post
যুক্তরাষ্ট্র

প্রবাসীদের দেশে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতিবন্ধকতাগুলো (আরো যদি থাকে) খুঁজে বের করব এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরো সুবিধাজনক করব।’ কিভাবে বিনিয়োগ করতে হবে সেসব নির্দেশনা অনলাইনে পাওয়া যাবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কিভাবে বিনিয়োগ করতে হবে বা করলে আপনাদের অসুবিধা হবে না ইতোমধ্যে বিডাতে (বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ) সব ধরনের নির্দেশনা দেওয়া আছে। আপনারা বিডাতে অনলাইনে গেলে সব পেয়ে যাবেন।’ দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আসছে। আমি এইটুকু বলবো যে বাংলাদেশকে আমরা সার্বিকভাবে উন্নতি করে দিচ্ছি।’ দেশে রেমিট্যান্স পাঠালে তার ওপর প্রণোদনা দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘২ শতাংশ প্রণোদনার দাবি কেউ উঠাননি। এটা কোনোদিন কারো মাথায়ও আসেনি। স্বেচ্ছায় আমি নিজে থেকে দিয়েছিলাম।’

post
যুক্তরাষ্ট্র

আইজিইউ’র ক্যাম্পাসে দীপাবলি উৎসব উদযাপন

আলোর উৎসব দীপাবলি। শুক্রবার দীপাবলি উপলক্ষ্যে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা মেতে ছিল তাদের দ্বিতীয় বৃহত্তম এ উৎসবে। এ সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আইগ্লোবাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে উৎযাপন করা হয় দীপাবলি উৎসব। শুক্রবার প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। ক্যাম্পাসে দীপাবলি পালন করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানটির হিন্দু শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, সিএফও ফারহানা হানিপ ও সভাপতি ড. হাসান কে বার্ক। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিপ বলেন, আমাদের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের দীপাবলি উৎসবের শুভেচ্ছা। দীপাবলির আলোতে সবার জীবন উজ্জীবিত হোক এটাই আমাদের কাম্য।

post
যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। ১৬তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। নিউ ইয়র্ক শহরে জমকালো এই আয়োজন মুখরিত ছিল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে। এতে উপস্থিত ছিলেন আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপসহ অনেকে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখতেই নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এ ব্যাপক আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও অংশ নিয়েছেন, আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এস আই টুটুল, কোনাল, সাংবাদিক মনজুর কাদের জিয়াসহ প্রমুখ। এই আসরে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেয়া হয়।

post
যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলন শুরু

'অদম্য বাংলাদেশ-অবাক বিশ্ব' স্লোগানে শুরু হয়েছে ৩৫তম ফোবানা সম্মেলন। শুক্রবার তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশের ইতিহাস, শিল্প, সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে এবং আমেরিকান মূলধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন জোরদার করার লক্ষ্যে এ সম্মেলন শুরু হয়। ওয়াশিংটন ডিসিভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি মেরিল্যন্ডের গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। এসময় মন্ত্রী বলেন, 'প্রবাসে বসবাসরত বাঙালিরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তারা প্রত্যেকেই একজন রাষ্ট্রদূত। তাদের শ্রমের টাকাতেই বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি গড়ে উঠেছে। দেশ আজ নিজ টাকায় পদ্মা সেতু ও টানেল নির্মাণ করছে। গ্রামীণ অর্থনীতি জেগে উঠেছে। দেশের গ্রামগুলোতে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। রাস্তাঘাট পাকা হয়েছে। কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে। বাংলাদেশ আজ রোল মডেল। আমাদের বাস্কেট আজ আর খালি নয়। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে আজ আমাদের বাষ্কেট ভর্তি হয়ে গেছে। দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।' জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান তার শুভেচ্ছা বক্তৃতায় সবাইকে ভোটার রেজিষ্ট্রেশন করে ভোট প্রদানে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, আমাদের সবকিছু আছে। এবার শুধু দরকার নিজেদের ক্ষমতায় নিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শহিদুল ইসলাম বলেন, বিগত এক দশকে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। এসময় তিনি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও প্রসারে ফোবানার প্রচেষ্টাকে স্বাগত জানান। আয়োজক কমিটির আহবায়ক জিআই রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শিব্বির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যন জাকারিয়া চৌধুরী, বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ফোবানার টাইটেল স্পন্সর নাহিনুর রহমান, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, পিপল এনটেক এর নির্বাহী পরিচালক আবুবকর হানিপ, ইভেন্ট ম্যনেজমেন্ট এর স্বপন চৌধুরী, ফোবানার চিফ ইলেকশন কমিশনার মো. মাহবুবুর রহমান, সদ্য প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০২১ এর একজন হিসেবে মনোনীত শাহ হালিম ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার। ফোবানা নেতৃবৃন্দ জানান, সম্মেলনের বিভিন্ন পর্বে প্রতিযোগিতা, সেমিনার, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সবুজ জমিনে লাল বৃত্ত, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ থাকবে নানামুখী আয়োজন। তারা এই সম্মেলন সফল করতে ওয়াশিংটন মেট্রো ডিসি এলাকার সকল প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে। 

