post
দূতাবাস খবর

ঢাবির মাধ্যমে হবে পর্তুগিজ ভাষা শিক্ষা

বাংলাদেশে পর্তুগিজ ভাষা শিক্ষা ও পর্তুগিজ ভাষা-সংস্কৃতির প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সংযোগ স্থাপনে সহযোগিতা চুক্তি সই করেছে পর্তুগালের ক্যামোয়েস ইনস্টিটিউট অব কোঅপারেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। চুক্তির আওতায় ক্যামোয়েস ইনস্টিটিউটের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্স চালু করা হবে।পাশাপাশি, পর্তুগিজ ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি, সাংস্কৃতিক উন্নয়ন ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতা করা হবে। গতকাল মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ ও ক্যামোয়েসের পরিচালনা পর্ষদের সভাপতি জোয়াও রিবেইরো ডি আলমেদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে লিসবনপ্রান্তে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, ক্যামোয়েস ইনস্টিটিউটের প্রোগ্রামিং, ট্রেনিং ও সার্টিফিকেশন বিভাগের প্রধান রুই ভিসেন্তে দে আজেভেদো ও বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি এবং ঢাকাপ্রান্তে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রাজাউল করিম ফকির ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আশিক বিল্লাহ উপস্থিত ছিলেন। ক্যামোয়েসের পরিচালনা পর্ষদের সভাপতি জোয়াও রিবেইরো ডি আলমেদা চুক্তি সইয়ে সন্তোষ প্রকাশ করে আশা করছেন, উভয় শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে পর্তুগিজ ভাষা-সংস্কৃতির বিকাশ ও প্রসারে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একে সূচনা হিসেবে উল্লেখ করে তিনি জানান, তার প্রতিষ্ঠান এই চুক্তির অধীনে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে পেতে সচেষ্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ পর্তুগিজ ভাষা শিক্ষায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চুক্তি সইয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, 'চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে।' বর্তমানে আধুনিক ভাষা ইনস্টিটিউট ১৪টি ভাষার শিক্ষা কোর্স পরিচালনা করছে উল্লেখ করে তিনি আশা করেন, এই প্রটোকল চুক্তি সইয়ের মাধ্যমে ক্যামোয়েস ইনস্টিটিউটের সহযোগিতায় শিগগির পর্তুগিজ ভাষা কোর্স চালু হবে। রাষ্ট্রদূত তারিক আহসান ২ দেশের মধ্যে ঐতিহাসিক যোগসূত্রের কথা উল্লেখ করে বলেন, '১৬ শতাব্দী থেকে বাংলাদেশ ও পর্তুগালের মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশকে এই সহযোগিতা চুক্তি কাজে লাগাতে হবে।' তিনি আশ্বাস দেন লিসবন দূতাবাস চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর চালিয়েছে প্রবাসীরা

