গাজীপুরে রেললাইন কাটার ঘটনাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের উদ্দেশ্য হচ্ছে নাশকতার করে নির্বাচনকে বানচাল করা।
সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সব ধরনের নাশকতা মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সজাক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বক্তৃতার শুরুতেই, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। তারা দেশকে ধ্বংসস্তুপে পরিণত করতে চায়।
বিএনপি-জামায়াতের অপরাজনীতির সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, আগুনসন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। জানান ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক পাহারায় মাঠে থাকবে আওয়ামী লীগ।
এছাড়া, জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি আর সমঝোতা হলেও, স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরানোর কোন পথ খোলা নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
