post
দূতাবাস খবর

প্রবাসীদের পেনশন স্কিমের সেবা নেয়ার আহবান

সাধারণ প্রবাসীদের সার্বজনীন পেনশন স্কিমের সেবা গ্রহণ করার আহবান জানিয়েছেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রবাসী পেনশন স্কিমের সেবা, কাতার প্রবাসীদের মাঝে তুলে ধরতে এক অবহিতকরণ সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম। অনুষ্ঠানে প্রবাসী পেনশন স্কিম নিবন্ধনের নিয়মাবলি উপস্থাপন করেন, দূতাবাসের কাউন্সিলর মো: মাসহুদুল কবির। এতে অতিথি ছিলেন, দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ওয়ালিউর রহমান,ডিফেন্স এটাসে ব্রিগেডিয়ার জেনারেল এম খাইরুদ্দিন,কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী,দুতালয় প্রধান মো: নাসিরুদ্দিন ও প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী।

post
এনআরবি বিশ্ব

গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক প্রাণঘাতী হামলা সত্ত্বেও হামাসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। গাজায় প্রায় সাত মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা ঠিক করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় প্রচেষ্টার প্রয়োজন হবে। গত বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসিক ভবনগুলোর মধ্যে ৭২ শতাংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

post
সংবাদ

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্বোধন

কাতারে প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন করা হলো বাংলাদেশি প্রতিষ্ঠান তৌহিদ ট্রেডিং এন্ড সার্ভিসেস ডব্লিউএলএল। রাজধানী দোহার নাজমা বড় মসজিদের সামনে এ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির কাতারী স্পন্সর নাসের সারহানকে সাথে নিয়ে উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন, জাহিদুল ইসলাম টিপু, মো: তৌফিক কামাল আইয়ান, ফজল করিম ও শহিদ। এ সময় তৌহিদুল ইসলাম জানান, তৌহিদ ট্রেডিং এন্ড সার্ভিসে প্রায় তিনশো প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সামনে মেগা প্রজেক্টের জন্য আরো কিছু অভিজ্ঞ প্রবাসী শ্রমিক নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।

post
অভিবাসন

কুয়েতে বাংলাদেশীদের এনআইডি কার্যক্রম উদ্বোধন

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে দেশটিতে থাকা প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবীব খান। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। দেশটিতে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম শুরু হওয়ায় আনন্দিত দেশটিতে অবসস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এজন্য বাংলাদেশ সরকার এবং কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।

post
প্রবাস রাজনীতি

লেবাননে প্রবাসী অধিকার পরিষদের কমিটি

লেবাননে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি ফিরোজ ডাকুয়া,সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক পদে ফোরকান আহমেদ জয়লাভ করেছেন। দাওড়ায় স্থানীয় একটি কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির লেবানন শাখার সদস্যরা স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচন করেন। ভোট শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম। এতে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রাকিব খান ও শামীম আহমেদ। নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করে ৭ জন প্রার্থী। এসময় বাংলাদেশ থেকে ভার্চয়ালি যুক্ত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় লেবানন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