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের বয়স সংশোধনের জন্য গিয়ে সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। এ অভিযোগে শতাধিক বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। এসময় দূতাবাসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুজন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ বিষয়ে দূতাবাস কিছু জানে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।জানা গেছে, কয়েক বছর ধরে এসব বাংলাদেশিরা পাসপোর্ট জটিলতায় ভুগছেন। কোনো সমাধান না পেয়ে দূতাবাসে এসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তারা।খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে ইতালি সরকারের স্টে-পারমিট পেয়েছেন অনেক বাংলাদেশি। তবে পাসপোর্ট না পাওয়ায় তারা বৈধতা হারাতে বসেছেন। ফলে ভুক্তভোগীরা দূতাবাসে এসে ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছেন।তাদের দাবি, দ্রুত পাসপোর্টের বয়স সংশোধনের সুরাহা করতে হবে। পাসপোর্ট না পেলে তারা আবারো অবৈধ হয়ে যাবেন। পরে অবশ্য দূতাবাস ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। তারা দাবি সংবলিত একটি স্মারকলিপি রাষ্ট্রদূতকে দেন।এদিকে, পরিস্থিতি সামাল দিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, ‘তাদের বিষয়গুলো আমি অবগত। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। একমত হয়েছি যে, ভুক্তভোগীদের কাছ থেকে একটি দাবি সংবলিত স্মারকলিপি গ্রহণ করবো।’তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসবান্ধব। আমরা এরই মধ্যে পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধন করেছি। এর চেয়ে বেশি করা বিষয়টি ঢাকা অফিসকে জানিয়েছি। আজকেও ঢাকা অফিসকে পুনরায় অবগত করা হয়েছে।’দূতাবাস সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত ২৮ এপ্রিল একটি পরিপত্র জারি করে। সেই পরিপত্র অনুযায়ী, পাসপোর্টে বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনা অনুসারে দূতাবাস থেকে পাঁচ বছরের অধিক বয়স সংশোধনের আবেদন গ্রহণের সুযোগ নেই।এরই মধ্যে গত এপ্রিলে পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধনের আবেদন জমা নেওয়া শেষ হয়ে যায়। যারা এরই মধ্যে পাসপোর্টে পাঁচ বছরের অধিক বয়স সংশোধনের আবেদন করেছেন, তাদের অনেককেই ঢাকাস্থ পাসপোর্ট অধিদপ্তর থেকে আগের তথ্যে অর্থাৎ আবেদনকারীর পূর্বে যে পাসপোর্ট ছিল, সেই তথ্যে পাসপোর্ট নবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে।

post
এনআরবি সাফল্য

লিসবন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পুরস্কার পেলেন বাংলাদেশি সোহেল মুর্শেদ

পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পুরস্কার ২০২২ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল ইঞ্জিনিয়ারিং ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পুরস্কৃত হয়েছেন অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য বৈজ্ঞানিক অবদান ও প্রভাবের জন্য পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয় এই পুরস্কার দিয়ে থাকে। এর জন্য সম্মানসূচক ডিপ্লোমা ও পুরস্কার অংক হিসেবে সাড়ে ৬ হাজার ইউরো দেওয়া হয়।অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)। অধ্যাপক সোহেল মুর্শেদ ইম্পেরিয়াল কলেজ লন্ডন, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি নিউইয়র্কসহ বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেছেন। অধ্যাপক সোহেল মুর্শেদের জন্ম বাংলাদেশের নড়াইল জেলায়। তার বাবা অধ্যাপক রুস্তম সিকদার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক সোহেল মুর্শেদঅধ্যাপক সোহেল নড়াইল জেলার মাইজপাড়া হাইস্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশুনা করেছেন। তিনি রুয়েট (সাবেক বিআইটি) থেকে বিএসসি এবং বুয়েট থেকে এমএসসি সম্পন্ন করে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) থেকে মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন।

post
বাংলাদেশ

বাংলাদেশে ফ্লাইওভারের গার্ডার চাপায় শিশুসহ পাঁচজন নিহত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি প্রকল্পের জন্য নির্মিত গার্ডার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এসময় গার্ডারটি হঠাৎ করে রাস্তায় চলমান প্রাইভেট কারের ওপর পড়ে যায়। গার্ডারটি ক্রেন থেকে ছুটে যায়নি, বরং ক্রেনের একপাশ উল্টে যায়।ধারণা করা হচ্ছে ক্রেনটির ধারণক্ষমতা কম ছিল কিংবা চালক ভুলভাবে সেটি অপারেট করেছেন।এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে এই বিআরটি প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। ওই দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজকের এ দুর্ঘটনা ঘটল।

post
এনআরবি বিশ্ব

দ.আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি কে হত্যায় এক নাগরিকের ১৫ বছর জেল

