post
সংবাদ

চোরাচালানের অভিযোগে সৌদিতে ৭ বাংলাদেশি আটক

সৌদিআরবে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশিসহ ১৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,গ্রেপ্তার ওই বাংলাদেশিদের কাছ থেকে ৩ দশমিক ৩ কেজি মেথামফেটামিন ও ১২ হাজার ৪৩২ পিস অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। এঘটনায় দুই সিরিয়ান ও এক সৌদি নাগরিককেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদিকে, পৃথক আরেকটি অভিযানে ৭৫ হাজার ৬০০ এমফিটামিনেস ট্যাবলেটসহ এক প্রবাসী ও এক সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে মাদক পাচার ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।

post
সংবাদ

কোটা আন্দোলনের সাথে নাগরিক ঐক্যের একাত্মত্বা ঘোষণা

শিক্ষার্থীদের কোটা আন্দোলনের দাবির সাথে একাত্মত্বা ঘোষণা করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ভারতের সাথে দেশবিরোধী গোলামী চুক্তির প্রতিবাদ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতাসীন দলকে পরাজিত করার সময় এখনই। চীন ও ভারতের মধ্যকার লড়াই বাংলাদেশের মাটিতে আনা যাবে না বলেও মন্তব্য করেন এই নেতা।

post
সংবাদ

‘আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই ’

আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা পালন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় নিরাপত্তার বিষয়ে সচেতন। আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই, তবে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, কিছু দুষ্টু লোক থাকতে পারে, স্বার্থসিদ্ধির জন্য তারা যেকোনও কিছু করতে পারে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নির্দিষ্ট আর্মবেন্ড পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ দেবেন যেন তাদের দেখেই চেনা যায় তারা স্বেচ্ছাসেবক। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যদি কোনও গুজব বা নেতিবাচক সংবাদ পান তাহলে বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করবেন। তিনি আরও বলেন, হোসাইনী দালান ইমামবাড়া পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনও দুর্ঘটনা প্রতিরোধে পুরো এলাকা ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।

post
সংবাদ

বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনে তরুনদের মতবিনিময়

যৌথভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড’র উদ্যোগে বিভিন্ন দেশের তরুন প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি এন্ড চেম্বার এসোসিয়েশন ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স যৌথভাবে সাংহাইয়ে এ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি এন্ড চেম্বার এসোসিয়েশন এর নির্বাহী চেয়ারম্যান চেন ফেং, পরিচালক ছিন চিয়ানকাং ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন ওয়াং শুপাইসহ অন্যান্য অতিথিরা। বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, আফগানিস্তান, ইথিওপিয়া ও ক্যামেরুনসহ বেল্ট অ্যান্ড রোডের ২০টিরও বেশি দেশের ৭০ জন প্রতিনিধি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

post
সংবাদ

শিক্ষার্থীদের উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব’

বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া-বিএসসিএম এর উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী।কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। বিশেষ অতিথি ছিলেন,মালয়েশিয়াস্থ ইন্ডিয়া হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি ও দূতালয় প্রধান ভিকরাম ভরদ্রন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর ড. এমদাদুল হক, মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, দাতো শ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল, সিআইপি অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, জসিমউদ্দিন চৌধুরী, দাতো আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির,কে এল ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফসহ অনেকে। এসময় মুজিব সিনেমাটি নতুন প্রজন্মের কাছে প্রদর্শনের জন্য বিএসসিএম কে ধন্যবাদ জানান অতিথিরা।

post
সংবাদ

মালদ্বীপে কোরআন অবমাননার অভিযোগে বাংলাদেশি আটক

মালদ্বীপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। ৩৬ বছর বয়সি আটক ওই প্রবাসীর নাম মো. মান্নান। মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ থাকায় রোববার অনুষ্ঠিত রিমান্ড শুনানির সময় ফৌজদারি আদালত তাকে ১৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিবাসী হওয়ায় তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে পুলিশ হেফাজতে তাকে রিমান্ডে নেয়া হয়। জানা যায়, আটক মুন্না কোরআনের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেছিলেন। দেশটিতে এর আগেও কোরআনের কপি অপবিত্র করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়। কোরআনে থুতু ফেলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

post
সংবাদ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন।রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাঁচ প্রবাসী কাজের উদ্দেশে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এসময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন। নিহত প্রবাসীরা হলেন– নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা, আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ, শেখ ইরশাদের ছেলে মো. রাজু, শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া।

post
সংবাদ

চার দিনের সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী

চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টা ৫মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এই সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। ৮ থেকে ১১ জুলাই, বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ারও সম্ভাবনা রয়েছে। 

post
সংবাদ

উন্নতি নেই উত্তর-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির

পানি কমলেও উন্নতি নেই দেশের উত্তর-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। ফলে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে রয়েছে লাখ লাখ মানুষ।জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে। তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে, সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। মাঝারি বন্যায় জেলার কাজিপুর,সদর,বেলকুচি,চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় ২৪ হাজার পরিবারের লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে,গেল কয়েক দিন বৃষ্টি কম হওয়ায় সিলেট নগরীর জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। মৌলভীবাজার,সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি।

post
সংবাদ

সৌদি আরবে আগুনে পুড়ে চার বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদের মুসাসানাইয়া এলাকায় সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে তিনজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।তারা উপজেলার তেজনন্দি গ্রামের মজিবর রহমানের ছেলে ফারুক হোসেন, শিকারপুর গ্রামের সাহাদ আলীর ছেলে এনামুল হোসেন ও দিঘা স্কুলপাড়া গ্রামের কবেজ আলীর ছেলে শুকবর রহমান। বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ওই তিনজনের মৃত্যুর খবর পান স্বজনরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.