post
বাংলাদেশ

করোনা টিকা প্রদানে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

করোনাভাইরাসের টিকা প্রদানে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পিটার বলেন, 'বাংলাদেশে ৭৫ ভাগ মানুষ করোনা টিকার আওতায় এসেছে, যা বিশ্বে সর্বোচ্চ।' টিকা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে ১০ কোটি ডোজ টিকা প্রদান করেছে উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০ বছরের অংশীদারিত্ব। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। জনস্বাস্থ্যসেবার উন্নয়নে আমরা সহযোগিতার হাত আরও বৃদ্ধি করবো।' নারায়ণগঞ্জে টিকাদান কার্যক্রমের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, 'বাচ্চারা খুবই সাহসী। তারা কেউই টিকা নিতে ভয় পায়নি।' এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, 'আমরা বরাবরই ইপিআই কার্যক্রমে এগিয়ে ছিলাম। করোনার টিকা প্রদান কার্যক্রমেও আমরা একইভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অনেকেই লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। এখনও যারা টিকাদান কর্মসূচির বাইরে রয়েছেন, তাদেরও খুঁজে বের করে এই কার্যক্রমের আওতায় আনা হবে।' ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় কমিউনিটি হেলথ সিস্টেম প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

post
বাংলাদেশ

ই-ক্যাবের মাহফুজা আক্তার গ্রেপ্তার

ই-ক্যাবের উইমেন এন্টারপ্রেনার্স ফোরামের ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. শাহিন গন মাধ্যমকে বলেন, গ্রেপ্তার মাহফুজা আক্তার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

post
বাংলাদেশ

লালমনিরহাটে বিএসএফ'র গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ'র গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯২১ ও ৯২২ এর মাঝে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, মহিষতুলি গ্রামের মৃত সানোয়ার মিয়ার ছেলে ওয়াজকরনি মিয়া (৩৬) ও ঝারিরঝার গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩৫)। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের কমান্ডার শরিফুল ইসলাম শরিফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, নিহত দুজন গরু ব্যবসায়ী। প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল গিয়েছিল ভারত থেকে গরু আনতে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বাবুরহাট ক্যাম্পের টহলরত বিএসএফ কৈমারী সীমান্তে তাদের ওপর গুলি চালায়। ওয়াজকরনি মিয়ার মাথায় ও আয়নাল হকে পিঠে গুলি লাগে। তাদের সঙ্গীরা মরদেহ বাংলাদেশ ভূ-খণ্ডে নিয়ে আসে। ওয়াজকরনির মা শফিরন বেওয়া বলেন, আমি ছেলেকে অনেকবার নিষেধ করেছি যেন ভারতে না যায়। এখন আমার দুই নাতনির কী হবে! পরিবারে আমার ছেলেই একমাত্র আয় করতো। আয়নালে স্ত্রী শরিফা বেগম বলেন, ভারত থেকে একটি গরু আনার জন্য তিনি ১০-১২ হাজার করে টাকা পেতেন। অনেকবার নিষেধ করেছি, এখন আমি ছেলেকে নিয়ে কীভাবে বাঁচবো! ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণার পরও কিছু মানুষ ভারতে যায় অবৈধভাবে গরু আনতে। নিহত দুজনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে। কমান্ডার শরিফুল ইসলাম আরও বলেন, গুলি করে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