post
যুক্তরাষ্ট্র

শেষ হলো ৩৫তম আসর, 'ফোবানা শিক্ষা অ্যাওয়ার্ড' পেলেন চ্যান্সেলর আবুবকর হানিপ

বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ঐতিহ্যবাহী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র ৩৫তম সম্মেলনের পর্দা নেমেছে রোববার (২৮ নভেম্বর) মধ্যরাতে। এবার ফোবানায় বিশেষ চমক ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান। এ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সন্মাননা প্রদান করা হয়। ৩৫ তম ফোবানায় বিজনেস নেটওয়ার্ক লাঞ্জ, একাডেমিক সেমিনার, মহান মুক্তিযুদ্ধের উপর আলোচনা বিষয়ক সেমিনার, কালচারাল ইভেন্ট, দেশীয় পণ্যের উপর বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল, ট্র্যাভেল এজেন্সি, আইগ্লোবাল ইউনিভার্সিটির স্টল ছিল উল্লেখযোগ্য। এবার ফোবানার টাইটেল স্পন্সর ছিল আই গ্লোবাল ইউনিভার্সিটি ও এনাকন লিজিওন গ্রুপ। এছাড়াও আরও বেশ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান স্পন্সর করেন। সম্মেলনের আহ্বায়ক জিআই রাসেল ও সদস্য সচিব ছিলেন শিব্বির আহমেদ।  ফোবানার মঞ্চে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদানের পর উত্তরীয় পরিয়ে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন লাবলু আনসার, রাশেদ আহমেদ, হারুন অর রশীদ এবং ড. নুরুন্নবী। মন্ত্রী নিজেও একজন মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে উত্তরীয় পরিয়ে দেন ফোবানার সাবেক চেয়ারম্যান নুরুন্নবী। বিশ্বে প্রথম বাংলাদেশি মুসলিম নারী হিসেবে ১৫০ টি দেশে সফল ভ্রমনকারী নাজমুন নাহারকে বিশ্ব বিজয়ী হিসেবে বিশেষ সন্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এএবিইএ ফোবানা যৌথ ভাবে একাডেমীক সেমিনার আয়োজন করেন। যেখানে আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং পিপলএনটেকের সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ মুল বক্তা ও গেস্ট অফ ওনার হিসেবে মুল প্রবন্ধ উপস্থাপন করেন। আবুবকর হানিফ তার বক্তব্যে ইন্ডাস্ট্রি এবং একাডেমীর সমন্বয়ের মাধ্যমে তার এই উদ্ভাবিত শিক্ষা পদ্ধতি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন।তিনি তাঁর এই আইগ্লোবাল ইউনিভার্সিটিতে ২০২২ সালের শিক্ষাবর্ষে ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ ঘোষণা করেছেন। যেখানে ব্যাচেলর এবং মাস্টার্স শিক্ষার্থীদের ৫০% থেকে ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে এবং শিক্ষার্থীরা আইগ্লোবাল ইউনিভার্সিটির ওয়েব সাইটে https://www.igu.edu/ গিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের মুলধারার ইউনিভার্সিটি আইজিইউ’র সত্ত্বাধিকারী ও চ্যান্সেলর হওয়ায় এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ইঞ্জিনিয়ার আবুবকর হানিপকে ‘ফোবানা শিক্ষা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সম্মেলনের আহ্বায়ক জিআই রাসেল ও সদস্য সচিব ছিলেন শিব্বির আহমেদ। এছাড়া এক্সপার্ট প্যানেলে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন যারা তারা হচ্ছেন, ডঃ ফয়সাল কাদের, সভাপতি- এএবিইএ, কাজী জামান, সিইও, ক্রিকেট পয়েন্ট ডট নেট, সাহেদ ইসলাম, সিইও এসজে ইনোভেশন, শাহ আহমেদ, টেকনাফ আইএনসি, ডঃ আনিস রহমান এবং ফারহানা হানিপ, সিএফও, আইগ্লোবাল ইউনিভার্সিটি। এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনেও বেশ কটি সেমিনার হয়েছে। সবগুলোতে সমৃদ্ধির পথে ধাবিত বাংলাদেশ নিয়ে পর্যালোচনামূলক আলোচনা হয়েছে। ‘বিজনেস নেটওয়ার্ক’ এ বাংলাদেশে দায়িত্ব পালনকারি মার্কিন রাষ্ট্রদূত ডেন