দক্ষিণ আফ্রিকার ডারবান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করে হত্যায় দায়ে দেশটির এক নাগরিকের ১৫ বছর সাজা দিয়েছেন আদালত। শুক্রবার (১২ আগস্ট) ডারবনের একটি আদালত তিন আসামির মধ্যে উপস্থিত এক আসামি কানকেনইয়েজি সেগাটলির সামনে ১৫ বছর করে সাজার রায় ঘোষণা করেন বিচারক।ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকার ডারবানে দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে বসবাস করতেন শহিদুর রহমান। ডারবানের অদূরে তিনি কাঠের ব্যবসা করতেন। ব্যবসা-বাণিজ্য ও পরিবার নিয়ে সুখেই চলছিল তার সংসার। গত বছরের ৭ জুলাই শহিদুর ব্যবসার কাজে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। জানা যায়, তার ব্যবসায়িক এলাকার পরিচিত কয়েকজন তাকে অপহরণ করে। পরে সীমান্ত এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। হত্যার প্রায় ১৫ দিন পর শহীদুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনার পর শহীদুর রহমানের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত করে সেগাটলি নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তার সঙ্গে আরও দুজন জড়িত ছিলেন।এরপর জড়িত তিন দক্ষিণ আফ্রিকান নাগরিকের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারদের একজন কারাগারে আত্মহত্যা করেন। অপরজন এখনো পলাতক। ডারবনের একটি আদালতে উপস্থিত একমাত্র আসামির সামনে ১৫ বছর করে দুজনের সাজার রায় ঘোষণা করেন বিচারক।নিহতের স্ত্রী উম্মে সালমা বলেন, এক বছর দুই মাস পর রায় হলো। মামলা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি। বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। শহিদুর রহমান ১৯৯৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।

post
বাংলাদেশ

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদ, তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া দুপুর ১টায় দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। দুপুর দেড়টায় তিনি নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। দুপুর ২টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।এর আগে বেলা ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।

post
টেক মেন্টর

পিপলএনটেক পরিদর্শন করলেন সাইবার টিন'স অ্যাপের জনক সাদাত রহমান

পিপলএনটেক পরিদর্শনে এসেছিলেন সাইবার বুলিং থেকে নিরাপদ রাখতে সাইবার টিনস নামক মোবাইল এপ্লিকেশনের জনক সাদাত রহমান। ১৩ আগষ্ট, শনিবার দুপুরে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও এবং পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। পরবর্তীতে পিপলএনটেকের ক্লাসরুম পরিদর্শন , ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, ফ্যাকল্টি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিনিধিদের সাথে পরিচিত হোন। পরে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও পিপলএনটেকের পক্ষ থেকে সাদাত রহমান কে উপহার সামগ্রী তুলে দেন প্রেসিডেন্ট ফারহানা হানিপ। এসময় উপস্থিত ছিলেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। পরিদর্শন শেষে সাদাত রহমান বলেন ‘টিনএইজরা যখন সাইবার ক্রাইমের শিকার হন; তখন তারা সব জায়গা থেকে প্রতিকূলতার সম্মুখীন হন। অপরাধ না করেও তাদের জীবন দিতে হয়। থানায় অভিযোগ জানিয়েও সব সময় প্রতিকার পায় না।’ তাই তাদের সুরক্ষার জন্য আমার এই প্রচেষ্টা। তিনি বলেন,সাইবার বুলিং কেবল বাংলাদেশ নয়; এটি এখন আন্তর্জাতিকভাবে অনেক বড় সমস্যা। এটা এখন বিশ্বের একটি বড় সমস্যা। সাইবার বুলিং নিয়ে সারা বিশ্ব এখন উদ্বিগ্ন জানিয়ে সাদাত বলেন, এ সমস্যা সমাধানে সারা বিশ্বকে আজ এগিয়ে আসতে হবে। ২০১৮ সালে সাদাত তার কয়েকজন বন্ধুর সহযেগিতায় ‘সাইবার টিন’ নামের অ্যাপটি তৈরি করেন৷ নড়াইলের সাদাত ২০২০ সালে নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে ১৭ বছর বয়সে সাদাতের হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।  অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এই পুরস্কার দেন তিনি।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে ৮ হাজার প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট নেই!