post
বাংলাদেশ

রেকর্ড ২৪৮ বাংলাদেশি কর্মীর কোরিয়ার উদ্দেশ্যে রওনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রেকর্ড ২৪৮ বাংলাদেশি প্রবাসী কর্মী মঙ্গলবার (৮ নভেম্বর) কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছে। ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত ১ নভেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৯৮৬ বাংলাদেশি কর্মী কোরিয়ায় গিয়েছিল, যা ২০০৮ সালে কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যা। এর মাধ্যমে কোরিয়ান সরকার নিম্ন ও মাঝারি দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করে।কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুন বলেন, ২০২২ সালের শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ বাংলাদেশি কর্মী কোরিয়ায় যাবে বলে আশা করা হচ্ছে।কোরিয়া ও বাংলাদেশ উভয় দেশেই করোনা পরিস্থিতির উন্নতির ফলে চলতি বছরের এপ্রিল থেকে প্রতি সপ্তাহে গড়ে ১১৩ জন কর্মী কোরিয়ায় গিয়েছেন। তবে নভেম্বর থেকে প্রতি সপ্তাহে কোরিয়ায় যাওয়া কর্মীর সংখ্যা বেড়ে ১৫০ জনে উন্নীত হবে। তাছাড়া প্রতি সপ্তাহে অতিরিক্ত ১০০ কর্মী যোগ হবে।রাষ্ট্রদূত বলেন, ২০২৩ সালে সাপ্তাহিক প্রায় ১৫০ বাংলাদেশি কর্মী কোরিয়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের জন্য ইপিএস কোটা বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ অনেক কোরিয়ান নিয়োগকর্তা বাংলাদেশি কর্মীদের পরিশ্রম এবং বিশ্বস্ততার প্রতি সন্তুষ্ট।ঢাকার ইপিএস সেন্টারের কিম ডং-চ্যান আশা করেন, কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আরও বেশি বাংলাদেশি নারী কোরিয়ায় ইপিএসের মাধ্যমে যাওয়ার সুযোগ পাবেন।তিনি বলেন, কোরিয়ার কারখানায় মহিলা ও পুরুষ কর্মীরা একই স্তরের বেতন পেয়ে থাকেন। সেপ্টেম্বরে লটারির মাধ্যমে নির্বাচিত ২০ হাজার কর্মীর জন্য কোরিয়ান ভাষা পরীক্ষা ২০২৩ সালের জানুয়ারির শেষে শুরু হবে।

post
বাংলাদেশ

অর্থ লুটপাট ও পাচারকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত : বাংলাদেশ হাইকোর্ট

যারা বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে, তাদের ‘শ্যুট ডাউন’ করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (৮ নভেম্বর) বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার আসামি মোহাম্মদ আলীর জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, পাঁচ বছর পার হয়ে গেলেও মামলায় চার্জশিট দিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে কারণে বিচারও শেষ হচ্ছে না। তখন আদালত বলেন, অর্থপাচারকারীরা জাতির শত্রু। কেন এসব মামলার ট্রায়াল হবে না? এ সময় দুদককে প্রশ্ন রেখে আদালত বলেন, কেন চার্জশিট দিচ্ছেন না? অর্থ লুটপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। আদালত বলেন, যারা জনগণের টাকা আত্মসাৎ করে তাদের ‘শ্যুট ডাউন’ করা উচিত, এটাই তাদের শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আদালত বেসিক ব্যাংকের চার হাজার কোটি অর্থপাচারের ঘটনায় দায়ের হওয়া সব মামলার সবশেষ তথ্য ২১ নভেম্বরের মধ্যে পেশ করতে নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দুদককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

post
বাংলাদেশ

বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে—এমনটাই প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। তাই বিরোধী রাজনৈতিক দলসহ সবার জন্য কোনো রকম ভয়ভীতি-দমন ছাড়া শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক প্রশ্নের উত্তরে এই আহ্বান জানান।ব্রিফিংয়ে নেড প্রাইসের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবে কি না—এমন প্রশ্নের উত্তরে নেড প্রাইস বলেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সম্পর্কসহ পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের সঙ্গেই তারা নিয়মিতভাবে বিষয়গুলো আলোচনা তুলে থাকে। তারা বিষয়গুলো যেমন ব্রিফিং রুম থেকে প্রকাশ্যে বলে, তেমনি ব্যক্তিগত আলোচনায়ও নিয়ে আসে। এটা করার মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সব বাংলাদেশির স্বার্থে আইনের শাসন, মানবাধিকারের সুরক্ষা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।নেড প্রাইস বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা আশা করি, নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের সরকার বেছে নিতে পারবেন। এটাই আমাদের প্রত্যাশা। এই লক্ষ্যের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, তাই বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলসহ সব জনগণের জন্য কোনো রকম ভয়ভীতি-দমন ছাড়া শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ সৃষ্টির জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

post
বাংলাদেশ

যান চলাচলের জন্য ১০০টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানের সেতুগুলো ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বাংলাদেশটাকে উন্নয়নের জন্য রূপকল্প ২০২১ ঘোষণা দিয়েছিলাম। সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।তিনি আরও বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ করেছি। পার্বত্য চট্টগ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিল না, সেখানে সেটা করে দিয়েছি। এর জন্য বিভিন্ন জেলা যুক্ত করে আজ একসাথে ১০০ সেতুর উদ্বোধন করতে পারছি।

post
বাংলাদেশ

বাংলাদেশের রিজার্ভ নামবে ২৬ বিলিয়ন ডলারে !