মজেনা নিজের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জোর দিয়ে বলেছেন, ‘এশিয়ায় উদিয়মান টাইগার’ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে উঠার সংকল্পও অপূর্ণ থাকবে না যদি বর্তমানের নেতৃত্ব অব্যাহত থাকে এবং রাজনৈতিক স্থিতি অটুট রাখা সম্ভব হয়। এই নেটওয়ার্কে জর্জিয়া স্টেটের সিনেটর (ডেমক্র্যাট) শেখ রহমানও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং রাজনীতিকদের আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। বাংলাদেশি আমেরিকানদের আমেরিকার মূলধারার রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।  এ আলোচনায় অংশ নিয়ে আই-গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবুবকর হানিফ বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশকে আরো উদারতা প্রদর্শন করতে হবে। প্রবাসের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্নদেরকেও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত হবার প্রত্যাশা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে। উন্নয়ন-অভিযাত্রায় রাষ্ট্রীয় নীতি-নির্ধারনীতে সাবব্জেক্ট-ম্যাটার এক্সপার্টদেরকে প্রাধান্য দিয়ে সমগ্র জনগোষ্ঠিকে উন্নয়নের ধারায় একিভুত করা সম্ভব হলে আর কোন শক্তিই বাংলাদেশকে পিছিয়ে নিতে সক্ষম হবে না। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেছেন, বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে নিজস্ব অর্থ দিয়ে। এটি সম্ভব হচ্ছে প্রবাসীদের রেটিটেন্স এবং দেশমাতৃকার সার্বিক কল্যাণে আন্তরিক সহযোগিতায়। ফোবানার এই সম্মেলনেও একই চেতনা আমাকে অভিভূত করেছে। ফোবানা ৩৫তম সম্মেলনের শেষদিনে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে ইন্টারফেইথ কনফারেন্স। ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ কর্তৃক আয়োজিত এই সেশন অনুষ্ঠিত হয় গত ২৮ নভেম্বর । কনফারেন্সটি পরিচালনা করেন সুখেন জোসেফ গোমেজ এবং সভাপতিত্ব করেন মুহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া ফোবানা সম্মেলনের তিন দিন ব্যাপী উৎসবের শেষ দিনেও ছিল বাংলাদেশি ও প্রবাসীদের দৃষ্টিনন্দন পরিবেশনা। সাদিয়া ইসলাম মৌ’র নৃত্য পরিবেশনায় মন কেড়েছে দর্শকদের। তিনদিনের উৎসবে সাবিনা ইয়াসমীন, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও তাহসানের গানে মেতেছিলেন প্রবাসী বাংলাদেশীরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংগঠনগুলোর সাংস্কৃতিক পরিবেশনাও ছিল দৃষ্টিনন্দন। গান গেয়েছেন শশী, শাহ মাহবুব, বকুল, শামীম সিদ্দিকী, রোকসানা মির্জাসহ অনেকেই। শেষ দিনে ফোবানার এক্সিকিউটিভ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রেহান রেজা চেয়ারম্যান এবং মেম্বার সেক্রেটারি পদে নির্বাচনে বিজয়ী হন মাসুদ রব চৌধুরী। নির্বাহী কমিটির সভায় আগামী ফোবানা সম্মেলন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, ফোবানা একেক বছর অনুষ্ঠিত হয় একেক অঙ্গরাজ্যে। এ বছর লাল-সবুজের আয়োজনটি বসেছিলো যুক্তরাষ্ট্রের রাজধানী লাগোয়া অঙ্গরাজ্য মেরিল্যান্ডের গেইলর্ড হোটেলে। ম্যারিল্যান্ডের গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার ম্যারিয়ট হোটেলের ৫ লাখ ৪৬ হাজার ৮৮৯ স্কয়ার ফুটের মিলনায়তনে আসন সংখ্যা প্রায় ১০ হাজার। গত তিনদিনে বাংলাদেশিদের নিয়ে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা লাল ও সবুজের মিশেলে পাঞ্জাবি ও শাড়ি দৃষ্টি কেড়েছে স্থানীয়দেরও। গেইলর্ডে আসা অন্যদেশের লোকেরাও মিশে গিয়েছিলেন বাংলার সংস্কৃতিতে।

