post
বাংলাদেশ

আরও ২৩ জনের শরীরে করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮৯৭ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অবস্থান করছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫০৬ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

post
বাংলাদেশ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের উপর অভিনয়শিল্পীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২৬’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, তার ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু। একপর্যায়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিকদের উপরে হামলে পড়েন। এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো’সহ আরও অনেকেই ছিলেন বলে জানা গেছে। তাদের মারধরে কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু মিশাকে শপথ পাঠ করান।

post
বাংলাদেশ

সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত করছে

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায়, তিনি একথা বলেন। এসময় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, ভোট দিয়ে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর আগে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত, প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে, ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য, জনগণকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। বলেন, গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও, দেশি-বিদেশি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

post
বাংলাদেশ

হামরিয়া বন্দরে নোঙর করেছে এমভি আবদুল্লাহ

অবশেষে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে নোঙর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ান জলস্যুদের হাতে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার ৯ দিন পর সোমবার সন্ধ্যায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভিড়েছে জাহাজটি। এসময় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ১৫ সদ্যের প্রতিনিধি দলে আছেন কেএসআরএম-কবির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান আরাফাত। কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ নাবিকের সবাই সুস্থ। কিন্তু এই মুহুর্তে তারা চাইলে বাইরে আসতে পারবে না। কারণ, আরব আমিরাতে প্রবেশের জন্য এখনও তাদের ভিসা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভিসার জন্য আবেদন করা হবে। এসময় এমভি আব্দুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ,মুক্ত হয়ে কৃতজ্ঞতা জানান।

post
বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘন করছে আওয়ামী লীগ

বিরোধী দল দমনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে আওয়ামী লীগ সরকার। বলেছেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । মঙ্গলবার দুপুরে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশীদের নির্বিচারে হত্যা করছে বিএসএফ। কিন্ত সরকার এ ব্যাপারে বরাবর নিরব ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন,দেশের বিরোধী দলের প্রধান নেতাসহ লক্ষ লক্ষ নেতাকর্মীর ওপর জেল-জুলুম আর অত্যাচার নিরযাতন দেখে, বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও, ডামি সরকার নিশ্চুপ। সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবি, পার্শ্ববর্তী দেশ ভারতকে দিয়েছে বলেও এসময়ে মন্তব্য করেন, বিএনপির এই সিনিয়র নেতা।

post
বাংলাদেশ

এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছে

সোমালিয়ান দস্যুদের হাতে বন্দি থাকা বাংলাদেশী জাহাজ এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে আমিরাতের বাংলাদেশ দূতাবাস। দীর্ঘ ৩১ দিন আটক থাকার পর ২২শে এপ্রিল দেশটির আল হামরিয়া বন্দরে এসে পৌঁছালে তাদের স্বাস্থ্য পরিক্ষা করানো হয়। পরে সংবাদ সম্মেলনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর এবং দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানান। জানা যায়, গেল ১২ই মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ এবং এর ২৩ নাবিককে জিম্মি করে দস্যুরা। এর ৩১ দিন পর ১৩ এপ্রিল রাতে মুক্তিপণ নিয়ে জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি। পথে এম ভি আবদুল্লাহর নিরাপত্তা দেয় ইউরোপিয় ইউনিয়নের যু্দ্ধজাহাজ, অপারেশন আটলান্টা। বাংলাদেশের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজ এম ভি আব্দুল্লাহ। কেএসআরএম স্টিলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহারিয়ার জাহান জানান, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা করবে এম ভি আব্দুল্লাহ। সোমালি উপকূল পেরিয়ে আমিরাতে পৌঁছাতে, প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে, এম ভি আব্দুল্লাহকে। বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকায়, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পন্ন হয়েছে মুক্তির এই কঠিন যাত্রা।

post
বাংলাদেশ

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ট্রেনের ভাড়া কিছুটা বাড়বে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

post
বাংলাদেশ

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না: জয়নুল আবদিন ফারুক

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কোন নেতা মুক্তিযুদ্ধের কোন সেক্টরে যুদ্ধ করেছেন,তা জানতে চান তিনি। এসময় ওবায়দুল কাদেরকে কথাবার্তা সংযত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুণরুদ্ধার না হওয়া পরযন্ত আন্দোলন চলবে। গণতন্ত্রের লড়াই করতে যেয়ে কারারুদ্ধ, সব নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান জয়নুল আবদিন ফারুক।

post
বাংলাদেশ

আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুদ্ধে অর্থ ব্যয় না করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরচ করলে, বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত, ন্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের দেশের বিস্তীর্ণ অঞ্চল বিলীন হওয়ার শঙ্কা জানিয়ে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে, বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতি ও সার্বিক উন্নয়ন হুমকিতে বলেও জানান প্রধানমন্ত্রী। এবার বিশ্ব ধরিত্রী দিবস পালনের দিনটি এলো এমন এক সময়,যখন বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ দেশটি ভুগছে মরুভূমির তপ্ত-দাহে। আবার মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত ডুবেছে অস্বাভাবিক ঝড়-বৃষ্টির জমে থাকা পানিতে। বৈশ্বিক উষ্ণায়নের এমন দগদগে উদাহরণ যখন বিশ্ববাসীর সামনে,তখনই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো চারদিনের জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ প্রদর্শনী। যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী জানান,বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান দশমিক ৪৮ শতাংশের কম। অথচ জলবায়ু পরিবর্তনে এই দেশটিকেই ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। বৈশ্বিক উষ্ণায়নে দেশের ১২ থেকে ১৭ শতাংশ বিলিন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে, উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলের কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী দিতে, সমন্বিত ভাবে কাজ করতে হবে সব দেশকেই। সে লক্ষে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে, বিশ্ব জুড়ে যুদ্ধ বন্ধের আবেদন ছিলো শেখ হাসিনার কণ্ঠে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে ধনি দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

post
বাংলাদেশ

থাইল্যান্ডে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশটির সঙ্গে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । সোমবার প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছয় দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাবেন শেখ হাসিনা। এসময় দু’দেশের মধ্যে একটি চুক্তি,তিনটি সমঝোতা স্মারক এবং একটি সম্মতিপত্র সই হবে। মিন্ত্রী আরও বলেন, এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি, অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের, ২৪ এপ্রিল দেশটির নৌবাহিনীর জাহাজে কোরে দেশে ফিরিয়ে আনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পরদিন একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.