post
বাংলাদেশ

ঢাকা-মালে রুটে সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

ঢাকা-মালে রুটে সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ৩১ অক্টোবর থেকে ঢাকা-মালে রুটে সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় শীতকালীন সময়সূচিতে মালদ্বীপপ্রবাসী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সাবলীল করার জন্য বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। বর্তমানে ঢাকা-মালে রুটে ৪টি ফ্লাইট চলছে। আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি সোম, মঙ্গল ও শনিবার সকাল ৯টায় এবং বুধ, শুক্র ও রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এবং বুধ, শুক্র ও রোববার দুপুর ১টা ৫ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে ইউএস-বাংলার ফ্লাইট। মালদ্বীপ ছাড়াও ইউএস-বাংলা চেন্নাই, কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, মাস্কাট ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে।

post
বাংলাদেশ

শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে উদ্যোগী হতে চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। আর মূল প্রত্যাবাসন ইস্যুতে তেমন কোনো ‘সুখবর’ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।বৃহস্পতিবার (২০ অ‌ক্টোবর) রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরে বৈঠকে হওয়া আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে মূলত রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ হয়েছে। চীনকে বলেছি, আমাদের সীমান্তের শূন্য রেখায় প্রায় ৫ হাজারের মতো রোহিঙ্গা আছে। আমরা বলেছি, ওদের মিয়ানমারের ভেতরে নিয়ে যাও। কারণ এগুলো এখানে থাকলে আমাদের একটা ভয় থাকে। ওদের শূন্য রেখায় রাখা যাবে না।মোমেন জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনা দূত আগে বলেছিলেন ‘সুখবর’ দেবেন। কিন্তু আজকের বৈঠকে তিনি কোনো সুখবর দিতে পারেননি।মন্ত্রী বলেন, আমি তাকে বলেছি, ‘আপনি বলেছিলেন, সুখবর দেবেন।’ জবাবে রাষ্ট্রদূত জানান, তিনি আশা করেছিলেন, কিন্তু এখনও কিছু হয়নি। তিনি শুধু বলেছেন, তারা (চীন) এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে রোহিঙ্গাদের নেওয়ার জন্য, এটাই সুখবর।ড. মোমেন বলেন, আমরা বলেছি, আপনারা যে প্রজেক্ট নিয়েছেন (ত্রি-পক্ষীয় উদ্যোগ) সেটা অনেক দিন ধরে ঝুলে আছে। এটা ভালো নয়। আমাদের কত আশা, আমরা শুধু চিন্তা করি এ মাসে হবে, ওই মাসে হবে। এজন্য একটা তাগাদা দেওয়া প্রয়োজন। তিনি জানিয়েছেন, তারা (চীন) চেষ্টা করছে। তারা (চীন) তো ওই দেশের মালিক নয়। এ সমস্যা মিয়ানমার করেছে। তাদেরকেই সমাধান করতে হবে। এর বিকল্প কিছু নেই।পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যে চুক্তি হয়েছে সে অনুযায়ী রোহিঙ্গাদের নিতে রাজি আছে মিয়ানমার। তারা (মিয়ানমার) বলেছে, তারা (মিয়ানমার) ভেরিফিকেশনের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে। তারা এখনও বলছে, ‘আমরা ওদের নিরাপত্তা দিতে রাজি।’ তারা রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে, যাতে রোহিঙ্গারা সেখানে স্বেচ্ছায় যেতে পারে।তবে মিয়ানমার রোহিঙ্গাদের নিতে কতটা আন্তরিক হবে সেটা নিয়ে শঙ্কায় আছেন মোমেন। তিনি বলেন, এতদিন ধরে যে অবস্থা, মনে হয় না তাদের সে আগ্রহ আছে। এর আগে দুবার চেষ্টা করেছি। কিন্তু একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।পরপর দুবার ব্যর্থ বাংলাদেশ এখন আর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দিন তারিখ জনসম্মুখে প্রকাশ করতে চায় না বলে জানান মন্ত্রী।

