গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত
দক্ষিণ গাজার রাফা এলাকায় হামাসের সাথে লড়াই চলাকালে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। রোববার ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিহত দুজন হলেন, স্টাফ সার্জেন্ট ন্যাচম্যান মেইর হাইম ভাকনিন ও স্টাফ সার্জেন্ট নোয়াম বিটান। রাফার একটি সুড়ঙ্গে অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন তাঁরা। ওই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও ইসরায়েলের একটি বুলডোজারে রকেট হামলায় আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গাজার শাসকগোষ্ঠী হামাসকে নির্মূল করতেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। সাত মাসের বেশি সময় ধরে চলা এ অভিযানে ২৮২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
