post
বাংলাদেশ

বাংলাদেশে রেল লাইনে নাশকতা,৭ বগি লাইনচ্যুত ; নিহত ১, আহত ১০

বাংলাদেশের গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ৭ টি বগি লাইনচ্যুত হয়েছে। নিহত হয়েছেন ১ জন। বুধবার ভোর ৪টার দিকে ভাওয়াল রেল স্টেশনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রেলের লাইন কেটে দিলে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় ট্রেনটির প্রায় অর্ধেক লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও একজনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছেন। ট্রেনের গতি কম থাকায় হতাহতের সংখ্যা কম। অন্যথায় ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা।এরপর জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন।এ দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকার মুরগি ব্যবসায়ী ৩৫ বছর বয়সী আসলাম মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।তৎক্ষনাত আহত সাত যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম গনমাধ্যমকে বলেছেন, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস।

post
বাংলাদেশ

কাল থেকে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা থাকবে ১৭ ডিসেম্বর পর্যন্ত

আগামীকাল বুধবার থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানিয়েছে।দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। রাজশাহী, রংপুর বিভাগ ও খুলনা বিভাগের কয়েকটি জেলা, সিলেট বিভাগের শ্রীমঙ্গল এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, হাতিয়া ও রাঙ্গামাটি— এইসব অঞ্চলের তাপমাত্রা কমে যেতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে উত্তরের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

post
বাংলাদেশ

জি এম কাদেরদের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান রওশন এরশাদ। সেখানে দুই নেতা বৈঠক করেন। এসময় প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টির কিছু বিষয় অবহিত করেন এবং ব্যক্তিগতভাবে কিছু অনুরোধ করেন রওশন। গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে রওশন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’ তবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন?’

post
বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের

জোটের শরীকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই।মঙ্গলবার দুপুরে, রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে, তিনি এসব কথা বলেন।  কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থী থাকবে, তবে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি আরও বলেন, বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই গণতন্ত্র সংকটের মুখে। এজন্য আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

post
বাংলাদেশ

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে । অভিযোগ যাচাই-বাছাই কোরে অনেকের মনোনয়ন বৈধ বলে ঘোষনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ।সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়মে এ কার্যক্রম শুরু হয়।শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে। তবে,বাতিল হওয়া প্রার্থীরা ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

post
বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে গুলি; ৪ ইউপিডিএফ নেতা নিহত

আবারো অস্থির হয়ে উঠছে পাহাড়। দুপক্ষের গোলাগুলিতে খাগড়াছড়ির পানছড়িতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।সোমবার গভীর রাতে পানছড়ি উপজেলার ফাতেমানগরে এই ঘটনা ঘটেছে বলে। খাগড়াছড়িতে ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর এটিই সবচেয়ে বড় ঘটনা। আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, কেন্দ্রীয় পিসিপির সহ-সভাপতি  সুনীল ত্রিপুরা, জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সহ সভাপতি লিটন চাকমা, ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা নিহত হয়েছেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন পানছড়ি থানার ওসি শফিউল আলম ।এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ তিন জন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গেছে, লাশ উদ্ধার করে ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

post
বাংলাদেশ

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আবারো পেছালো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় আবারো পেছানো হয়েছে। আদালত পরবর্তি তারিখ ধার্য করেছেন আগামী ২৮ ডিসেম্বর। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি রায়ের দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত হয়নি। এ জন্য আদালত তা পিছিয়ে ২৮ ডিসেম্বর ধার্য করেন।দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা ছিল। বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই মামলার রায় প্রস্তুত হয়নি। আগামী ২৮ ডিসেম্বর রায়ের পরবর্তি তারিখ ধার্য করা হয়েছে।গত ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের আজকের তারিখ ধার্য করেছিলেন আদালত।জানা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন।২০০৮ সালের ২৪ মে মামলাটি তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

post
বাংলাদেশ

১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ

আগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ রাজধানীতে বিজয় র‍্যালি করবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত র‍্যালি করা হবে।সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় তিনি এ কর্মসূচির কথা জানান। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করা হবে।  

post
বাংলাদেশ

দেওয়ালে পোস্টার লাগালে গলায় জুতার মালা দেওয়া হবে: মেয়র আতিক

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নান্দনিক স্থাপনা এবং দেওয়ালে যারা পোস্টার লাগাবেন তাদের গলায় জুতার মালা পরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন চেয়ে তিনি বলেছেন, নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। স্মার্ট বাংলাদেশে আমরা কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে অনুরোধ করতে চাই, নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না, এমন প্রজ্ঞাপন জারি করুন। সোমবার রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয়, সে কাজগুলো কিছুদিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, তার ওপর আমি কোনো পোস্টার দেখতে চাই না। যে পোস্টার লাগাবে, তার গলায় জুতার মালা দেওয়া হবে।

post
বাংলাদেশ

শরিকদের সঙ্গে সহসাই সমঝোতা: তথ্যমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শরিক দলগুলোর সঙ্গে সহসাই সমঝোতা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ও স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, তাদের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত আসবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আশা করছি খুব সহসা শরিকদের সঙ্গে সমঝোতা হবে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে। খুব সহসা ১৪ দলের জোটের সঙ্গে সমঝোতা হবে। আর স্বতন্ত্র প্রার্থী সব সময় নির্বাচনে থাকে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, দলের অভ্যন্তরে এটা নিয়ে আলোচনা হয়নি। প্রয়োজন হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যারা নির্বাচনে পর্যবেক্ষকদল পাঠাবে কি পাঠাবে না এ নিয়ে দোলাচলে ছিল, তারা এখন সিদ্ধান্ত নিয়ে পর্যবেক্ষক দল পাঠাবে। আমি মনে করি, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসা মানেই একটি সুষ্ঠু-সুন্দর ভালো নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.