post
এনআরবি সাফল্য

বাংলাদেশিদের পাঠানো বৃহত্তম ত্রাণবহর ফিলিস্তিনের পথে , সাথে দোয়া ও ভালোবাসা

এলামি মোঃ কাউসার, কায়রো মিশরলাল সবুজের পতাকা ও মিশরে বাংলাদেশি চ্যারাটি ফান্ড ‘ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন’ এবং ‘বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা’র ব্যানার‌ টানানো ৩৫টি লরিতে ৫ কোটি টাকার‌ও অধিক, অন্তত ৭০০ টন জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১১৫টি লরি ভর্তি একটি ত্রাণবহর মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশে রওনা হয়েছে। আজ সোমবার বিকেলে মিশর-ফিলিস্তিন সীমান্ত রাফার উদ্দেশে বহরটি কায়রো‌ ত্যাগ করে।‌ বাংলাদেশের আপামর জনসাধারণ ও প্রবাসী বাংলাদেশিদের অনুদানে ভর্তি এসব লরির মধ্যে রয়েছে জরুরি ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি, তাবুসহ নিত্য প্রয়োজনীয় ব্যাবহারিক জিনিসপত্র। এটি ফিলিস্তিনে বাংলাদেশের সাধারণ মানুষের পাঠানো এ যাবতকালের সর্ববৃহৎ ত্রাণবহর। এ সব অনুদান আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের ব্যক্তিগত উদ্যোগ, স্বেচ্ছাশ্রম এবং তাদের সঙ্গে বাংলাদেশের একাধিক বেসরকারি সেবা সংস্থা, মিশরস্থ বাংলাদেশি ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফসল। ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুজাইফা খান জানান, এবারের সপ্তম‌ দফায় ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ২২টি লরি গাজার‌ উদ্দেশে র‌ওনা‌ হয়েছে। এর মধ্যে ফাউন্ডেশনটির নিজস্ব ৯টি লরির সঙ্গে আরও ১১টি সংস্থার‌ ১৩টি‌ লরি‌ গাজার‌ উদ্দেশে র‌ওনা‌ হয়েছে‌। সেগুলো হলো, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের চিকিৎসক দম্পতির একটি ওষুধের লরি, মাকতাবাতুল আশরাফ, ইলমান নাফিয়া, হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন, আস সিরাজ ফাউন্ডেশন, আহলে হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ, অঙ্গিকার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ ইনস্টিটিউট, উত্তরা গাউসুল আজম জামে মসজিদ, সিম্পল রিজন (ব্রিটেন), দারুল জান্নাহ জামে মসজিদ (ব্রিটেন)। বাংলাদেশ ফিলিস্তিন-মৈত্রী সংস্থার সভাপতি, বাংলাদেশি ছাত্র আব্দুল আজিজ তরফদার বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনের পর থেকে মিশরের গ্রান্ড ইমাম শাইখুল আযহার ড. আহমাদ আল তাইয়িবের তত্ত্বাবধানে এ পর্যন্ত প্রায় ৭ হাজার ৮৪০ টন ত্রাণসামগ্রী গাজায় পৌঁছেছে। সেইসঙ্গে প্রথম থেকেই আমরা দায়িত্বশীলতার সঙ্গে নিয়মিত আজহারের মাধ্যমে সরাসরি গাজায় সহায়তা পাঠিয়ে আসছি।’ যাদের অক্লান্ত শ্রম ও ভালবাসায় আজকের লাল সবুজের এ বিশাল লরির বহর প্রস্তুত হয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘আমরা নির্যাতিত মানুষদের পাশে ছিলাম এবং যুদ্ধ পরবর্তী গাজা পুর্ননির্মাণেও তাদের পাশে থাকব। দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই নীরব আন্দোলনে আমাদের পাশে থাকবে বলে মনে করি।’ আল আজহার বাইতুয যাকাত অ্যান্ড সাদাকাত হাউস জানায়, নির্যাতিত অসহায় গাজাবাসীর জন্য আজ কায়রো থেকে ১ হাজার ৮৪০ টন জরুরি খাদ্যসামগ্রী ও ওষুধ নিয়ে ১১৫ টি লরি গাজার‌ উদ্দেশ্য রওয়ানা হয়েছে। যার সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ৩৫টি লরি ভর্তি জরুরি খাদ্য ও ওষুধসমগ্রী যুক্ত রয়েছে। সংস্থাটির সেক্রেটারি মেজর জেনারেল (অব.) আমর লুতফি সংস্থাটির এক ভিডিও বার্তায় বাংলাদেশি ছাত্রদের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

post
আন্তর্জাতিক

কাতারে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভা

কাতারে সন্দ্বীপ সমিতির উদ্যোগে ১৯৯১ সালে সন্দ্বীপসহ চট্টগ্রাম উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে এ আয়োজন করা হয়। কাতারস্থ সন্দ্বীপ সমিতির সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ সন্দ্বীপ সমিতির উপদেষ্টা শিল্পপতি নুরুল মোস্তফা খোকন, মাওলানা রফিক উল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ জামসেদ, কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান, আমিনুল ইসলাম ও মশিউর রহমান মিঠু।

post
প্রবাস রাজনীতি

লেবাননে আওয়ামী লীগের কমিটি গঠন

লেবাননে আওয়ামী লীগের নাকাশ-আদবাইয়া শাখার অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মমিনুল ইসলাম মমিনকে সভাপতি, কাউসার আহমেদ বেপারীকে সাধারণ সম্পাদক ও সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য গঠিত নতুন এ কমিটিতে প্রধান উপদেষ্টা পদে আব্বাস প্রধান ও সিনিয়র সহ-সভাপতি পদে শুভ আহমেদ নির্বাচিত হয়েছেন। আদবাইয়াতে অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সভাপতি সৈয়দ বাবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন শেখ কামাল, কামরুল ইসলাম বাবু, রানা ভূঁইয়া, সোহেল মিয়া ও ইয়াসিন আবু তাহের। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানসহ বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এ কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে বৈশাখী উৎসব উদযাপন

আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব-১৪৩১ উদযাপন করা হয়েছে। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম। এতে বক্তব্য রাখেন মহিলা এসোসিয়েশনের সভাপতি মিসেস আবু জাফর, জায়েদ ভার্সিটির অধ্যাপক ড: হাবীবুল হক খন্দাকার, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুসহ অনেকে। দূতাবাস কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম, দিলীপ কুমার ও শিক্ষিকা ফালুনা হকের যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে দূতাবাস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

post
আন্তর্জাতিক

গাজার গণকবরে আতঙ্কিত ভলকার তুর্ক

গাজার আল-নাসের ও আল শিফা হাসপাতালে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং সেখানে আবিষ্কৃত গণকবরে ‘আতঙ্কিত’ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ফিলিস্তিন কর্তৃপক্ষ এ সপ্তাহে খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবরে শত শত লাশ পাওয়ার খবর জানান। ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে চলে যাওয়ার পর নাসেরসহ আল-শিফা হাসপাতালেও এমন গণকবরের সন্ধান মিলেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গণকবর দেওয়ার কথা অস্বীকার করেছে। আইডিএফ বলছে, জিম্মিদের লাশ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল প্রাঙ্গনের কবরে থাকা লাশগুলো তুলে পরীক্ষা করে ফের রেখে দিয়েছে। এসময় লাশের কোন অমর্যাদা তারা করেনি বলেও বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.