post
বাংলাদেশ

ভোটের জোট ও মনোনয়ন: সিদ্ধান্তহীনতার দোলাচালে কারো দোটানার অভিনয়

বাংলাদেশের গেলো তিনটি জাতীয় নির্বাচনের মতো আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া আরও ছয়টি দল ১৪-দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে।জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে। জোটভুক্ত দলগুলো জোটের শরিক যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে।ইসির সূত্রে জানায়, যে দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়ে ইসিকে জানিয়েছে, সেগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ ও তৃণমূল বিএনপি। এসব রাজনৈতিক দলগুলোর বেশিরভাগেরই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে, কারো বা শেষের পথে।ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি এক উৎসবে পরিণত হয়েছে দলটির কেন্দ্রীয় অফিসসহ দেশজুড়ে বিভিন্ন বিভাগ, জেলা ও শাখা অফিসেও। দলটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ২৩ নভেম্বর বসবে মনোনয়ন বোর্ডের সভা। এর মাধ্যমে চুড়ান্ত হবে তাদের প্রার্থী। বাংলাদেশে এবারের জাতীয় রাজনীতির খুব আলোচিত নতুন দল তৃনমূল বিএনপিতেও চলছে মনোনয়ন ফরম বিক্রি। দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে ক্ষতি নেই, কিন্তু নির্বাচনে অংশ নিলে আয়োজনের গ্রহনযোগ্যতা বাড়বে। ওয়াকার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতিই ইতোমধ্যে শেষ করছে তাদের দল।মনোয়ন বিক্রি পরে শুরু করলেও নির্বাচনে অংশ নেয়ার দৌড়ে পিছিয়ে নেই কৃষক শ্রমিক জনতা লীগ। তাদের জোট বন্ধ নির্বাচনের প্রস্তুতির কথা জানালেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার। তবে, বহুল রাজনীতির মাঠের আলোচিত দল, ক্ষমতাসীন সরকারের গেল সংসদের অংশীদার এবং সংসদের বিরোধীদল জাতিয় পার্টি তাদের মনোনয় ফরম বিক্রি শুরু করেছে। জোটবদ্ধ নির্বাচনে নৌকা ও লাঙ্গল প্রতিকে নির্বাচনের সিদ্ধান্ত নিলেও , নির্বাচনে প্রকৃতপক্ষে অংশগ্রহণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানায়নি। তবে প্রস্তুতি সবটাই আছে বলেই জানালেন, জাতিয় পার্টি মহাসচিব,মুজিবুল হক চুন্নু। দেশজুড়ে নির্বাচনী মনোনয়ন বিক্রির উৎসবে ভিন্ন চিত্র বিএনপি ও সমমনা দলগুলোর অফিস কিংবা নেতৃবৃন্দের মাঝে। তাদের অনেক কেন্দ্রিয় নেতাই কারাগারে। আর যারাও বা বাইরে আছেন, তাদের আবার অনেকেই আত্মগোপনে। এরমধ্যেই চলছে তাদের হরতাল অবরোধের মত রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি

post
বাংলাদেশ

জনসমর্থন না থাকলে,আগুন সন্ত্রাস করে কিছু অর্জন করা যায়না: প্রধানমন্ত্রী

জনগণের সমর্থন না থাকলে, মানুষ পুড়িয়ে আগুন সন্ত্রাস কোরে কোন কিছু অর্জন করা যায়না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং ২০২২-২৩ সালে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের পদকে ভূষিতকরণ অনুষ্ঠানে, তিনি একথা বলেন। এসময় নাশকতাকারীদের শুভবুদ্ধি হবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের হাত ধরেই দেশ স্বাধীন হয়েছিল। এখনও দেশ রক্ষা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানান, মুক্তিযোদ্ধাদের উন্নত জীবন ও যোগ্য সম্মান দিয়েছে তার সরকার। স্বাধীনতার এত বছর পরও দেশ বিরোধী অপশক্তির নাশকতা থেমে নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে অশান্ত করতে আগুন সন্ত্রাসীরা আবারো মাঠে নেমেছে। তবে এভাবে আগুনে মানুষ পুড়িয়ে কোন কিছুই অর্জন করা যায় না।পরে স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি, অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, শান্তিকালীন পদক তুলে দেন প্রধানমন্ত্রী।এর আগে মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বাংলাদেশ সেনাবাহিনী,নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এসময় গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

post
বাংলাদেশ

দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাপা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি।সোমবার দুপুর ১২টায় দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রথম দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম বিক্রি শুরুর ঘোষণা দিলেও, শেষপর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে জাতীয় পার্টি অবস্থান স্পষ্ট করেনি। সময়ের বাধ্যবাধকতা থাকায় নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

