পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যদি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য যেতে চান তাদেরকে বিশেষ স্কলারশীপের ব্যবস্থা করা হবে।
রবিবার ১১ সেপ্টেম্বর রাজধানীর হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও পিপলএনটেকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশী আবুবকর হানিপ যিনি আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ২০১৯ সালে আমরা একটা জরিপে দেখেছি প্রথম তিন মাসে প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী ওয়াশিংটন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য গিয়েছে।
তিনি বলেন, ‘ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং সিইও আবুবকর হানিপ ইতিমধ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ ঘোষণা করেছে, আমি হাজী সেলিম ইউনিভার্সিটি কলেজের মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশীপের সুযোগ করে দিবো’।
‘ওয়াশিংটন ইউনিভার্সিটি ও পিপলএনটেক থেকে একটা তথ্য আপনাদের দিতে চাই, অনেক শিক্ষার্থী আছেন ইংরেজিতে দক্ষতার সাথে কথা বলা বা বিভিন্ন প্রস্তুতির ঘাটতি থাকায় তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষে যেতে পারছেন না। কিন্তু ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য IELTS স্কোর ৫.৫ পয়েন্ট এবং ডুয়োলিঙ্গ ৯০ স্কোর নিয়ে আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে’।
তিনি বলেন, যারা আইটিতে বিভিন্ন কোর্স নিয়ে যেতে চাচ্ছেন তাঁদের জন্য পিপলএনটেক প্রশিক্ষণের প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে এবং প্রশিক্ষণ শেষে আপনাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানাজ পারভীন। তিনি প্রথমে পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটির সকল কর্মকর্তাকে সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই সেমিনার থেকে বড় হয়ে কে কোন জব করবে সে বিষয়ে দিক নির্দেশনা পাবে এবং পড়াশোনার পাশাপাশি তোমরা ফ্রিল্যান্সিং বিষয়েও এই সেমিনার থেকে জানতে পারবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসাইন খান, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আখতার ইবনে জাফর সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আলোচক কমলেশ চন্দ্র দাস।
এছাড়াও পিপলএনটেকের বিভিন্ন কোর্স নিয়ে বক্তব্য রাখেন পিপলএনটেক জব প্লেসমেন্ট ম্যানেজার ও ওয়াশিংটন ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি মাছুমা ভূইয়া ফারহা, বিজনেস ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার রনি সাহা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র এসইও এক্সিকিউটিভ এন্ড ফ্যাকল্টি অফ ডিজিটাল মার্কেটিংয়ের ফরহাদ হোসেন , অনামিকা সরকার পুজাসহ অন্যান্যরা ।