post
যুক্তরাষ্ট্র

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের পথপ্রদর্শক সাইফুদ্দাহার শহীদের প্রয়াণ, পিপলএনটেক সিইও'র শোক

নব্বই দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র এসেছিলেন তিনি। এরপর কেটে গেছে তিন দশক। যুক্তরাষ্ট্র তখন আসেন ততদিনে তিনি প্রথিতযশা। কারন তিনিই ছিলেন প্রথম বাংলা বাণিজ্যিক সফটওয়্যার শহীদলিপির নির্মাতা। নাম সাইফুদ্দাহার শহীদ (সাইফ শহীদ)। থাকতেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে। সেখানেই স্থানীয় সময় রোববার ৯ জানুয়ারি তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৪ বছর।পরিবারের বরাতে খবরে প্রকাশ, আলঝেইমারে ভুগছিলেন সাইফুদ্দাহার শহীদ। ছিলো তিনি শারীরিক অন্যান্য জটিলতাও। সাইফুদ্দাহার শহীদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার জানাজা কাল মঙ্গলবার বেলা একটায় আলবুকার্কের ইসলামিক সেন্টার অব নিউ মেক্সিকোতে (১১০০ ইয়েল বুলেভার্ড, এসই আলবুকার্ক) অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তির তখন উন্মেষকাল। তেমনি একটি সময়ে যুক্তরাজ্যের লন্ডনে বসে সাইফুদ্দাহার শহীদ নিজে প্রোগ্রামিং করে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’ তৈরি করেন। ১৯৮৫ সালে বাজারে আসে সে ফন্ট। অ্যাপল'র ম্যাকিন্টশ কম্পিউটারে বাংলা লেখার সে সফটওয়্যার তৈরি করেন সাইফ শহীদ। শহীদলিপির পাশাপাশি সাইফুদ্দাহার শহীদ সেই সময়ের ম্যাক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসও বাংলায় অনুবাদ করেন। এর ফলে ম্যাকের মনিটরে বাংলায় নির্দেশনা দেখা যেতো। সাইফুদ্দাহার শহীদক কম্পিউটারে বাংলা ভাষার প্রচলনের পথিকৃৎ। যতদিন প্রযুক্তিতে বাংলা ব্যবহৃত হবে, তত দিন সাইফুদ্দাহার শহীদ তথ্য প্রযুক্তির জগতে জাগরূক থাকবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক ছিলেন সাইফুদ্দাহার শহীদ। বেক্সিমকো কম্পিউটারসে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। ন্যাশনাল কম্পিউটারস নামে ঢাকায় নিজের প্রতিষ্ঠানও চালু করেন। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের প্রথম সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন সাইফুদ্দাহার শহীদ। ১৯৭৯ সালের ২০ মে তাঁর উদ্যোগ গঠিত হয় বাংলাদেশ অ্যামেচার রেডিও লিগ (বিএআরএল)। সাইফুদ্দাহার শহীদ ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেডিও প্রচলনেরও প্রধান পথপ্রদর্শক। তার ই উদ্যোগে ১৯৮২ সালে বিএআরএল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়নের সদস্যপদ পায়। এরপর ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশে উন্মুক্ত হয় অ্যামেচার রেডিও। পিপলএনটেক সিইও'র শোক সাইফুদ্দাহার শহীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পিপলএনটেকের সিইও, প্রযুক্তিবিদ আবুবকর হানিপ। এক শোক বার্তায় তিনি বলেন, সাইফুদ্দাহার ছিলেন দেশের প্রযুক্তি জগতে পা ফেলা প্রতিটি মানুষের প্রেরণা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