ডলার সংকটের কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এতে করে চাপে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৭ নভেম্বর) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মাসের আমদানি বিল ১৩০ কোটি ডলার পরিশোধ করা হলে রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারে নেমে আসবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী হিসাবায়ন হলে রিজার্ভের অঙ্ক নেমে দাঁড়াবে ২৬ বিলিয়ন ডলারে। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে নতুন এলসি খোলা কমেছে। তবে বাকি বা দেরিতে পরিশোধের শর্তে আগের খোলা এলসির দায় এখন পরিশোধ করতে হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার ব্যয় কমেনি। এই কারণে দিন দিন ডলারের সংকট বাড়ছে। বাজারে ‘স্থিতিশীলতা’ আনতে ডলার বিক্রির চাপে কমছে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই সূচক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার । ৭ নভেম্বর আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা-আকুর (সেপ্টেম্বর-অক্টোবর) আমদানি বিল বাবদ ১৩০ কোটি ডলার পরিশোধ করা হবে। এতে করে রিজার্ভ নেমে আসবে ৩৪ দশমিক ৪২ বিলিয়ন ডলারে। আইএমএফের দেওয়া শর্তে হিসাব করলে যা কমে দাঁড়াবে ২৬ দশমিক ০২ বিলিয়ন ডলারে। প্রতি মাসে ৮ বিলিয়ন ডলার হিসাবে এই রিজার্ভ দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ। সূত্র-ঢাকা পোস্ট

post
বাংলাদেশ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী উপসচিব আফরিন আক্তার।আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম ইউনিট সচিব অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ২ দিনের সফরে গতকাল বিকেলে ঢাকায় আসেন আফরিন আক্তার। তিনি সাংবাদিকদের বলেছেন, বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরা ও অন্যান্য ধরণের অপরাধ মোকাবিলাসহ সমুদ্র নিরাপত্তায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেছেন। আফরিন আক্তার আগামী বছরের শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেই বিষয়েও আলোচনা করেন।