post
বাংলাদেশ

প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আইএলও’র শক্ত অবস্থান প্রয়োজন : আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রমিক ইস্যুতে যদি কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে, অনুগ্রহ করে রাজনৈতিক ফায়দা নিতে, অস্ত্র হিসেবে তা ব্যবহার করবেন না। সমস্যা মোকাবিলায় উদারভাবে আর্থিক সহায়তায় এগিয়ে আসুন।তিনি বলেন, বাংলাদেশ দেখতে চায়, আইএলও সারা বিশ্বে প্রবাসী শ্রমিকদের শ্রম অধিকার রক্ষায় আরও শক্ত অবস্থান নিয়েছে। প্রবাসী শ্রমিকরা আমাদের উন্নয়ন অংশীদার, তারও মানুষ এবং তাদের প্রতি যে অন্যায় আচরণ করা হয়, সেটিও দেখা উচিত।বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কর্মক্ষেত্রে মৌলিক নীতিমালা এবং অধিকার: আইএলওর সঙ্গে বাংলাদেশের ৫০ বছর’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএলওর নিজস্ব উদ্দেশ্যে কর্মীদের মাধ্যমে কাজ করানোর একটা প্রবণতা আছে, যা প্রায়ই জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠানে টেকসই প্রভাব রাখতে ব্যর্থ হয়। আমরা আইএলওকে সক্ষমতা অর্জনে একজন অংশীদার হিসেবে দেখতে চাই। স্থানীয় বিষয়ে তাদের মাথা ঘামানো দেখতে চাই না।তিনি বলেন, বাংলাদেশ আশা করে, আইএলওসহ আমাদের উন্নয়ন অংশীদাররা একতরফাভাবে নিজেদের মত অনুযায়ী সব কিছুতেই একটি মডেল চাপিয়ে না দিয়ে স্থানীয় পর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতার মূল্যবোধকে স্বীকার করে কাজ করবে।আব্দুল মোমেন বলেন, অতীতে দেখা গেছে, আইএলও সরকারি এবং বেসরকারি সেক্টরের সঙ্গে প্রকল্প নিয়েছে। আমরা আইএলওকে জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে কাজ করতে দেখেছি, দাতা সংস্থার কোনো অ্যাজেন্ডা অথবা অন্য কোনো মহলের স্বার্থরক্ষায় পরিচালিত হতে দেখা যায়নি।বাংলাদেশ সরকার ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সাম্প্রতিক সংকট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন মোমেন।