post
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বসেই ই-পাসপোর্ট পাবেন প্রবাসীরা

বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন-ব্যবস্থার সাথে তাল রেখে বাংলাদেশও ই-পাসপোর্ট চালু করেছে। এতে প্রবাসীদের অনেকেরই প্রশ্ন, তারা কি বিদেশ থেকেই ই-পাসপোর্ট নিতে পারবেন, নাকি দেশে গিয়ে নিতে হবে। কারণ মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দেশ থেকে আগেই মিলছিল। বাংলাদেশে যখন ই-পাসপোর্ট চালু হয়, তখন এটি যুক্তরাষ্ট্রে দেওয়া সম্ভব হয়নি। গত বছর থেকে এই সেবা যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। তাই নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা বর্তমানে নিউইয়র্কে বসেই ই-পাসপোর্ট পেতে পারেন। চাইলে এই পাসপোর্ট ১০ বছর মেয়াদের জন্য নেওয়া যেতে পারে। অনলাইনে ই-পাসপোর্টের ফরম পূরণ করে ফি জমা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলেটে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর পাসপোর্ট নিতে হবে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

post
যুক্তরাষ্ট্র

মহান একুশের নানা কর্মসূচি নিউইয়র্কে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিউইয়র্কে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। করোনার কারণে এবারও অনেক ক্ষেত্রেই ভার্চুয়াল প্লাটফর্মে দিবসটি উদযাপন করার প্রস্তুতি চলছে। তবে কোন কোন রাজ্যে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ, যাতে সশরীরে সমবেত হয়ে একুশে উদযাপন করা হবে।নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে স্বাস্থ্যবিধি মেনে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পনের আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনামঞ্চ। গত ৩১ বছর যাবত এ দুটি সংগঠন যৌথভাবে শহীদ দিবসের পথবেয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। বাংলাদেশের সাথে মিলিয়ে নিউইয়র্ক সময় ২০ ফেব্রুয়ারি বেলা একটা ০১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহর) কর্মসূচি শুরু হবে। এছাড়াও নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ-সহ রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ মিশন, নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবারও ভার্চুয়াল প্ল্যাটফর্মে একুশে উদযাপন করবে বলে জানানো হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জেবিবিএ, কুইন্স প্যালেসে শো-টাইম মিউজিক, ব্রুকলিন, ব্রঙ্কস, জ্যামাইকায় অস্থায়ী শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পণের কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে আলোচনা সভা ছাড়াও কবিতা আবৃত্তি এবং শহীদ স্মরণে সঙ্গিতানুষ্ঠানও হবে।