post
বাংলাদেশ

প্রবাস জীবন ছেড়ে ৭৫ লাখ টাকায় মাল্টা বাগান করলেন লক্ষ্মীপুরের যুবক

ছোট থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লক্ষ্মীপুরের যুবক আজিম ভূঁইয়ার। প্রবাসজীবন ছেড়ে পাঁচ বছরের চেষ্টায় এখন তিনি একজন উদ্যোক্তা। তার বাগানে গাছ ভর্তি মাল্টা প্রমাণ করে তিনি সফল হয়েছেন। এই মৌসুমে তার বাগানে ফলন হয়েছে ২৫-৩০ হাজার কেজি মাল্টা। বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।আজিম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ শাহ নেওয়াজের ছেলে। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে তিনি জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে সাড়ে ৮ একর জমিতে বাগানটি করেছেন। জানা গেছে, আজিম এইচএসসি শেষ না করেই ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে যান। সেখান থেকে সাড়ে ৩ বছর পর দেশে ফিরে আসেন। ছোট বেলার স্বপ্ন পূরণ করতে ফলের বাগান দেওয়ার পরিকল্পনা করেন। পরিবারের সহযোগিতায় চরলক্ষ্মী এলাকায় তোফায়েল আহমেদ ও আলী দরবেশের কাছ থেকে ১০ বছরের জন্য সাড়ে ৮ একর জমি লীজ নেন। ২০১৭ সালের জানুয়ারিতে শুরু করেন ফলের চাষ। তিনি বাগানে মাল্টা, বরই, আম ও পেয়ারা গাছের চারা লাগান। এছাড়াও রয়েছে নারকেল, আপেল ও বাউকুল। আমের মধ্যে রয়েছে বারি-৪ ও হিমসাগর। আজিম এখন পরিবার নিয়ে বাগানেই বসবাস করেন। ছোট ভাই মোক্তার ভূঁইয়াসহ তিনি এখন বাগানটি দেখাশোনা করেন। তার বাগানে ১৫-২০ জন লোক প্রতিদিন কাজ করেন। প্রতিদিনই তার বাগানে বিভিন্ন এলাকার মানুষ গিয়ে ভিড় জমান। ফরমালিন মুক্ত রসালো মাল্টা কিনতে দূর-দূরান্ত থেকে হাজির হন অনেকেই। কৃষি বিপণন কর্মকর্তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বাগানটির সম্পর্কে জানতে পারেন। এছাড়া জেলা শহর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার থেকেও অনেকেই বাগানটি দেখতে ছুটে যান। আজিম জানান, বাগানটি শুরু করার সময় তার কোন অভিজ্ঞতা ছিল না। প্রথমে মাল্টার চারা লাগালে তা নষ্ট হয়ে যেত। তখন তার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়। তবে তিনি থেমে যাননি। ক্ষতিকে অভিজ্ঞতা হিসেবে রুপ দিয়েই নিজের মত করে বাগানে গাছ লাগিয়েছেন। এখন যদি কেউ মাল্টা বাগান করতে চায়, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ সহযোগিতা করতে চান। চলতি বছর গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তথ্য পেয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন বাগানটি পরিদর্শনে যান। পরে কৃষি বিভাগ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন এ কর্মকর্তা। ফরিদগঞ্জ থেকে আসা ৩ জন যুবক জানিয়েছেন, তারা কৃষি বিপণন কর্মকর্তার ফেসবুকে বাগানটির ছবি ও ভিডিও দেখেছেন। এজন্যই তারা বাগানটি দেখতে এসেছেন। এটি অনেক বড়। এ ধরণের বাগান তাদের এলাকাতেও কোথাও নেই। নিজ হাতেই তারা গাছ থেকে মাল্টা সংগ্রহ করে খেয়েছেন। আজিম ভূঁইয়া বলেন, স্বপ্ন অনেকটাই সফল হয়েছে। প্রায় ৭৫ লাখ টাকা এ বাগানে ব্যয় হয়েছে। পুরো টাকা উঠাতে অন্তত আরও কয়েক বছর কষ্ট করতে হবে। তবে আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে। বাগানে যারা আসেন, তারা নিজ হাতেই গাছ থেকে মাল্টা সংগ্রহ করেন। এখানে কোন ফলেই ফরমালিন বা বিষাক্ত কোন কিছু ব্যবহার করা হয় না। কৃষি অধিপ্তরের কর্মকর্তা ড. জাকির হোসেন প্রায়ই বাগানে এসে খোঁজ নিয়ে যান। এবার মাল্টা বিক্রিতে কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন অনেক সহযোগিতা করেছেন। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন বলেন, মেঘনা উপকূলীয় অঞ্চল হওয়ায় মাল্টা চাষ নিয়ে আমরা সন্দিহান ছিলাম। কিন্তু কয়েকজন কৃষক মাল্টা চাষে সফল হয়েছেন। বর্তমানে জেলায় ২০ হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। আজিম এবার প্রায় ২৫ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন। গত বছর তারা ১০ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পেরেছেন। তার বাগানে আম ও পেয়ারাও রয়েছে। সবমিলিয়ে কয়েক বছরের মধ্যেই আজিম লাভজনক অবস্থানে যাবেন বলে আশা করছি। বাগানটি বেকার তরুণদের জন্য আদর্শ। তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে বাগানে পানির সমস্যা হয়। এতে সেচের জন্য ডিফ ইরিগ্রেশন সিস্টেম স্থাপন করে দেওয়া হবে। এ ব্যাপারে প্রক্রিয়া চলমান। এটাই তাদের বড় চাহিদা। আজিমসহ ৩ জনের নাম বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য প্রস্তাব করেছি। সকল কাগজপত্র ঢাকায় মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি পরিশ্রমের মূল্যায়ন হিসেবে তারা কৃষি পদক পাবেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.