ব্যক্তিগত, পারিবারিক ও আবাসনের তথ্যগত ভুল সংশোধন করতে না পেরে পাসপোর্ট ছাড়াই ইতালিতে বসবাস করছেন প্রায় সাত থেকে আট হাজার প্রবাসী বাংলাদেশি।ইতালীয় রেসিডেন্স পার্মিট হাতে পেয়েও শুধুমাত্র পাসপোর্ট সমস্যার কারণে এ প্রবাসীরা এখন স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন। অনেক প্রবাসীর বৈধ স্টে পারমিট বাতিল হওয়ারও শঙ্কাও দেখা দিয়েছে। ভোগান্তি দূর করতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা। বাংলাদেশ থেকে বৈধ উপায়ে অনেক প্রবাসী ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করলেও দালালের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই রওয়ানা দেন অবৈধ পথে। বিপজ্জনক এ পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই হারিয়ে ফেলেন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথি। কোনোরকমে দেশগুলোতে ঠাঁই পেয়ে অনেক প্রবাসী পেয়ে যান স্টে পারমিটের সুযোগ। তবে বেশিরভাগই পড়েন বিপাকে। আরও পড়ুন: ইতালিতে খরায় সুখে নেই প্রবাসী কৃষিজীবীরা চলতি বছর অবৈধপথে ইতালিতে অবৈধভাবে ঢোকেন সাড়ে আট হাজারেরও বেশি বাংলাদেশি। দেশটিতে বসবাসরত ২ লাখ ২০ হাজার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাত থেকে আট হাজার জনই পাসপোর্ট হারিয়ে কিংবা পাসপোর্টে তথ্যগত ভুল করে পড়েছেন চরম ভোগান্তিতে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস রোম ও বাংলাদেশ কনসাল জেনারেল মিলান জানায়, যথাযথ প্রমাণের ভিত্তিতে নাম, বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করে পাসপোর্ট দেয়ার সময়সীমা শেষ হয়েছে চলতি বছরের ২৮ এপ্রিল। এ অবস্থায় পরিপত্র সংশোধনের জোর দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

কানাডায় নিহত মুক্তিযোদ্ধা দম্পতির শেষকৃত্য ২১ আগস্ট

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ ও তার স্ত্রী সুপর্ণা দাশের শেষকৃত্য ২১ আগস্ট ভ্যাঙ্কুভারের সুরি শহরে অনুষ্ঠিত হবে। গত ৫ আগস্ট সড়ক দুর্ঘটনায় কানাডিয়ান দম্পতি নিহত হন। প্রয়াতের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। ১৪৬৪৪৭২ এভেনিউ, সুরি’র ভ্যালি ভিউ ফিউনারেল হোমে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নেওয়া মেজর (অবঃ) সুরঞ্জন দাস ঢাকা থেকে ‘দৈনিক মাতৃভূমি’ নামে একটি জাতীয় পত্রিকা প্রকাশ করেছিলেন। দেশের প্রধান কবি শামসুর রাহমান পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর (অবঃ) সুরঞ্জন দাস পরে কানাডায় অভিবাসী হন এবং ভ্যাঙ্কুভারে স্থায়ীভাবে বসবাস করছিলেন। গত ৫ আগস্ট সকালে স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভারনন নর্থ আরসিএমপির তথ্য অনুসারে, ৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় ভারনন ক্যাডেট টেনিং সেন্টারের পাশে বেইলি রোড ও কালামালকা লেকভিউ ড্রাইভ এলাকায় একসঙ্গে কয়েকটি গাড়ির ধাক্কা লাগার ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর পুলিশ হাইওয়ে ৯৭ উভয়দিক থেকে বন্ধ করে দেয়। সড়ক পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগে যায়। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার তথ্য গণমাধ্যমকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রয়াতের পরিবারের সঙ্গে সংশ্লিষ্টদের সূত্রে নির্মম এই মৃত্যুর খবর পুরো কানাডায় ছড়িয়ে পড়লে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে বন্যায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিকে আর্থিক সহায়তা

সংযুক্ত আরব আমিরাতে বন্যায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোহাম্মদ সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।চট্টগ্রামের বোয়ালখালীর সাজ্জাদসহ সম্প্রতি আমিরাতে বিভিন্ন কারণে মারা যাওয়া আরও ৮ জন প্রবাসীর কাছে আত্মীয়র মাধ্যমে তাদের পরিবারকে দুবাই কনস্যুলেট এ আর্থিক সহায়তা দেন।বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।এসময় উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.