post
যুক্তরাষ্ট্র

বাংলাদেশি আমেরিকান সোসাইটির ভ্যাকসিন কর্মসূচি

জ্যাকসন হাইটসে বিনামূল্যে বাংলাদেশিদের মাঝে বুস্টার টিকা প্রদান করেছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি। করোনা মহামারীর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব বাড়তে থাকায় বুস্টার টিকার ওপর গুরুত্বারোপ করেছে সিডিসি এবং নিউইর্য়ক হেলথ ডিপার্টমেন্ট। এই লক্ষ্যে বাংলাদেশি কমিউনিটির সেবায় বুস্টার টিকা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি। প্রথম ধাপে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারের সামনে গত ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বুস্টার টিকা প্রদান করা হয়। কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সাবেক সিটি কাউন্সিল মেম্বার কস্টা কস্টান্টিনিডস, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, জেবিবিএ’র নির্বাচিত সভাপতি গিয়াস আহমেদসহ আরও অনেকে। সার্বিক আয়োজনে ছিলেন বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আমিন মেহিদী বাবু।

post
যুক্তরাষ্ট্র

জাতিসংঘের সামনে শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধাঞ্জলি

নিউইয়র্ক প্রতিনিধি: ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে জাতিসংঘ এলাকা প্রকম্পিত করে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রবাসীরা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনের পার্কে ‘মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ’ নির্মিত অস্থায়ী শহীদ মিনারে রোববার বেলা ১টা ০১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ০১ মিনিট অর্থাৎ একুশের প্রথম প্রহরে) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র এ কর্মসূচির শুভ সূচনা ঘটায় তিথি দেব। গত ৩১ বছর ধরেই এ কর্মসূচি পালিত হচ্ছে প্রবাসীদের সর্বজনীন উদ্যোগ হিসেবে। এ সময় একুশ ফেব্রুয়ারির তাৎপর্য এবং দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হবার প্রেক্ষাপট সংক্ষেপে উপস্থাপন করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা এবং নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। কর্মসূচির পরিচালনায় ছিলেন শহীদ সন্তান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর এবং বাঙালির চেতনামঞ্চের সংগঠক আব্দুর রহিম বাদশা।হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কর্মসূচিতে অংশগ্রহণকারি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মহিলা সম্পাদক সবিতা দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুবাইয়া শবনম প্রিয়া, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া, ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাফরউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভ’ইয়া, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, চট্টগ্রাম সমিতির সভাপতি আহসান হাবিব, বোর্ড অব ট্রাস্টির কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাহাবউদ্দিন চৌধুরী লিটন, মানবাধিকার সংগঠক এ টি এম রানা, আরশাদ ওয়ারিশ, মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, নাজিমউদ্দিন, জেবিবিএর প্রধান নির্বাচন কমিশনার আব্দুন নূর বারভ’ইয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ, সাবেক সেক্রেটারি ফরিদ আলম, যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ড. এনামুল হক এবং সেক্রেটারি সিরাজউদ্দিন সোহাগ, উপদেষ্টা অধ্যাপিকা হোসনেআরা, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মতুজির রহমান, ভাইস প্রেসিডেন্ট আতিকুল ইসলাম এবং সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট দরুদ মিয়া রনেল, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, বিয়ানিবাজার সমিতির উপদেষ্টা বোরহানউদ্দিন কফিল,আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাশেদ আহমেদ, সেক্রেটারি আবুল কাশেম, নির্বাহী সদস্য কানু দত্ত, এমসি কলেজ এলামনাইয়ের নেতা শফিক চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সুশীল সাহা, কৃষিবিদ আশরাফুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কসের পার্কচেস্টার, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাতে নিউইয়র্ক সময় রাত ১২টা এক মিনিটে আরো কয়েকটি অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। বেশ কটি স্থানে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। তবে, নিউইয়র্ক সিটিতে তিন লাখের অধিক বাংলাদেশী বাস করলেও এখন পর্যন্ত স্থায়ী একটি শহীদ মিনার স্থাপনের প্রত্যাশা পূরণ হয়নি। এ নিয়ে অঙ্গিকারের ফুলঝুরি রয়েছে প্রচুর, তা বাস্তবায়িত করার আন্তরিক প্রয়াসে সীমাহীন গাফিলতি দেখা যাচ্ছে অনেক আগে থেকেই।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.