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি। প্রসঙ্গত, ওই জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। জাতীয় ওই দৈনিক একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বেনজীর আহমেদের নানা অর্থ-সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজীরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে, গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজীর আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অথচ, গত ৩৪ বছর সাত মাসের দীর্ঘ চাকরিজীবনে বেনজীর আহমেদের বেতন-ভাতা বাবদ মোট আয় এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকার মতো হওয়ার কথা।

post
বাংলাদেশ

তাপপ্রবাহের কারণে নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত

চলমান তাপপ্রবাহের কথা বিবেচনা করে আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে। এর আগে ২০ এপ্রিল (শনিবার) মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ২৬ এপ্রিল (শুক্রবার) নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

post
বাংলাদেশ

সারাদেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে। এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এদিকে সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে । এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাম্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

post
বাংলাদেশ

৪২ দশমিক ২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা জেলাবাসী

সপ্তাহব্যাপী তীব্র তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা জেলাবাসী। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির কারনে, ভ্যাপসা গরমে কাজ করতে পারছেনা ছিন্নমুল মানুষ। গত ৫ দিনে গরমের টানা উত্তাপে জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ রয়েছেন চরম কষ্টে। প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারছে না।গরমে একটু স্বস্তি ও তৃষ্ণা মেটাতে ফুটপাতের শরবতের দোকান ও ঠান্ডা পানীয় পান করছে।২১ এপ্রিল দুপুর ৩ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়,৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ভ্যাপসা গরমে পুড়ে নাভিশ্বাস উঠেছে দৈনন্দিন জীবনে। এদিকে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জেলার শিশু ও বৃদ্ধরা।

post
বাংলাদেশ

আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার

গত মৌসুমের তুলনায় দাম বাড়িয়ে আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা ও প্রতি কেজি আতপ চাল সংগ্রহ করা হবে ৪৪ টাকায়। আগামী সাত মে থেকে ধান-চাল কেনা শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান সাধন চন্দ্র।

post
বাংলাদেশ

সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

তীব্র তাপদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে, সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাবদাহের কারণে কোল্ড কেস রোগীদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল সেন। পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে, চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান। পরে সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী। যেখানে বাহিনীটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করছে। মুজিব ব্যাটারী,বাংলাদেশের প্রথম আর্টিলারী ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে, পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালী সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়। প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে কমপ্লেক্স। ‘মুজিব ব্যাটারি’র’ স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে, চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত, শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। সেসময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি,মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারীর প্রথম গোলাবর্ষণকারী কামান,আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন। এরপর সকল পদবির সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সেনাবাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

post
বাংলাদেশ

হজ প্যাকেজের খরচ কমলো

এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, হজ যাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ্জ পালন করতে পারেন সে বিষয় সরকার তৎপর রয়েছে । যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়।

post
বাংলাদেশ

আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ ঘোষণা: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন থেকে এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন এমন প্রার্থী যারা তাদের তালিকা করা হচ্ছে, তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেয়া হয়েছে- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, সামনে উপজেলা পরিষদে প্রথম পর্যায়ের নির্বাচন হবে। নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে যেকোনো সম্মেলন ও কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে। এসময় আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে, সরকারের বিরুদ্ধে নালিশের রাজনীতি করে যাচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.