post
বাংলাদেশ

যুদ্ধ থামান, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করুন: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের গ্রহে খাদ্যের অভাব নেই, অভাব কেবল মনুষ্যসৃষ্ট।সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)- এর সদর দফতরে আয়োজিত “বিশ্ব খাদ্য সম্মেলন- ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)- এর সদর দফতরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রকৃত অর্থে, আমাদের গ্রহে খাদ্যের কোন অভাব নেই। অভাব কেবল মনুষ্যসৃষ্ট। খাদ্য নিয়ে রাজনীতি ও ব্যবসায়িক স্বার্থ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং কীটপতঙ্গ ও রোগের আক্রমণ এ সব কিছু আমাদের কৃষি-খাদ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।’ তিনি বলেন, ‘অস্ত্র তৈরিতে বিনিয়োগ করা অর্থের ছোট একটি অংশও যদি খাদ্য উৎপাদন ও বিতরণে ব্যয় করা হয়, তবে এই পৃথিবীতে কেউ ক্ষুধার্ত থাকবে না।’ যুদ্ধ, খাদ্য নিয়ে রাজনীতি ও অপচয় বন্ধ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি- যুদ্ধ থামান, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করুন, খাদ্যের অপচয় রোধ করুন। এসবের পরিবর্তে খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষ কবলিত এলাকায় খাদ্য সরবরাহ নিশ্চিত করুন। মানুষ হিসেবে, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে প্রত্যেকেরই খাদ্য নিয়ে বেঁচে থাকার এবং সুন্দর জীবনযাপনের অধিকার রয়েছে।’ তিনি বলেন, ‘বিভিন্ন হিসেবে অনুমান করা হয় বিশ্বের ৮০০ মিলিয়নের বেশি মানুষ বা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশের বেশি মানুষ প্রতিদিন ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। ইউক্রেন যুদ্ধ এবং পাল্টা-পাল্টি নিষেধাজ্ঞায় পরিস্থিতি এখন আরও খারাপ হয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ব্যহত করছে এবং খাদ্যের দাম বাড়িয়েছে। প্রচুর সম্পদে পরিপূর্ণ এই বিশ্ব, বিজ্ঞান ও প্রযুক্তির উল্লেখযোগ্য অবদান সেই সম্পদকে আরও বাড়িয়েছে; এ রকম বিশ্বে এই বঞ্চনা অত্যন্ত দুর্ভাগ্যের।’ ক্ষুধা ও দারিদ্রমুক্ত পৃথিবী কামনা করে প্রধানমন্ত্রী ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ থেকে উদ্বৃত করে বলেন, ‘আসুন আমরা একসাথে এমন একটি বিশ্ব তৈরি করি যা দারিদ্র্য, ক্ষুধা, যুদ্ধ এবং মানুষের দুর্ভোগ দূর করতে পারে এবং মানবতার কল্যাণের জন্য বিশ্ব শান্তি ও নিরাপত্তা অর্জন করতে পারে।’

post
বাংলাদেশ

ব্রুনাইকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

জ্বালানিসমৃদ্ধ ব্রুনেইকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সদ্ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার ঢাকায় ব্রুনেইয়ের অর্থ ও অর্থনীতি মন্ত্রী ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন আবদুল্লাহর সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান।টিপু মুনশি বলেন, 'বাংলাদেশ হতে পারে বিনিয়োগের উপযুক্ত জায়গা। আমার অনুরোধ থাকবে বাংলাদেশে বিনিয়োগ করার।'বাণিজ্যমন্ত্রী ভারত ও চীনের কথা উল্লেখ করে জানান, এ দেশগুলো বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও বন্দর সুবিধা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। ব্রুনেইয়ের অর্থমন্ত্রী ড. আমিন বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে। পরিবহনের ক্ষেত্রে আঞ্চলিক হাব তৈরির সুযোগগুলো অন্বেষণ করুন। আমরা এই মুহূর্তে আমাদের সমুদ্রবন্দর সম্প্রসারণ করছি। বৈঠকে 'ব্রুনেই হালাল ফুডস ইন বাংলাদেশ' বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রুনেইয়ে বাংলাদেশিদের বিশেষ করে নির্মাণ শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও ব্রুনেইয়ের অর্থনীতিতে ব্রুনেইয়ে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে ব্রুনেইকে পেশাদার ও দক্ষ মানবসম্পদসহ প্রয়োজনীয় কর্মী সরবরাহের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা জানানো হয়। বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা 'পরিশ্রমী ও আন্তরিক' বলে প্রশংসা করেন ব্রুনেইয়ে সুলতান। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াকে জানান যে বাংলাদেশ সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য প্রস্তুত। বাংলাদেশে ব্রুনেইয়ের বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।

post
বাংলাদেশ

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে কুয়েতে দুই বাংলাদেশি কিশোর