post
বাংলাদেশ

সবাইকে নিয়েই নির্বাচন করতে চায় সরকার- বললেন তথ্যমন্ত্রী

সব দলের অংশগ্রহণে সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।নাশকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচন আসার আহবান জানান হাছান মাহমুদ।

post
বাংলাদেশ

বিএনপি ভোটে এলে পুণঃতফসিল বিবেচনা করবে ইসি;পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশবিশেষ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি চলমান। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরোক্ষ চাপকে পাশে ঠেলে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন সরকার। এক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক সমঝোতা না হলে আরেকটি একতরফা নির্বাচনের আশঙ্কা করছেন নির্বাচন বিশ্লেষকরা।যদিও ২০১৪ সাল এবং ২০১৮ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল দেশে-বিদেশে। সেজন্য এবার বেশ আগে থেকেই আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগাদা দিয়ে আসছিলো। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উৎসব চললেও ভিন্ন চিত্র বিএনপি অঙ্গনে। আর মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না- সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি দলটির হাইকমান্ড। তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গনমাধ্যমকে বলেছেন, দলের চেয়ারম্যান জিএম কাদের ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এমন অবস্থায় বিএনপি নির্বাচনে আসতে চাইলে পরিস্থিতি বিবেচনায় পুনঃতফসিলের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, বিএনপিসহ নির্বাচনে আসতে না চাওয়া দলগুলো ভোটে এলে, আইন অনুযায়ী সুযোগ তৈরি করে দেয়া হবে। বিভাজন ভুলে নির্বাচনে সব দল অংশগ্রহণ করলে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রাণান্তর চেষ্টা করবে বলেও জানান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।এ প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষন সংস্থা জানিপপ এর চেয়ারম্যান ড. নাজমূল আহসান কলিমউল্লাহ বলেন,পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশ হিসেবে নির্বাচন কমিশনের এমন বক্তব্য। তবে যে কোন ভাবেই সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন কাম্য বলেই মনে করেন এ নির্বাচন বিশ্লেষক। 

post
বাংলাদেশ

মির্জা ফখরুলের জামিন শুনানি ২ দিন পেছালো ; সোহেল-টুকুসহ ২৫ বিএনপি নেতাকর্মীর কারাদণ্ড

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আরো ২ দিন পেছানো হয়েছে। অগামী ২২ নভেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে।আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানিটি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সময় মির্জা ফখরুলের আইনজীবীরা এ সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান। বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানির তারিখ দিতে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের অনুরোধ না রেখে অন্য মামলার শুনানি শুরু করতে চান। তখন মির্জা ফখরুলের আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতিতে ১০ মিনিটের জন্য আদালত মুলতুবি ঘোষণা করে খাস কামরায় চলে যান বিচারক।পরে এসে আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ২২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।গেল ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মির্জা ফখরুলকে আটক করা হয়। অন্যদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস করে কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।

post
বাংলাদেশ

বিএনপি জামাতের হরতালে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ !

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে যাত্রীবাহী বাস,ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুন সন্ত্রাসকারীদের প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।সারাদেশে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলের ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালকে কেন্দ্র কোরে বিভিন্নস্থানে যাত্রীবাহী বাস,ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এদিকে,সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইনশৃংখলাবাহিনী। একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করলে, সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ সদস্যসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন। জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। গতরাতে সরিষবাড়ী থেকে তারাকান্দি যাওয়ার সময়, ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহত হয় ৪ নারী।জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা মেরে নাশকতা সৃষ্টির মামলায় বিএনপি নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হরতালের সমর্থনে ফরিদপুরে মশাল মিছিল বের করে বিএনপি।নেত্রকোণার কেন্দুয়ায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এছাড়া, বান্দরবান ও হিলিতে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল হরতালের সমর্থনে পিকেটিং হয়েছে।

post
বাংলাদেশ

আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে উপচেপড়া ভীড়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।রবিবার সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা । কেউ আবার ঢাক-ঢোল পিটিয়ে,বাজনা বাজিয়ে মনোনয়ন কিনতে এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় আরও বাড়তে থাকে। ফরম সংগ্রহ করে মনোনীত হলে, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করার প্রত্যয় জানান, মনোনয়ন প্রত্যাশীরা।

post
বাংলাদেশ

বিএনপি যা করছে তা আন্দোলন নয়, স্রেফ নাশকতা: ওবায়দুল কাদের

বিএনপি যা করছে তা আন্দোলন নয়, এটি শুধুমাত্র নাশকতা- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলার এই রাজনীতিকে প্রতিহত করতে হবে। রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল, দেশব্যাপী গণজাগরণের ঢেউ উঠেছে। এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটাররা আওয়ামী লীগের প্রধান টার্গেট বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সাক্ষাৎ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান। এসময় রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, তাঁর দল জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সংবিধানকে অক্ষুন্ন রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু,অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করবে সরকার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.