post
বাংলাদেশ

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের করা আপিল শুনানির দ্বিতীয় দিন আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে,রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিন ছিল আজ।  সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানি শুরু হয়ে চলে, বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় দিনে মোট ১০০ জনের আপিল শুনানি করে কমিশন। প্রার্থিতা ফিরে পেয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী মো. নাজমুল ইসলাম, চিত্রনায়িকা মাহিয়া মাহি, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ এবং মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিকসহ অনেকে। বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন।

post
বাংলাদেশ

সিলেটে গ্যাসক্ষেত্রে তেলের মজুদের সন্ধান, দেশের জন্য ইতিবাচক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেটে গ্যাসক্ষেত্রে তেলের মজুদের সন্ধান, দেশের জন্য ইতিবাচক খবর বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্পদ যথাযথ ব্যবহারের ওপর তাগিদ দিয়েছেন তিনি। সকালে নিজ কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে খনিজ সম্পদের পরিমাণ খুব কম। তাই যতটুকু আছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতো করতে হবে।

post
বাংলাদেশ

নির্বাচনের তফসিল বৈধ,তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।এর আগে, বর্তমানে জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সাত জনকে বিবাদী করা হয়।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে গত ২৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় নোটিশে।ভোটগ্রহণের ৫২ দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। ইসির ঘোষণা অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন হবে। তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয় ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।##

post
বাংলাদেশ

ভারত থেকে আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ

ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।এদিকে দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রয় নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সকল জেলা প্রশাসক নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এই নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এই পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়। এই পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। কীভাবে বিকল্প দেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়ানো যায়, সে চেষ্টা চলছে। একই সঙ্গে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মাঝে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। দেশের সর্বত্র যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রয় নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। দেশের মানুষ কষ্ট পায় এমন কিছু করা ঠিক হবে না- উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

post
বাংলাদেশ

ভোটকক্ষে একসঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। সেই সঙ্গে ভোটকক্ষে একসঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন পরিপত্র-১২ জারির মাধ্যমে এ তথ্য জানায়। ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। এসব ব্যালট বাক্স ছাড়া অন্য কোনো প্রকার বাক্স ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো ভোটকক্ষে একই সময়ে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না। যখন একটি বাক্স ভর্তি হয়ে যাবে তখন বাক্সটি উপস্থিত সবার সামনে সিল করে নিরাপদ স্থানে রাখতে হবে এবং ভোটকক্ষে ওই বাক্সের স্থলে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অন্য একটি স্বচ্ছ ব্যালট বাক্স ভোটগ্রহণের জন্য রাখতে হবে। স্বচ্ছ ব্যালট বাক্সটি এমন স্থানে রাখতে হবে যা উপস্থিত প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট ও ভোটকেন্দ্রে কর্মরত ভোটগ্রহণ কর্মকর্তার দৃষ্টিসীমার মধ্যে থাকে এবং সেখানে ভোটাররা সহজে পৌঁছাতে পারেন।পরিপত্রে ইসি আরও জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৭ এবং ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৮ অনুসারে ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা রয়েছে। কোন কোন শ্রেণির ভোটার ডাকযোগে ভোট দিতে পারবেন এবং কী পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন তা অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এ সম্পর্কে রিটার্নিং অফিসারের করণীয় কী তাও বিশদভাবে উক্ত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

post
বাংলাদেশ

বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না : ওবায়দুল কাদের

বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি, দলটির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, আজ মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার । তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডায় ১৩টি দেশের ৯০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরমধ্যে বাংলাদেশ নেই।তিনি বলেন, গতানুগতিক কর্মসূচি অবরোধ হরতাল এটা বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি। মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার। তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের সোল এজেন্ট।

post
বাংলাদেশ

এসএসসির সূচি চূড়ান্ত হয়নি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১১ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে– এমন একটি রুটিন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময়সূচি শিক্ষা বোর্ড ঘোষিত নয়। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও‌ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন।বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি ছড়িয়ে পড়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সকল বোর্ডের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে।এর আগে সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া রুটিনটি ছড়িয়ে পড়ে। অনেকে ওই রুটিনের ছবি শেয়ার করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিন বা নোটিশ দেখা যায়নি।ছড়িয়ে পড়া ওই রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হবে এ পরীক্ষা।

post
বাংলাদেশ

সিলেটে ১০ নম্বর কূপে ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান

সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে চারটি স্তরে ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া, সেখানকার একটি কূপে জ্বালানি তেলের সন্ধান মিলেছে বলেও জানিয়েছেন তিনি।  রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সিলেট-১০ নম্বর কূপে ২ হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। নিচের স্তরটি ২৫৪০-২৫৫০ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায়। এর ফ্লোয়িং প্রেসার ৩২৫০ পিএসআই। এখানে গ্যাসের মজুতের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট।  তিনি বলেন, ২৪৬০-২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়, এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। ২২৯০-২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় আরও একটি জোন পাওয়া গেছে, যেখানে গত ৮ ডিসেম্বর টেস্ট করে তেলের উপস্থিতি বোঝা গেছে। প্রাথমিকভাবে এর এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়। পরীক্ষা শেষ হলে তেলের মজুত জানা যাবে।

post
বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিন

ভারত, জাপান ও ফিলিস্তিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সেহেলী সাবরীন জানান, ভারত থেকে তিনজন, জাপান থেকে ১৬ জন এবং ফিলিস্তিন থেকে ছয়জনের প্রতিনিধিদল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি। তিনি জানান, সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলটি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এছাড়া ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে পর্যবেক্ষক দল আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরেও আরও কিছু আবেদন রয়েছে।

post
বাংলাদেশ

৩১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে হজের নিবন্ধন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের সময় বাড়ানোর কথা জানায়। আগের নির্ধারিত সময় অনুযায়ী রোববারই হজের নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ হাজার ৯৩৬ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৩৯২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৪৪ জন নিবন্ধন করেছেন। কিন্তু কোটা অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.