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশি কিশোর তাওহীদ ওবাইদুল্লাহ ও হাফেজ আবু রাহাত। তারা দুজনই একাধিকবার বিশ্বসেরা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে তারা স্থানীয় একটি ফ্লাইটে কুয়েত পৌঁছায়। বর্তমানে তারা কুয়েতের সালওয়ার নিকটবর্তী আলবিদা রেজিন্সি হোটেলে অবস্থান করছে।চলতি বছরের ৯ ও ১০ জানুয়ারি বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের বাছাইপর্বে তারা কুয়েতের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়।দুটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আবু রাহাত ও বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ তাওহীদ ওবাইদুল্লাহ।তাদের সঙ্গে আসা শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বলেন, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন দেশের কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। এর মাধ্যমে তারা লাল-সবুজের পতাকাকে অনন্য সম্মান এনে দিয়েছে।

post
বাংলাদেশ

সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে সোমবার (১০ অক্টোবর) এ মন্তব্য করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। কদিন পরপর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে। মোমেন বলেন, আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি, এটি (সীমান্তে হত্যা) আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে… ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (বিএসফ) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক। শনিবার দিবাগত রাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এরমধ্যে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে মারা যান মুনতাজ হোসেন নামে একজন। আর সাতক্ষীরার খৈতলা সীমান্তে মারা যান মো. আবু হাসান নামে একজন।

post
বাংলাদেশ

বৈশ্বিক খাদ্যসংকটে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না : পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে ভবিষ্যতে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে। তাই এ ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরীর আম্বরখানা থেকে টুকেরবাজার সড়ক সংস্কার ও চার লেনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে তিন পারসেন্টের মতো, সেখানে আমাদের ৬-এর ওপরে।’ তিনি আরও বলেন, ‘সরকার খাদ্য নিশ্চিতের চেষ্টা করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি কিংবা খালি থাকবে না। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্য কিছুও ম্যানেজ করা সম্ভব।’এর আগে প্রায় ছয় কিলোমিটার সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়কটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে কয়েক মাসের মধ্যে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

post
বাংলাদেশ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি চিকিৎসক

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী। তিনি ঢামেকের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শনিবার (১ অক্টোবর) বিকেলে ডা. দীপু মনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ডা. দীপু মনি লিখেছেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা। ড. রায়ান সাদী সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের নেতৃত্বে পরিচালিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটি'র বার্ষিক কনভোকেশনের কি-নোট স্পিকার হিসাবে অংশ নেন। এসময় তিনি তার জীবনের গল্প শোনান। এবং বলেন, একটি লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে জীবনের যে কোনো অর্জন সম্ভব। ড. রায়ান সাদী হতে পারে সকলের অনুপ্রেরণা, সে সময় বলেছিলেন ডব্লিউইউএসটি'র চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ১৯৬৪ সালে ৬ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে জন্মগ্রহণ করেন তিনি। তৈয়ব হোসেন ও আসমা বেগম দম্পতির বড় সন্তান তিনি। বাংলাদেশি এ চিকিৎসক বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। বর্তমানে টেভোজেন বায়ো কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন ডা. রায়ান সাদী। তার সহধর্মীনী ডা. জুডি আক্তার এবং একমাত্র কন্যা এমিলি। ডা. রায়ান সাদী কুষ্টিয়া জেলা স্কুলে পড়াশোনা করেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা-বিজ্ঞানে লিডারশিপ, ইয়েল ইউনিভার্সিটিতে হেলথ পলিসি এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন তিনি।

post
বাংলাদেশ

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসীদের কাজ করতে বললেন হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।তিনি বলেন, এদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আমরা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি।  শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা, সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরও যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলছে। তিনি আরও বলেন, খুনিরা এমনকি চার বছরের শিশু ও নারীদেরও রেহাই দেয়নি। তিনি বলেন, সামরিক স্বৈরশাসক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে হত্যা, গুম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দায়মুক্তির সংস্কৃতির রাজনীতি সূচনা করেছিলেন। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপকর্মে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও অপপ্রচার চলেছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন। কিন্তু, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে অবশেষে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ায় আঞ্চলিক ও স্থানীয় যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। তিনি আবারও জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য ও সব ধরনের শোষণমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেন। সূত্র : বাসস।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.